০২:৫৬ পি.এম
মানিকগঞ্জের দৌলতপুরে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার ইউনিয়ন পর্যায়ের নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দৌলতপুর উপজেলা যুবদলের দাপ্তরিক প্যাডে পৃথক চারটি নোটিশ জারি করা হয়। যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান এই নোটিশগুলোর স্বাক্ষর করেন। নোটিশগুলোতে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত নেতারা সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত।
শোকজপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন- খলসী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মিয়া, বাচামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা এবং চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মোল্লা।
আরও পড়ুন: হেফাজতে ইসলামের দাবি, ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ
নোটিশে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নোটিশ পাওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহ্উদ্দিন সেলিম ও সদস্য সচিব মো. আব্দুস সালামের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা দাখিল করা ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ১৩ নভেম্বর যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন