বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৫ পি.এম
অক্টোবরে মুক্তির ঘোষণা থাকলেও, শেষ পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী প্রেক্ষাগৃহে আসছে না রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’। নির্মাতার পক্ষ থেকে সম্পাদনাজনিত কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, ‘আন্ধার’ আগামী বছর ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।
এর আগে একটি টিজার প্রকাশ করে অক্টোবরে সিনেমাটির মুক্তির কথা জানানো হয়েছিল। কিন্তু পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হলো।
মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ সম্পর্কে নির্মাতা জানিয়েছেন। তার বক্তব্য, "চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব।" তবে তিনি বলেন, এতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। সিনেমার ক্ষেত্রে এমন কোনো ছাড় দিতে চান না তিনি।
রায়হান রাফী বলেন, "চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সে ক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করব।"
২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এছাড়াও রয়েছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল হাইজ্যাকের খবরের কারণে। তবে পরে জানা যায়, বিমানটি ছিনতাই হয়নি, বরং ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি ঘটেছিল। এই ঝামেলার ফলস্বরূপ, দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট তেল আবিবে না গিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
বুধবার ভোরে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইদুবাইয়ের বিমানটি তেল আবিবের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। কিছুক্ষণ পর, ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত একটি কোডও পাঠানো হয়। এই ঘটনার পর, ইসরায়েলি বিমানবাহিনী কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক করেন।
পরে আবার সাধারণ জরুরি সংকেত দেওয়া হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানটি ছিনতাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে না। বিমানটির যাত্রীরা জানান, বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করলে তারা ভয় পেয়ে যান।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, পাইলট ও সহপাইলটের মধ্যে ঝামেলার কারণে জরুরি সংকেত দেওয়া হয়েছিল। এফজেড১০৭৩ ফ্লাইটটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক। বিমানটির গন্তব্য ছিল তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দর। তবে শেষ পর্যন্ত এটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ফ্লাইটটি যাত্রাপথে একটি ঘটনার মুখোমুখি হয়েছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। তিনি বলেন, ‘আমাদের দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি সৌদি আরবের আকাশসীমায় দ্রুত নিচে নামতে শুরু করে। মাত্র দুই মিনিটের মধ্যে এটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে বিমানটি কিছু সময়ের জন্য জর্দানের আকাশসীমায় প্রবেশ করে। কয়েক মিনিট পর সেটি আবার ঘুরে সৌদি আরবের দিকে ফিরে আসে এবং অবতরণের জন্য নিচে নামতে শুরু করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উদ্দেশ্যে এবং চলমান সংঘাতের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরান কর্তৃক প্রদত্ত প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্র প্রদান করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ওই প্রস্তাবে কী রয়েছে, সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি।
মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি ইউরোপীয় এবং উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে প্রদত্ত ইরানের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ নগরীকে আরও নান্দনিক, সৃজনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কবি, শিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ নগরী নিয়ে আগামীর ভাবনা, সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম এবং নগর উন্নয়নে সৃজনশীল অঙ্গনের ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরীর ইতিবাচক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।আলোচনায় অংশ নেন
লেখক, এডভোকেট সালাউদ্দিন পাঠান কবি শামসুল ফয়েজ,কবি শরৎ সেলিম এবং তরুন কনটেন্ট ক্রিয়েটরগণ ।
পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে সম্পৃক্ত করে একটি নান্দনিক ও মানবিক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় ময়মনসিংহ নগরীর সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে আসে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে, যা ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রযোজ্য। স্বাধীন কমিশনের তদন্তে এটি প্রমাণিত হয়েছে যে, ক্লাবটি ভুয়া চুক্তি ও কৃত্রিম আয় দেখিয়ে প্রায় ৯০০ মিলিয়ন পাউন্ড (১.২ বিলিয়ন পাউন্ড) বাড়তি রাজস্ব দেখিয়েছে।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ বিষয়টি একটি বিবৃতিতে জানিয়েছে।
তদন্ত ও অভিযোগ
২০২৩ সালের ফেব্রুয়ারিতে চার বছরের তদন্ত শেষে সিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কমিশন জানিয়েছে, স্পন্সর কোম্পানিগুলো আংশিক অর্থ প্রদান করলেও বাকি অর্থ আসত আবুধাবি ইউনাইটেড গ্রুপ থেকে, যারা ক্লাবের মালিক। খরচও কৃত্রিমভাবে কম দেখানো হয়েছিল।
তদন্তের সময় আরও উঠে এসেছে যে, সিটি প্রিমিয়ার লিগের তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।
প্রতিক্রিয়া ও আপিল
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স মন্তব্য করেছেন, “প্রায় এক দশক ধরে নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কী শাস্তি দেওয়া হবে।”
সিটি তাদের অবস্থান জানিয়ে বলেছে যে, তারা আপিল করবে, “আমরা নির্দোষ। প্রিমিয়ার লিগের মতামতে আইন ও তথ্যগত ভুল রয়েছে।”
সম্ভাব্য শাস্তি
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী শাস্তি হতে পারে জরিমানা, পয়েন্ট কাটা বা এমনকি লিগ থেকে বহিষ্কার।
এভারটন ও নটিংহ্যাম ফরেস্টকে ২০২৩-২৪ মৌসুমে একক ভঙ্গের জন্য পয়েন্ট কাটা হয়েছিল।
এক্ষেত্রে শতাধিক অভিযোগে দোষী সিটি অবনমনের মুখে পড়তে পারে।
প্রতিক্রিয়া
সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন বলেছেন, “এটি অবিশ্বাস্যভাবে গুরুতর অপরাধ। শুধু আর্থিক জরিমানা নয়, শাস্তি আরও কঠোর হতে হবে। আপিল ব্যর্থ হলে সিটিকে লিগে রাখা যাবে না।”
যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া সচিব লিসা ন্যান্ডি মন্তব্য করেছেন, “প্রিমিয়ার লিগের রিপোর্ট অত্যন্ত গুরুতর ও স্পষ্ট।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ