শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাগলপুর দক্ষিণপুকুর গ্রামের গাদাযুক্ত ও চলাচলের অযোগ্য কাঁচা রাস্তাটি নিজ উদ্যোগে ইট ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন আসন্ন রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোঃ ইসমাইল হোসেন।
গতকাল (১০ সেপ্টেম্বর) তিনি সরজমিনে উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে এ সংস্কার কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও কর্দমাক্ত এই পথটি দিয়ে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তার এ বেহাল দশা দূর করতে ইসমাইল হোসেন ব্যক্তিগত উদ্যোগে ইট এনে রাস্তাটিতে ছড়িয়ে দেন, যার ফলে রাস্তাটি পুনরায় সচল ও সুগম হয়।
এ বিষয়ে মোঃ ইসমাইল হোসেন জানান, দল, মত, ধর্ম কিংবা বর্ণ নির্বিশেষে গণমানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। অবহেলিত এলাকাবাসীর দৈনন্দিন জীবনের কষ্ট লাঘব করতেই তিনি ধারাবাহিকভাবে এ ধরণের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।
রাস্তা সংস্কারের পর স্থানীয় এলাকাবাসী ইসমাইল হোসেনের এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন। দুর্ভোগ নিরসনে তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী আগামী নির্বাচনেও তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে ২ জনই চট্রগ্রাম বিভাগের। এরমধ্যে একজন চট্রগ্রাম ও অন্যজন নোয়াখালীর। আর একজন শিশুর ঢাকায় মৃত্যু হয়েছে।
হালনাগাদ প্রতিবেদন আরও বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে।
এছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তবে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পিএস পরিচয় দিয়ে জালিয়াতির চেষ্টা করা এক ব্যক্তিকে আটক করেছেন। আটক হওয়া মাসুদুর রহমান (৩৪) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে গত দুই দিন ধরে একটি ফাইলে স্বাক্ষরের জন্য এক প্রশাসনিক কর্মকর্তাকে চাপ দিয়ে আসছিল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আনসার সদস্যরা তাকে আটক করেন। বাহিনীটির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসুদুর রহমান ওই কর্মকর্তার পিএসকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’
এ ঘটনার সময় সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন এবং তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মুখোমুখি হন। তার পরিচয় ও সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কথাবার্তায় অসঙ্গতি ও প্রতারণার প্রমাণ মেলে। পরে আনসার সদস্যরা তাকে আটক করে বনানী থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রতারককে তাদের নিকট হস্তান্তর করা হয়। আনসার বাহিনীর পিসি মোঃ সাহাবউদ্দীনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ফলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা প্রদান করেন।
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ