০১:০৯ এম
জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে অংশগ্রহণের জন্য জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
এই সেমিনারটি বুধবার (২১ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি, জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এস এম নুরুজ্জামানের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরব থেকেই আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা
এ বছর বাংলাদেশ থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক বিমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত মান উন্নয়নের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছে।
এস এম নুরুজ্জামান বাংলাদেশের বিমা শিল্পে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবন শুরু করেন।
এরপর তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সফলতার সাথে কাজ করেন।
২০১৩ সালের নভেম্বরে তিনি জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেন। নিজের মেধা, দক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি
পেশাগত দায়িত্বের পাশাপাশি, তিনি দেশের বিমা খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক প্রয়োজনে, তিনি ইতিপূর্বে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
জাপানের এই সেমিনারে তার অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ এবং দেশের সামগ্রিক বিমা খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে।
আরও পড়ুন: মোদি: ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন