০৪:৪৮ পি.এম
ক্রিশ্চিয়ানো রোনালদো নিখুঁত কোনো ফিনিশিংয়ে যেকোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। ভিতিনিয়া চোখধাঁধানো কোনো পাসে লড়াইয়ের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে, কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো এই দুই খেলোয়াড়কে নিয়ে একটু বেশিই সতর্ক।
প্রথম দুই ম্যাচ জিতে কলম্বিয়া ইতোমধ্যে বিশ্বকাপের পরবর্তী ধাপে খেলা নিশ্চিত করেছে। নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা পর্তুগাল এখন ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নকআউট পর্বে খেলার টিকেটও পেয়েছে তারা।
গ্রুপে সেরা হতে, পর্তুগিজদের এই ম্যাচে জিততে হবে। অন্যদিকে, ড্র হলে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে খেলবে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এইবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি হলো পর্তুগাল, তাদের বিপক্ষে কঠিন লড়াই হবে বলে মনে করছেন কলম্বিয়ার কোচ লরেন্সো। তিনি জানান, নিজেদের ঘরানার ফুটবল খেলেই চ্যালেঞ্জ উৎরাতে চান।
তিনি বলেন, ‘আমাদের খেলার শৈলী এবং ফুটবলীয় পরিচয় ধরে রাখার চেষ্টা করব। তবে নিঃসন্দেহে, পর্তুগালের অন্যান্য বৈশিষ্ট্য ও শক্তির জায়গাগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তারা খুবই সুশৃঙ্খল ও গোছানো একটি দল। তাদের কোচ ও ফুটবলাররা বিশ্ব ফুটবলে অভিজাত পর্যায়ে, আর সেটা তাদের খেলাতেই ফুটে ওঠে।’
লরেন্সো টুর্নামেন্টের আরও পরের দিকে পর্তুগালের মতো মানসম্পন্ন দলের মুখোমুখি হতে পারলে তিনি বেশি খুশি হতেন। কিন্তু ড্রয়ের পর থেকেই এই প্রতিপক্ষকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন তিনি। এ সময় পর্তুগিজ মহাতারকা রোনালদো ও প্লেমেকার ভিতিনিয়ার প্রশংসা করেন কলম্বিয়ার কোচ।
তিনি বলেন, ‘ভিতিনিয়া ও রোনালদো, দুজনই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। একজন দলকে গুছিয়ে রাখা এবং আক্রমণের সুর বেঁধে দেওয়ার দিক থেকে অনন্য, আর অন্যজন ফিনিশিংয়ের ক্ষেত্রে। তাই তাদেরকে ফাঁকায় রাখা কিংবা অবহেলা করা যাবে না। আশা করি, আগামীকাল আমাদের দলীয় সমন্বয়টা চমৎকারভাবে কাজ করবে। ভিতিনিয়া যেভাবে খেলা শুরু করে ও দলকে টেনে নিয়ে যায়, তা রুখতে এবং রোনালদোর ফিনিশিংয়ে দক্ষতা- যা বিশেষ মনোযোগ দাবি করে, সেটাকে সামলাতে আগামীকাল আমাদের বিশেষ খেলায় সুশৃঙ্খলা প্রয়োজন।’
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
২০১৮ সালের আসরে শেষ ষোলোতে খেলা কলম্বিয়া গত বিশ্বকাপে খেলতে পারেনি বাছাই উৎরাতে না পারার কারণে। এখন বিশ্ব মঞ্চে ফিরে আবারও নকআউটে জায়গা করে নিয়ে স্বাভাবিকভাবে খুশি দলটি। তাদের এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন