১১:৩৫ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশের আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শহরের সাগরদীঘি রোড এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা, নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।" বক্তারা নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা যায়।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুবদল নেতা মাসুক আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, সিন্দুরখান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের চৌধুরী মুরাদ, যুবদল নেতা শাকির আহমেদ, সৈয়দ মুর্শেদ সালেহীন নাবিল, ফখরুল ইসলাম ও জালাল আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, সদস্যসচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব গোলাম সারওয়ার রিমন এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আবুল সামাদ, পৌর কৃষকদলের সদস্যসচিব ইসলামুল হক পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন