ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘রাফি নেই, তবে স্মৃতি অমলিন’ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


‘রাফি নেই, তবে স্মৃতি অমলিন’ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

একটি সড়ক দুর্ঘটনা থামিয়ে দিয়েছিল এক তরুণের জীবনযাত্রা। প্রিয় মানুষটিকে হারানোর সেই বেদনা আজও সহ্য করছেন পরিবার, স্বজন এবং এলাকাবাসী। সময় পেরিয়ে গেলেও সাইদুজ্জামান রাফির স্মৃতি যেন তাদের কাছে এখনো জীবন্ত রয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত এই যুবকের স্মরণে শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুরের কচুয়া উপজেলার চাংপুর গ্রামে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে রাফির আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে পরিবারের সদস্য ও স্বজনরা রাফির কবর জিয়ারত করেন। এরপর শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মোনাজাতে রাফির রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এ সময় মরহুমের বাবা জাকির হোসেন, শিক্ষানুরাগী মোহাম্মদ রমিজ উদ্দিন, আবদুল লতিফ মাস্টার, আবদুল কুদ্দুস খান, জুলহাস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

রাফির স্বজনদের কাছে তার চলে যাওয়া শুধুমাত্র একজন মানুষকে হারানো নয়; এটি একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা ও প্রত্যাশার আকস্মিক থেমে যাওয়া। তার স্মৃতিকে ঘিরে এখনো পরিবার ও এলাকাবাসীর মনে রয়েছে নানা স্মৃতি। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত অনেকের চোখেমুখেও ফুটে ওঠে প্রিয় মানুষটিকে হারানোর সেই বেদনা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর উপজেলার সাচার বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাইদুজ্জামান রাফি। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া।

দুই বছর পেরিয়ে গেলেও রাফিকে ভুলতে পারেনি তার পরিবার ও স্বজনরা। তাই তার স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল হয়ে উঠেছে ভালোবাসা, স্মৃতি আর প্রিয়জনকে হারানোর বেদনার এক আবেগঘন মিলনমেলা।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোকে সব নথি প্রকাশ করতে হবে: ইংলিশ এফএ চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ইনফান্তিনোকে সব নথি প্রকাশ করতে হবে: ইংলিশ এফএ চেয়ারম্যান

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ও ফিফা ভাইস-প্রেসিডেন্ট ডেবি হিউইট ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আহ্বান জানিয়েছেন যে, বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা সংক্রান্ত সমস্ত নথি প্রকাশ করতে হবে।

ইনফান্তিনোর প্রস্তাবটি তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়ে দ্রুত বাতিল হয়ে যায়। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা হুমকি দিয়েছিল যে, যদি প্রস্তাব কার্যকর হয়, তবে তারা সব ফিফা প্রতিযোগিতা বয়কট করবে।

হিউইট, যিনি ফিফা কাউন্সিলের সদস্যও, ইনফান্তিনোকে লিখিতভাবে জানিয়েছেন যে, আগামী ১৫ অক্টোবরের কাউন্সিল বৈঠকের পূর্বে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা আবশ্যক।

তিনি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর বিশ্বকাপে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত সম্পর্কিত নথিও প্রকাশ করতে হবে।

ইনফান্তিনো আগস্টে প্রক্রিয়াগত ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। ফিফার ম্যানেজমেন্ট বোর্ড তদন্তের প্রতিশ্রুতি দিলেও, এখনও জানায়নি কে তদন্তটি পরিচালনা করছে।

উয়েফা জানিয়েছে যে তারা ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে এবং যুক্তরাষ্ট্রের আদালতে নথি প্রকাশের জন্য আবেদন করেছে।

উয়েফা ঘোষণা করেছে যে, তারা ইনফান্তিনোর বিরুদ্ধে মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করাবে। প্রার্থিতা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইতোমধ্যেই পুনর্নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার: এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার: এসআরবি

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদান করলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য তুলে ধরেন।

ইন্তেখাব চৌধুরী উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করার জন্য সরকার ও এসআরবির পক্ষ থেকে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, যদি কেউ কোনো ঘটনার সময় থানা থেকে অস্ত্র নিয়ে যান, তবে তার হয়তো কোনো দুরভিসন্ধি নেই। পরিস্থিতির কারণে বা তাৎক্ষণিকভাবে অস্ত্র নিয়ে যাওয়ার পর এখন তিনি কী করবেন, তা বুঝতে পারছেন না। আবার আইনগত প্রক্রিয়ার কথা চিন্তা করে কাউকে জানাতেও ভয় পাচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্যই তথ্য দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসআরবির এই কর্মকর্তা জানান, "আপনারা অস্ত্রগুলো যেকোনো একটি জায়গায় রেখে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। ওই জায়গায় দুটি পিস্তল, একটি রাইফেল, ১০টি ম্যাগাজিন বা গুলি আছে—এতটুকু তথ্যই আমাদের জন্য যথেষ্ট। আমরা গিয়ে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসব।" যিনি তথ্য দেবেন, তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, অপরাধপ্রবণতা কমিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। এক রাতের মধ্যে পরিস্থিতির পুরো পরিবর্তন সম্ভব নয়। তবে যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি, সেখানে এসআরবির পক্ষ থেকে জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।

অপরাধ নির্মূলের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এসআরবির এই কর্মকর্তা বলেন, "আরেকটু অপেক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করুন। পুলিশ বাহিনীসহ যতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাইকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই মোহাম্মদপুর থেকে সমস্ত অপরাধ নির্মূল করতে আমরা সক্ষম হবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পালিত হচ্ছে প্রথম প্রেম দিবস, প্রেমের স্মৃতি ও অনুভূতি জাগ্রত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


আজ পালিত হচ্ছে প্রথম প্রেম দিবস, প্রেমের স্মৃতি ও অনুভূতি জাগ্রত

মনের মধ্যে চাপা কষ্ট, কাউকে না বলা ব্যথাগুলোর আরেক নাম প্রথম প্রেম। মানুষ হয়তো প্রেমে পড়ে অনেকবার। সব স্মৃতি ভুলে গেলেও প্রথম প্রেমের কথা মানুষের হৃদয়ের গহীনে ঠিকই গেঁথে থাকে। এটি এক ব্যথা-সুখের অনুভূতি, যা কাউকে বলা যায় না, আবার বলেও বোঝানো কঠিন। সেই আনন্দ-কষ্টমাখা অনুভূতিকে দিবস হিসেবে পালন করার দিন আজ।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ‘প্রথম প্রেম দিবস’ পালনের যাত্রা শুরু হয়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি পালন করা হয়। যদিও এর উৎপত্তি কীভাবে হয়েছে, তা কারও জানা নেই। তবে এই দিবস এখন শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি হয়ে উঠছে আত্ম-উপলব্ধির এক বিশেষ দিন—‘ভালোবাসা শুধু প্রাপ্তির নয়, অনুভবেরও বিষয়’ বলে মনে করা হয়।

জীবনে ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম’—হুমায়ূন আজাদের এই কথাটি প্রেমের প্রকৃত অর্থকে তুলে ধরে। প্রেম মানেই তো বারবার নিজেকে উজাড় করে দেওয়া, প্রতিবারই নতুনভাবে জেগে ওঠা।

আজকের দিনে অজান্তে গড়ে ওঠা সেই প্রেমের স্মৃতি রোমন্থন করার সুযোগ রয়েছে। আর যদি সৌভাগ্যবশত সে মানুষটি আজও আপনার হয়ে থাকে, তাহলে তো কথাই নেই। দুজনে মিলেই না হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।

‘প্রেম একবারই এসেছিল নীরবে…’ লতা মুঙ্গেশকরের এই লাইন যেন মনে করিয়ে দেয়, প্রথম প্রেমে কোনো জোর থাকে না, থাকে না শর্ত; থাকে শুধু হৃদয়ের এক নির্মল ঢেউ। প্রথম একসঙ্গে হাঁটা, প্রথম কথা বলার লাজুক মুহূর্ত, কিংবা প্রথমবার কারও দিকে তাকিয়ে মনের ভেতর কেমন জানি এক চুপচাপ আনন্দ—এই সবকিছুই আজ নতুন করে মনে করার দিন।

আহসান হাবিব কবিতায় লিখেছেন- ‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে, তুমি ভালো না বাসলেই ভালোবাসা, জীবনের নাম ভালোবাসা, ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে, ফিরিয়ে দিলেই বুঝতে পারি, ভালোবাসা আছে।’

আজকের এই দিনে কেউ কেউ স্মৃতির পাতায় ফিরে যান, আবার কেউ বুকে জমে থাকা না-বলা কথা নিয়ে খানিকটা কষ্ট পান। তবু প্রথম প্রেম তো শুধুই একজন মানুষ নয়; বরং এক অনুভব, এক সময়, এক নিজেকে খুঁজে পাওয়ার গল্প।

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই!

যাই হোক, আজ নিজেকে একটু সময় দিন। ফিরে যান সেই প্রথম ভালোবাসার দিনে, হয়তো সে আপনাকে আবারও নতুন করে ভালোবাসতে শিখিয়ে দেবে। আর প্রথম ভালো লাগার মানুষটি যদি হয় আপনার সঙ্গী, তবে তাকে নিয়েই ভালোবাসার পুরোনো উপাখ্যানে ফিরে যেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় কুমার নদে শতবর্ষী নৌকা বাইচ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ভাঙ্গায় কুমার নদে শতবর্ষী নৌকা বাইচ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই নৌকা বাইচের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি এ সময় বলেন, “গ্রাম বাংলার সংস্কৃতি মানেই বাংলাদেশের সংস্কৃতি। এ সংস্কৃতি লালন করতে হবে।”

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভাঙ্গা পৌরসভার খাদ্যগুদামসংলগ্ন কুমার নদের তীরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নৌকা বাইচ পুনরায় চালু হওয়ায় তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগকে স্বাগত জানান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, ভাঙ্গার ঐতিহাসিক নৌকা বাইচ দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে। গ্রাম বাংলার লোকসংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। নৌকা বাইচ দেখতে আসা হাজারো দর্শনার্থীকেও তিনি ধন্যবাদ জানান।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও নৌকা বাইচের প্রধান উদ্যোক্তা মো. শহিদুল ইসলাম খান বাবুল।

শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গাবাসীর প্রাণের দাবি নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনকে কেন্দ্র করে দল-মত ও ধর্মের ভেদাভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, লোকসংস্কৃতির শেকড়ের টানে নৌকা বাইচের পাশাপাশি গ্রাম বাংলার জারি, সারিসহ বিভিন্ন লোকসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। আগামী বছর আরও ব্যাপক পরিসরে নৌকা বাইচ আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজালুর রহমান খান পলাশ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান। এছাড়া ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুবদলের সভাপতি ওসমান মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নৌকা বাইচে অন্তত ১৫টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকার মাঝি-মাল্লারা ভিন্ন রঙের পোশাক পরিধান করেন। কিছু কিছু নৌকার দৈর্ঘ্য ছিল ১২০ থেকে ১৪০ ফুট পর্যন্ত। বৈঠার ছন্দে জমে ওঠে প্রতিযোগিতা।

নৌকা বাইচ দেখতে কুমার নদের দুই তীরের ভবনগুলোর ছাদে ভিড় করেন দর্শনার্থীরা। অনেকে পরিবার-পরিজন নিয়ে নৌকা ভাড়া করে নদীর দুই পাশে অবস্থান নেন। নদীর ওপরের সেতুগুলোতেও ছিল বিপুল মানুষের সমাগম।

বাইচকে কেন্দ্র করে কুমার নদের দুই তীরে কয়েকশ ভাসমান দোকান বসে। মিষ্টি, খেলনা ও বিভিন্ন গৃহস্থালি পণ্য নিয়ে এসব দোকানে বেচাকেনা হয়।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম নৌকা বাইচ পুনরায় আয়োজনের জন্য স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি স্থানীয় প্রশাসন, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা বলেন, দীর্ঘদিন পর কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হওয়ায় ভাঙ্গার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এবারের আয়োজন সফল হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%