১১:৩৩ পি.এম
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চারজন কর্মকর্তা-কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে তাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে।
পুলিশে সোপর্দ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, এসব কর্মকর্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, পাঁচ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চারজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁদের বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চারজনকে থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন