ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ঝাঁপ দিয়ে দুই বোনের মৃত্যু


নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ঝাঁপ দিয়ে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে গিয়ে স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫) নামে দুই বোনের মৃত্যু ঘটেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত দুই বোন স্বর্ণা রানী কাহার ও রুপা রানী কাহার কৃষ্ণ কাহারের কন্যা।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এই সময় তার দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে ওয়াশরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে তিনি পাশের দাদার বাড়িতে খোঁজ করতে যান। সেখানে তাদের না পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহদুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা আবু সাঈদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা আবু সাঈদের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আবু সাঈদ জাকারিয়া (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু ঘটে। এই দুর্ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়া খাতুনসহ (২১) মোট চারজন আহত হন।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহত জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চারমাইল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এই আঘাতে সিএনজিচালিত অটোরিকশাটি উলটে যায়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানটিকে জব্দ করেছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে চলন্ত বাসে এক নারী যাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়টি রোববার (২৫ অক্টোবর) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আ. ন. ম. ইলিয়াস ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের আব্দুর রবের ছেলে বাসচালক মো. আলতাফ (২৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. রাব্বি (২১) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মো. চিন্নু মাতাব্বরের ছেলে বাস কন্ডাক্টর সাগর ওরফে সজীব মাতুব্বর (২৪)।

সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে ভুক্তভোগী নারী সাভার যাওয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। যাত্রার সময় অন্যান্য যাত্রীরা নেমে গেলে বাসটি গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর চালক মো. আলতাফ, কন্ডাক্টর সাগর ওরফে সজীব এবং সহযোগী মো. রাব্বি ও নাছিরের সহায়তায় বাসের ভেতর তাঁকে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় আসামিরা ভুক্তভোগীর কানের স্বর্ণের দুল, ব্যবহৃত আইফোন ১৩ প্রোক্স মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

পরদিন ১৫ জানুয়ারি দুপুরে বাসটি টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে ভুক্তভোগী নারী কৌশলে মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে হাইওয়ে পুলিশ বাসসহ দণ্ডিতদের টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় ওই দিনই টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক ভিক্টর ব্যানার্জী তদন্ত শেষে ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকবাজারে চাঁদাবাজির শিকার ব্যবসায়ীরা: নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের প্রতি আলটিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


চকবাজারে চাঁদাবাজির শিকার ব্যবসায়ীরা: নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের প্রতি আলটিমেটাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, পুরান ঢাকার চকবাজারে ব্যাপক চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা চরম নাজেহাল অবস্থায় রয়েছেন। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি এই চাঁদাবাজি ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি হুঁশিয়ারি দেন যে, যদি এসব সংকট ও জনদুর্ভোগের সমাধান করা না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।

এনসিপি রাজধানীজুড়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যস্ফীতি রোধসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

চকবাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চকবাজারের পরিস্থিতি অত্যন্ত নাজুক। এখানকার ব্যবসায়ীরা অব্যাহত চাঁদাবাজির শিকার হয়ে নাজেহাল হচ্ছেন। একই সঙ্গে কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন এ অঞ্চলের তরুণেরা। অতিদ্রুত এসব স্থানীয় সংকটের স্থায়ী সমাধান করতে হবে।’

এনসিপি নেতা সরকারের প্রতি আলটিমেটাম দিয়ে বলেন, ‘বিদ্যমান গ্যাস, পানি, বিদ্যুৎ ও সার সংকটের তাৎক্ষণিক সমাধান করতে হবে বিএনপি সরকারকে। জনদুর্ভোগ লাঘবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকারের পতন ঘটানো হবে।’

গণসংযোগ চলাকালে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং চলমান বৈষম্য ও দ্রব্যমূল্য বৃদ্ধিবিরোধী আন্দোলনের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় মালিক-প্রশাসনের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় মালিক-প্রশাসনের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান ববি হাজ্জাজ

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সভায় ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর ও আদাবর এলাকার গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের নিরাপদ যাতায়াত, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ, এবং কারখানাকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস মালিক, পুলিশ প্রশাসন এবং সংসদ সদস্যের কার্যালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে চারটি টহলযান ব্যবহার করা হবে, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে এবং কারখানার প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি সম্প্রসারণ করা হবে।

এছাড়া, কারখানার নিরাপত্তাঝুঁকি চিহ্নিত করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিল্পমালিকদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনা হয়। সংশ্লিষ্ট অংশীজনদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও এর সম্ভাবনাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%