০৬:৪৯ পি.এম
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে শ্লীলতাহানি এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম (১৮) সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী কবির হোসেন, পারভীন বেগম ও রুবিনা বেগমের সঙ্গে ফাতেমা বেগমের পরিবারের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে কবির হোসেন ফাতেমা বেগমকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও কাঠের লাঠি নিয়ে হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কবির হোসেন দেশীয় দা দিয়ে ফাতেমার শশুর সরব আলীকে আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্তরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে ফাতেমা বেগম, তার ননদ আকলিমা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হলে তারা চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী ফাতেমা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কবির হোসেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে বলেন, আমি লাঠি বা অস্ত্র নিয়ে হামলা করিনি। চাচা ভাতিজার বিষয়। জায়গা জমি নিয়ে যাস্ট কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন