বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪৮ পি.এম
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম আক্রান্ত সন্দেহে তিনশিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯৬৪ জন এবং ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮০ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জনে পৌঁছেছে।
১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে তিনশিশুর মৃত্যু হয়েছে, ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৮৮৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু ঘটেনি এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায় গুলিতে নিহত হয়েছেন নারী লোকসংগীতশিল্পী মাই সোভাই। প্রকাশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় কয়েকজন সশস্ত্র ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মাই সোভাই বুগতি উপজাতির একজন সদস্য ছিলেন। তিনি প্রকাশ্যে লোকসংগীত পরিবেশনের মাধ্যমে নিজ এলাকায় পরিচিতি অর্জন করেছিলেন। বুগতি উপজাতির নারীদের মধ্যে প্রথম সারির লোকসংগীতশিল্পী হিসেবেও তার পরিচিতি ছিল।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেরা বুগতি এলাকায় মাই সোভাইয়ের ওপর আকস্মিক হামলা চালানো হয়। হামলাকারীরা গুলি ছোড়ার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে এই ঘটনার সঙ্গে হামলাকারীদের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, একদল সশস্ত্র ব্যক্তি হামলাটি চালিয়েছে।
হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।
মাই সোভাই কেবল একজন সংগীতশিল্পী ছিলেন না, তিনি বুগতি সমাজের প্রচলিত রীতির বাইরে গিয়ে প্রকাশ্যে গান পরিবেশন করেও আলোচনায় এসেছিলেন। রক্ষণশীল ও উপজাতীয় পরিবেশে নারীদের প্রকাশ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া যেখানে সহজ নয়, সেখানে তিনি নিয়মিত লোকসংগীত পরিবেশন করতেন।
তার হত্যাকাণ্ড বেলুচিস্তানের এসব অঞ্চলে প্রকাশ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত নারীদের সামাজিক বাস্তবতা ও বিভিন্ন চ্যালেঞ্জকে আবারও সামনে নিয়ে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাজ্য সরকারের রপ্তানি ঋণ সংস্থা ‘ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স’ (ইউকেইএফ) জানিয়েছে যে, বাংলাদেশি ক্রেতাদের জন্য যুক্তরাজ্যের পণ্য ও সেবা সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড (প্রায় ৩১ হাজার কোটি টাকা) পর্যন্ত অর্থায়ন সহায়তার সুযোগ রয়েছে।
সংস্থাটি উল্লেখ করেছে যে, বাংলাদেশে পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর উন্নয়ন, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং ভৌত অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এই অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।
আজ ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউকেইএফ চলতি সপ্তাহে সরকারি প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করছে যাতে বাংলাদেশে এই অর্থায়নের সুনির্দিষ্ট সুযোগগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়।
বাংলাদেশে ১০০ কোটি থেকে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সক্ষমতা রয়েছে ইউকেইএফ-এর। এর আওতায় যোগ্য বাংলাদেশি ক্রেতা ও প্রতিষ্ঠানসমূহ যুক্তরাজ্যের পণ্য ও সেবাসংশ্লিষ্ট প্রকল্পের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
যুক্তরাজ্যের সরবরাহকারীদের সম্পৃক্ততা রয়েছে এমন প্রকল্পগুলোর জন্য প্রতিযোগিতামূলক অর্থায়নের সুযোগ তৈরিতে ইউকেইএফ বিভিন্ন ধরনের সুবিধাদি প্রদান করে, যেমন আর্থিক গ্যারান্টি, ঋণ এবং বিমা।
বিশ্বজুড়ে ৬০টিরও বেশি স্থানীয় মুদ্রায় এই সুবিধা প্রদান করা সম্ভব। দীর্ঘমেয়াদি অর্থায়ন কাঠামোর মধ্যে রয়েছে বায়ার ক্রেডিট ফ্যাসিলিটি, স্ট্যান্ডার্ড বায়ার লোন গ্যারান্টি, ডাইরেক্ট লেন্ডিং ফ্যাসিলিটি এবং আর্লি প্রজেক্ট সার্ভিসেস গ্যারান্টি।
যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল বর্তমানে (২ থেকে ৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সফর করছে সম্ভাব্য প্রকল্প ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করার জন্য। সফরের সময় প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার, বিভিন্ন ব্যাংক এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
বাংলাদেশের সার্বিক উন্নয়ন লক্ষ্য অর্জনে যুক্তরাজ্যের আধুনিক প্রযুক্তি, ব্যাংকিং দক্ষতা ও অর্থায়ন কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়গুলো এসব বৈঠকে গুরুত্ব পাচ্ছে।
প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ এশিয়ায় যুক্তরাজ্যের ট্রেড কাউন্সেলর মার্ক বিরেল; ভারত, বাংলাদেশ ও নেপালের জন্য ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের কান্ট্রি হেড সন্দীপ কুদতারকার এবং দক্ষিণ এশিয়ার ট্রেড পলিসি প্রধান রোহিনী আগারওয়াল।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি ও আইসিসি বাংলাদেশের মতো খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছে।
এই আলোচনাগুলোতে ইউকেইএফ-এর অর্থায়ন কীভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর আর্থিক চাহিদা পূরণে সহায়ক হতে পারে এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সাহায্য করতে পারে, তা পর্যালোচনা করা হচ্ছে।
দক্ষিণ এশিয়ায় যুক্তরাজ্যের ট্রেড কাউন্সেলর মার্ক বিরেল মন্তব্য করেছেন, “যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুদৃঢ় ও দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মাধ্যমে আমরা সরকার ও দেশের ব্যবসায়ী নেতাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও মতামত শোনার সুবর্ণ সুযোগ পাচ্ছি।”
তিনি যোগ করেছেন, “একই সঙ্গে যুক্তরাজ্যের বিশ্বমানের প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি ও অর্থায়ন কীভাবে বাংলাদেশে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সহায়তা করতে পারে—আমরা সেই সম্ভাবনাগুলো গভীরভাবে খতিয়ে দেখছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, অসাম্প্রদায়িকতা ও ঐক্যবোধ আমাদের সমাজ ও সংস্কৃতির অন্যতম শক্তি। তিনি জানান, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করে আসছে। সকল ধর্মের মূল বাণী মানবকল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই মানবকল্যাণে নিয়োজিত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আজ বৃহস্পতিবার, শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরোপকারী, দক্ষ রাজনীতিক এবং সমাজ সংস্কারক। তিনি পৃথিবীতে এসেছিলেন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হয়ে। যেখানে অন্যায়-অবিচার, সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়।
শ্রীকৃষ্ণ সর্বদা মানবতা ও সত্যের পথ খুঁজেছেন। তাঁর ভাব ও দর্শন হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত, যা যুগ যুগ ধরে মানুষকে মানবিক, পরোপকারী ও অন্যের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করে আসছে। রাষ্ট্রপতি জানান, বর্তমানে বিশ্বের নানা প্রান্তে ধর্মীয় কারণে মানুষে-মানুষে সংঘাত, হানাহানি ও বিভেদ বাড়ছে। এই সংকট মোকাবেলায় সকলকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
এ ক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানান, পরোপকারের মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য। তিনি আশা প্রকাশ করেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠবে।
রাষ্ট্রপতি আশা করেন, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরো সুদৃঢ় করবে। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে—শুভ জন্মাষ্টমীর এই ক্ষণে এ প্রত্যাশা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে নেপা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) এবং তাঁর স্ত্রী পারভীন খাতুন (১৯)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করার ফলে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তাঁর স্ত্রী পারভীন খাতুনকে আটক করা সম্ভব হয়।
পরে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ