ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত


কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে দিনব্যাপী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মোট পাঁচটি ইভেন্টে অংশ নেয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'ক' ও 'খ' গ্রুপে ২৯০ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের 'ক' ও 'খ' গ্রুপে ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি, নিত্য , একক অভিনয়, চিত্রাঙ্কনসহ নানা ইভেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মনিরুজ্জামান মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা জারি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা জারি করেছে

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করার লক্ষ্যে টাকার মাধ্যমে লেনদেন নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা এবং পরিচালনা করা সম্ভব হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আমদানি-রপ্তানি বাণিজ্যকে সহজতর করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে টাকা ভস্ট্র অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য কোনো প্রারম্ভিক জমার প্রয়োজন হবে না।

এলসি, চুক্তি ও ইনভয়েস অবাধে রূপান্তরযোগ্য মুদ্রায় করা গেলেও লেনদেন নিষ্পত্তির সময় তা প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বিদেশি অংশীদার ব্যাংকের সঙ্গে ব্যাংকিং নথিপত্রের আদান-প্রদান ও যোগাযোগকে নিরাপদ, দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশও দিয়েছে।

আমদানিকারকদের স্থানীয় ব্যাংকিং চ্যানেল অথবা সংশ্লিষ্ট ভস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও প্রদান করা হবে।

এদিকে, বিদেশি ব্যাংকের ভস্ট্র অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ কিংবা বিদেশে রেমিট্যান্স হিসেবেও ওই অর্থ পাঠানো যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানি ও রপ্তানি লেনদেনে আইএমপি ও এক্সপি ফর্মসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এএমএল/সিএফটি ব্যবস্থা এবং গ্রাহকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কেওয়াইসি নীতি কঠোরভাবে পরিপালন করতে হবে।

এ ছাড়া যেসব দেশের স্থানীয় মুদ্রা অবাধে রূপান্তরযোগ্য নয়, সেসব দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে বিদেশি নস্ট্রো অ্যাকাউন্ট বজায় রেখে লেনদেন নিষ্পত্তি করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে টাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ফ্রান্সের ‘হস্তক্ষেপমূলক’ অবস্থানের তীব্র সমালোচনা করেছেন।

আরাগচি টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে উল্লেখ করেন, ফ্রান্সের ইরান সংক্রান্ত অবস্থান ‘অগ্রহণযোগ্য’। তিনি একই সঙ্গে ফ্রান্সের তেহরানে নিযুক্ত দূতাবাসকে দেশটির জাতীয় আইন ও বিধি-বিধান মেনে চলার জন্য আহ্বান জানান।

ফ্রান্সের অবস্থান সম্পর্কে আরাগচি বলেন, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তিনি আপত্তি জানিয়েছেন।

মানবাধিকারের ক্ষেত্রে ফ্রান্সের ‘দ্বৈতনীতি’র অভিযোগ তুলে আরাগচি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ‘মানবতাবিরোধী অপরাধ’ সম্পর্কে নীরবতা পালন করে প্যারিস মানবাধিকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে না।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তারা কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াতে চান না। তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সক্ষমতা সুরক্ষায় ফ্রান্স আরো সক্রিয়ভাবে যুক্ত হতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশ্বরিয়া রাই ২৮ সেপ্টেম্বর প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


ঐশ্বরিয়া রাই ২৮ সেপ্টেম্বর প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও প্যারিসের মঞ্চে হাঁটতে দেখা যাবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে রানওয়েতে দেখা যাবে ঐশ্বরিয়াকে।

এবারের আয়োজন অনুষ্ঠিত হবে আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে। এবারের শোর মূল প্রতিপাদ্য হলো ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’, যা নিজের মূল্য এবং আত্মবিশ্বাস প্রকাশের ভাবনা নিয়ে তৈরি করা হয়েছে।

ঐশ্বরিয়ার ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে উপস্থিতি নতুন কিছু নয়। তিনি প্রতি বছরই তার পোশাক, সাজ এবং রানওয়ে উপস্থিতির মাধ্যমে ভক্তদের নজর কাড়েন। ফলে এবার তিনি কী সাজে হাজির হবেন, তা নিয়ে আগেই তৈরি হয়েছে কৌতূহল।

২০২৪ সালের আয়োজনে ঐশ্বরিয়া লাল রঙের জমকালো গাউন পরে আলোচনায় এসেছিলেন। গাউনটির নিচের অংশ ছিল বড় এবং বেলুনের মতো আকৃতির। তার সঙ্গে ছিল ঘন ভলিউমের চুলের সাজ এবং গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর তার ‘নমস্তে’ ভঙ্গিও বিশেষভাবে নজর কেড়েছিল। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ঐশ্বরিয়ার সেই ভারতীয় আবহ প্রশংসা কুড়িয়েছিল।

পরবর্তী বছর, ঐশ্বরিয়া একেবারে ভিন্ন সাজে দেখা গিয়েছিলেন। তিনি গাউনের পরিবর্তে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি পরেছিলেন। এতে অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ এবং পেছনে স্ক্যালপড হীরার নকশা ছিল।

এখন গত দুই বছরের ভিন্নধর্মী সাজের পর ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো এবারের সাজ। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া। এখন অপেক্ষা, আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে তিনি কী নতুন চমক নিয়ে হাজির হন।

ঐশ্বরিয়ার ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনে তিনি নিয়মিত উপস্থিতি দিয়ে ভারতীয় তারকাদের প্রতিনিধিত্ব করেছেন। এবারের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউডের ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল এবং আজা নাওমি কিং। এছাড়াও উপস্থিত থাকবেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার দুইটি অতিরিক্ত এলএনজি কার্গো আনছে কাতার থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সরকার দুইটি অতিরিক্ত এলএনজি কার্গো আনছে কাতার থেকে

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের জ্বালানি চাহিদা বৃদ্ধি মোকাবেলার লক্ষ্যে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুইটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) যা দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় এসেছে।

বুধবার অনুষ্ঠিত সিসিজিপির ৪৬তম সভায় এই প্রস্তাবটি অনুমোদন লাভ করে।

প্রস্তাব অনুযায়ী, দুইটি অতিরিক্ত এলএনজি কার্গো আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে সরবরাহ করা হবে।

সভায় জানানো হয়েছে, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে। এটি বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির নির্ধারিত মূল্যের তুলনায় ভিন্ন।

দুইটি অতিরিক্ত এলএনজি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটি সভায় প্রস্তাবটির অনুমোদনের সুপারিশ করে।

এলএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে এই এলএনজি কেনা হচ্ছে, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%