ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করলো ন্যাটোর যুদ্ধবিমান


রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করলো ন্যাটোর যুদ্ধবিমান

রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান।

চলতি বছরে এটি চতুর্থবারের মতো রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী কোনও ড্রোনকে ভূপাতিত করা হলো।

রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

মন্ত্রণালয় জানায়, ন্যাটোর বিমান নজরদারি ও নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা স্পেনের এফ-১৮ যুদ্ধবিমানের পাইলট রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা ড্রোনটির সঙ্গে রাডারে যোগাযোগ স্থাপন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেটিকে ধ্বংস করার অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দেয়নি রোমানিয়া। দেশটির রাডারে দেখা যায়, ড্রোনটি প্রতিবেশী মলদোভা থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় ২৪ কিলোমিটার উত্তরের এলাকাটি দিয়ে দেশে ঢোকে।

রাশিয়ার ড্রোন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনের সঙ্গে ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত ভাগ করে নিয়েছে রোমানিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির আকাশসীমায় একাধিকবার রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট

বিশেষ করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রোমানিয়ার সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। পাশাপাশি কৃষ্ণসাগরে ভাসমান মাইনও রোমানিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হওয়ায় ওই অঞ্চলে এ ধরনের ঘটনায় নৌ ও বাণিজ্যিক চলাচলও ঝুঁকির মুখে পড়ছে।

রবিবারের ঘটনায় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটির সম্ভাব্য উৎস সম্পর্কে কোনও মন্তব্য না করায় এটি রাশিয়ার ড্রোন ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

চলতি বছর চতুর্থ ড্রোন ভূপাতিত হওয়া কোন নতুন ঘটনা নয়। তবে চলতি বছর দেশটির আকাশসীমা রক্ষায় সরাসরি ড্রোন ভূপাতিত করার ঘটনা বাড়ছে।

এর আগে জুলাই মাসে, রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর চার বছরেরও বেশি সময়ে এ ধরনের বহু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কিন্তু জুলাইয়ের ঘটনাটিই রোমানিয়ার পক্ষ থেকে রুশ ড্রোন ভূপাতিত করার প্রথম নজির।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

সাম্প্রতিক ঘটনাটি সেই ধারাবাহিকতায় চলতি বছরের চতুর্থ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা।

গালাতিতে ড্রোন বিধ্বস্ত হওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের ওপর রাতভর রুশ হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দু’জন আহত হন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় রুশ ড্রোন হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার অঞ্চলগুলোতে সতর্কতা জারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ন্যাটো সদস্য হিসেবে রোমানিয়া জোটের বিমান নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আকাশসীমায় ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের যুদ্ধবিমান নিয়মিত টহল দেওয়া হয়ে থাকে। সর্বশেষ ঘটনাতেও স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেই ন্যাটো বিমান টহল মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের সর্বশেষ ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশটির সীমান্ত পেরিয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় কতটা চাপ তৈরি করছে, তা আবারও সামনে এনে দিয়েছে। সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করার আয়োজন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়, যা গাংনী শহর প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।

আলোচনা সভার শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কড়া বার্তা আলবার্টার প্রিমিয়ারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


কানাডায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কড়া বার্তা আলবার্টার প্রিমিয়ারের

কানাডায় স্টুডেন্ট ভিসা মূলত একটি অস্থায়ী অনুমতিপত্র হিসেবে কাজ করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি বিদেশি শিক্ষার্থীর কাছে স্থায়ীভাবে বসবাসের (পিআর) বৈধ অনুমতি না থাকে, তাহলে তাকে দেশে ফিরতে হবে, জানালেন কানাডার আলবার্টা প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি এই তথ্য জানান। প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বললেন, কানাডায় পড়াশোনার উদ্দেশ্যে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া স্টুডেন্ট ভিসা সবসময় একটি সাময়িক নথি হিসেবে গণ্য হয়েছে। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবন শেষ করে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিয়ে দেশে ফিরে যাবেন—এটাই ভিসা নীতির মূল লক্ষ্য।

সম্প্রতি কানাডার পোর্টাজ কলেজের আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) না পাওয়ার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে আলবার্টার প্রিমিয়ার বলেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় স্থায়ীভাবে থাকবার সুযোগ নিয়ে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়ে থাকতে পারে।

কিছু অসাধু চক্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে ভুয়া বা নিম্নমানের ‘ডিপ্লোমা মিল’ পরিচালনা করেছে, যদিও স্মিথ পোর্টাজ কলেজকে এরকম একটি প্রতিষ্ঠান বলতে নারাজ। তিনি বলেন, কানাডার অভিবাসন ব্যবস্থায় স্পষ্ট ও নির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বা স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত হয় না—আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বাস্তবতা বুঝতে হবে।

একই সুরে কানাডার কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা প্রদান করেছে। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোর্সে ভর্তি হওয়ার আগে ছাত্রদের ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে যে, ওই প্রোগ্রামের আওতায় পড়াশোনা শেষে কাজের অনুমতি (পিজিডব্লিউপি) পাওয়া যাবে কি না। স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়া ভুয়া ব্যক্তি বা পরামর্শক প্রতিষ্ঠান সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হামে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


সিলেটে হামে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৯

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছে আরও ১২৯ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৬ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের ৯৭৫ জনের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছে। হবিগঞ্জের শনাক্ত দুইজনের ক্ষেত্রে রুবেলা রোগও রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি আছে ৩০৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম তুহা। শিশুটির বয়স ৪ বছর ২৫ দিন। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালাল গ্রামের বাসিন্দা। শিশুটির মৃত্যু ঘটেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাব অনুসারে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু ঘটেছে। ফলে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৩৬ জনে দাঁড়িয়েছে।

অর্থাৎ, ১৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৭৫ জন হলেও সন্দেহজনক রোগীসহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩০৯ জন। নতুন শনাক্ত ও হাসপাতালে ভর্তির ধারাবাহিকতা এবং মৃত্যুর সংখ্যা বিবেচনায় হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুসারে, সুনামগঞ্জে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি—৩৫৭ জন। অন্যদিকে সিলেটে ৩১১ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ৫ সেনাকে বন্যায় ভাসিয়ে নিলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


ভারতের ৫ সেনাকে বন্যায় ভাসিয়ে নিলো

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ঘটে যাওয়া আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ হয়ে গেছেন। একই সময়ে সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেছে। নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা।

অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি) শনিবার (১৫ আগস্ট) ৫ সেনাসদস্য নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে। তারা জানায়, দিবাং ভ্যালিতে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাসু পানিতে আকস্মিক বন্যা আঘাত হানে। মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের ওই এলাকায় পানির বিশাল স্রোত নেমে আসলে আশপাশের এলাকা প্লাবিত হয়ে যায়।

এদিকে, পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান যে, পাসু পানি আর্মি ক্যাম্পে ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গেলে সাত সেনা সদস্য পানির স্রোতে আটকা পড়ে যান। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জেলার ডিডিএমওর সদস্যরা বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযানে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%