০৪:৩৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল রবিবার (২৮ জুন)। রায়ের এই কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ।
শনিবার (২৭ জুন) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত ১৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য ওই দিন ধার্য করেন।
জানা গেছে, ট্রাইব্যুনালে মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। প্রথমে আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন যে, এই ঘটনার সঙ্গে তার মক্কেলের কোন সম্পৃক্ততা নেই। তবে প্রসিকিউশনের পক্ষে মামলার পাঁচ আসামির জন্য সর্বোচ্চ শাস্তি চান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। উল্লেখ্য, গত ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও আনেন। চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম ধাপে সাক্ষ্য দেন এই আসামি।
এ মামলায় চঞ্চল ছাড়া পলাতক অন্যান্য আসামিরা হলেন– ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া, গত ৪ মার্চ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু নতুন করে ডিজিটাল অ্যাভিডেন্স জমা দেওয়ার আবেদন করে প্রসিকিউশন। ফলে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।
২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে গাজী মাওলানা আতাউর রহমান নিযুক্ত হয়েছেন। সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে এবার দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
শনিবার, ২৭ জুন, রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্টে আইএবির মজলিসে শুরার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে গাজী আতাউরকে মহাসচিব পদে দায়িত্ব প্রদান করা হয়। অধিবেশনে পূর্বের কমিটি মেয়াদের আগেই ভেঙে দেওয়া হয়েছে এবং শীর্ষস্থানীয় পদগুলোতে কিছু রদবদল আনা হয়েছে।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে কিছু সাংগঠনিক দুর্বলতা উঠে এসেছে, যার মধ্যে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাই, এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটির নেতৃত্বে কিছু পরিবর্তন আনা হয়েছে।
গাজী আতাউর এর আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যক্ষ ইউনুছ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্বে ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থানের পর ভিসা স্থগিত থাকার দীর্ঘ প্রায় দুই বছর পার হয়ে গেছে। অবশেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা করেছেন যে, ভারত আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। এই ঘোষণায় কলকাতার 'মিনি বাংলাদেশ' খ্যাত এলাকায়, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ এবং দোকান মালিকদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। তারা গত দুই বছর ধরে চরম ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, মারকুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ও কলিন লেন এলাকায় প্রায় ৩৫০টি হোটেল জন্য এই সিদ্ধান্তকে একটি 'লাইফলাইন' (জীবনরেখা) হিসেবে দেখা হচ্ছে। এই অঞ্চলে হোটেলের রুম বুকিং এবং গড় ভাড়া—উভয়ই প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল। হোটেলগুলোর পাশাপাশি রেস্তোরাঁ, মানি চেঞ্জার (বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী), পরিবহন ব্যবসায়ী, পোশাকের দোকান এবং নিউ মার্কেটের প্রায় ৩,০০০ দোকানি এখন ব্যবসা ঘুরে দাঁড়ানোর জন্য প্রত্যাশিত। ব্যবসায়ীরা জানিয়েছেন, নিউ মার্কেটে প্রতিদিনের ব্যবসা যেখানে আগে প্রায় ৫০০ কোটি রুপি ছিল, তা কমে মাত্র ৫০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।
ক্যালকাটা হোটেলস, গেস্ট হাউসেস অ্যান্ড রেস্টুরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হরমিত সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এই ঘোষণা মধ্য কলকাতার বাণিজ্যিক এলাকার পুরো পরিবেশ বদলে দিয়েছে, যা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
"এই সেন্ট্রাল কলকাতা এলাকার পুরো বেল্টটিই সিংহভাগ বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে। হোটেলগুলোতে রুম বুকিং এবং গড় ভাড়া দুটোই ৫০% কমে গিয়েছিল। আগে যেখানে গড় ভাড়া ছিল প্রায় ২,০০০ টাকা, তা নেমে এসেছে ৯০০ থেকে ১,০০০ টাকায়। কিছু হোটেল ও রেস্তোরাঁ বন্ধও হয়ে গেছে। ফরেন এক্সচেঞ্জ দোকান, পরিবহন ব্যবসায়ী, পোশাকের দোকান—সবাই এখন বাংলাদেশি পর্যটকদের আগমনের অপেক্ষায় দিন গুনছেন," বলেন হরমিত সিং।
তবে ব্যবসায়ী মালিকরা এখনো কিছুটা সতর্কতার সঙ্গে রয়েছেন। তারা জানিয়েছেন, এর আগে একবার গুঞ্জন উঠেছিল যে মে মাসের ৬ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে, কিন্তু শেষপর্যন্ত তা কার্যকর হয়নি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ শেঠি বলেন, "মানুষ এখন বুক বেঁধে অপেক্ষা করছে। একবার ভিসা দেওয়া শুরু হলে, হোটেল মালিকরা বন্ধ থাকা রুমগুলো আবার খোলার কাজে ব্যস্ত হয়ে উঠবেন এবং দোকানদাররাও নতুন পণ্য তুলতে শুরু করবেন।"
হোটেল মালিকরা জানান, বাংলাদেশি পর্যটকরা ফিরে এলে শুধু যে রুম বুকিং বাড়বে তা-ই নয়, ভাড়াও আগের জায়গায় ফিরবে। ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক পর্যটকরা সাধারণত ১-২ দিন থাকেন, পক্ষান্তরে বাংলাদেশি দর্শনার্থীরা সাধারণত কলকাতায় অন্তত এক সপ্তাহ কাটান।
নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গড়ে ওঠা সহিংস পরিস্থিতির কারণে ভারত ভিসা স্থগিত করায় তাদের ব্যবসা ৭০%-এরও বেশি ধসে পড়ে।
এসএস হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক গুপ্ত বলেছেন, "নিউ মার্কেটের প্রায় ৩,০০০ দোকান গত দুটি বছর কোনোমতে টিকে আছে। এর আগে, এখানকার ব্যবসার প্রায় ৭০-৭৫% আসত বাংলাদেশি পর্যটকদের হাত ধরে।"
চকোলেট, ড্রাই ফ্রুটস এবং প্রসাধনী বিক্রেতা মোহাম্মদ মুস্তফা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, দু-তিন বছর আগে তারা দিনে যে পরিমাণ বিক্রি করতেন, বর্তমানে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পুরো একটি মাস লেগে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো নিখুঁত কোনো ফিনিশিংয়ে যেকোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। ভিতিনিয়া চোখধাঁধানো কোনো পাসে লড়াইয়ের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে, কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো এই দুই খেলোয়াড়কে নিয়ে একটু বেশিই সতর্ক।
প্রথম দুই ম্যাচ জিতে কলম্বিয়া ইতোমধ্যে বিশ্বকাপের পরবর্তী ধাপে খেলা নিশ্চিত করেছে। নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা পর্তুগাল এখন ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নকআউট পর্বে খেলার টিকেটও পেয়েছে তারা।
গ্রুপে সেরা হতে, পর্তুগিজদের এই ম্যাচে জিততে হবে। অন্যদিকে, ড্র হলে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে খেলবে।
এইবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি হলো পর্তুগাল, তাদের বিপক্ষে কঠিন লড়াই হবে বলে মনে করছেন কলম্বিয়ার কোচ লরেন্সো। তিনি জানান, নিজেদের ঘরানার ফুটবল খেলেই চ্যালেঞ্জ উৎরাতে চান।
তিনি বলেন, ‘আমাদের খেলার শৈলী এবং ফুটবলীয় পরিচয় ধরে রাখার চেষ্টা করব। তবে নিঃসন্দেহে, পর্তুগালের অন্যান্য বৈশিষ্ট্য ও শক্তির জায়গাগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তারা খুবই সুশৃঙ্খল ও গোছানো একটি দল। তাদের কোচ ও ফুটবলাররা বিশ্ব ফুটবলে অভিজাত পর্যায়ে, আর সেটা তাদের খেলাতেই ফুটে ওঠে।’
লরেন্সো টুর্নামেন্টের আরও পরের দিকে পর্তুগালের মতো মানসম্পন্ন দলের মুখোমুখি হতে পারলে তিনি বেশি খুশি হতেন। কিন্তু ড্রয়ের পর থেকেই এই প্রতিপক্ষকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন তিনি। এ সময় পর্তুগিজ মহাতারকা রোনালদো ও প্লেমেকার ভিতিনিয়ার প্রশংসা করেন কলম্বিয়ার কোচ।
তিনি বলেন, ‘ভিতিনিয়া ও রোনালদো, দুজনই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। একজন দলকে গুছিয়ে রাখা এবং আক্রমণের সুর বেঁধে দেওয়ার দিক থেকে অনন্য, আর অন্যজন ফিনিশিংয়ের ক্ষেত্রে। তাই তাদেরকে ফাঁকায় রাখা কিংবা অবহেলা করা যাবে না। আশা করি, আগামীকাল আমাদের দলীয় সমন্বয়টা চমৎকারভাবে কাজ করবে। ভিতিনিয়া যেভাবে খেলা শুরু করে ও দলকে টেনে নিয়ে যায়, তা রুখতে এবং রোনালদোর ফিনিশিংয়ে দক্ষতা- যা বিশেষ মনোযোগ দাবি করে, সেটাকে সামলাতে আগামীকাল আমাদের বিশেষ খেলায় সুশৃঙ্খলা প্রয়োজন।’
২০১৮ সালের আসরে শেষ ষোলোতে খেলা কলম্বিয়া গত বিশ্বকাপে খেলতে পারেনি বাছাই উৎরাতে না পারার কারণে। এখন বিশ্ব মঞ্চে ফিরে আবারও নকআউটে জায়গা করে নিয়ে স্বাভাবিকভাবে খুশি দলটি। তাদের এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ