শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩০ পি.এম
নীলফামারী সদরে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মোনাব শাহ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনাব শাহ ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল মোনাব। রাতের কোনো এক সময় বিছানায় বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পাওয়ার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও বিষক্রিয়া ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় প্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুনিয়র মেন’স হকি এশিয়া কাপের সূচনা হার দিয়ে করল। আজ তিনজিয়ানে পুল ‘বি’ এর ম্যাচে চীনের বিরুদ্ধে ৩-২ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।প্রথম কোয়ার্টারে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই চালায়। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে চীন এগিয়ে গেলেও প্রথম কোয়ার্টারটি সমতায় শেষ করে বাংলাদেশ। মোহাম্মদ ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ সমতায় ফেরে।দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ লিড নেয়। শেষের দিকে সতীর্থের নিখুঁত পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন মাহাদী হাসান। তৃতীয় কোয়ার্টারের ৪৪তম মিনিটে কুই ওয়েনজুয়ান পেনাল্টি কর্নার থেকে চীনকে সমতায় ফেরায়।ম্যাচটি ২-২ ড্রতেই শেষ হতে পারত। কিন্তু চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের খেলায় কিছু পরিবর্তন ঘটে। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল পোস্টের কাছে পান সুন জিনগ্রান। তবে চীনের খেলোয়াড় ফ্লিকে জালে খুঁজে নেওয়ার আগে বক্সে থাকা গোলকিপারসহ বাকিরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর ফলে বাংলাদেশ ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ মালয়েশিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাদারীপুর শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সাজসজ্জা ও ধর্মীয় আবহে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত ১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তিনি যে জনবান্ধব কর্মসূচিগুলো হাতে নিয়েছেন, নির্বাচন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই সেগুলোর বাস্তবায়ন শুরু করেছেন। সকল ধর্মের মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরাও সেভাবেই কাজ করছি।”
তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ডের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা ধর্মীয়, সামাজিক কিংবা সুখে-দুঃখে যেকোনো প্রয়োজনে আমাকে নিজেদের একজন মনে করে ডাকবেন। আমি আপনাদের পাশে থাকব।”
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে কালীবাড়ি মন্দির ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তায় দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’। জেলার ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়িকে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সুইট ফেস্টিভাল ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি জেলার গর্ব। টাঙ্গাইলের মিষ্টি ও তাঁতের শাড়ির ঐতিহ্যকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী, কারিগর ও তাঁতশিল্পীরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
বিশেষ অতিথি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলে প্রথমবারের মতো এ ধরনের মিষ্টি উৎসবের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি জেলার বিখ্যাত তাঁতের শাড়িকেও এ উৎসবের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা যায়, ১২টি উপজেলা থেকে ২১টি মিষ্টির স্টল এবং ২টি তাঁতের শাড়ির স্টল এ উৎসবে অংশ নিয়েছে। স্টলগুলোতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
উৎসবকে ঘিরে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন বয়সী দর্শনার্থী উৎসবে এসে ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন।
আয়োজকদের আশা সুইট , ফেস্টিভাল‘ ২০২৬ এর মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ির পরিচিতি আরও বিস্তৃত হবে এবং স্থানীয় উদ্যোক্তা ও কারিগরদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, বহিরাগতদের দৌরাত্ম্য ও সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এবার অফিসটির নায়েব লতিফকে শোকজ করা হয়েছে।
সম্প্রতি পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য এবং সরকারি কার্যক্রমে বহিরাগত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে সোহেল ও রানা নামে দুই ব্যক্তির নিয়মিত অফিসে অবস্থান এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।
অভিযোগ রয়েছে, জমির নামজারি (খারিজ)সহ বিভিন্ন ভূমিসেবা করে দেওয়ার কথা বলে সেবাগ্রহীতাদের সঙ্গে ওই ব্যক্তিরা যোগাযোগ করতেন। এ ঘটনায় এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, খারিজ করে দেওয়ার কথা বলে সোহেল নামের এক ব্যক্তি তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী নন।
এছাড়া সরেজমিনে অনুসন্ধানের সময় সরকারি অফিসের কম্পিউটারে বহিরাগত ব্যক্তিকে বসে ভূমি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে সরকারি অফিসের নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং ভূমিসেবা কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে।
এর আগে পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লতিফের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সোহেল ও রানা কম্পিউটারে বসে থাকেন, তবে তারা কোনো কাজ করেন না।
অন্যদিকে, সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছিলেন, সরকারি চেয়ারে কোনো বেসরকারি ব্যক্তি বসতে পারেন না এবং সরকারি অফিসিয়াল কম্পিউটারও কোনো বেসরকারি ব্যক্তি ব্যবহার করতে পারেন না।
সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লতিফকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি ভূমি অফিসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দালালচক্রের কবলে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বহিরাগতদের সরকারি দাপ্তরিক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।
অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ