০৩:৩৮ পি.এম
লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনাগুলো বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি একই সঙ্গে সতর্ক করে বলেছেন, হামলা চলতে থাকলে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
মঙ্গলবার (২ জুন) তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। এ সম্পর্কে বার্তা সংস্থা মেহের তথ্য দিয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ।
ফোনালাপে গালিবাফ বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তার ভাষায়, ‘আমাদের জীবন ও আপনাদের জীবন একসূত্রে গাঁথা।’
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
তিনি আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।’ তিনি জানান, গত দুই দিনের মধ্যে লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধের জন্য ইরান গুরুত্বসহকারে কাজ করছে।
এদিকে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে অবস্থান নেব।’
অন্যদিকে নাবিহ বেরি ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংকটময় সময়ে ইরানের ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না।
এ ছাড়া লেবাননের কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা বেড়েছে। এসব হামলার ফলে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এর পাশাপাশি কয়েক লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে এবং তেহরানের অভিযোগ, এ ঘটনায় যুক্তরাষ্ট্রও সহযোগী হিসেবে দায়ী।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন