ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের


রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের

সুইজারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সমর্থন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে, দেশটি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আজ শনিবার, সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এই আশ্বাস প্রদান করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কুস লাইটনার, রাষ্ট্রদূত ক্ল Claudio ফিশার, দেশটির সংসদ সদস্য এবং সংসদীয় সহযোগিতা বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সুইজারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানায়। পাশাপাশি, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় দেশটি।

বৈঠকটি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মেধাবীদের বিকাশে সরকার পাশে থাকবে: বানিজ্যমন্ত্রী মুক্তাদির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মেধাবীদের বিকাশে সরকার পাশে থাকবে: বানিজ্যমন্ত্রী মুক্তাদির

সিলেট জেলা পরিষদ ৬০০ এরও বেশি কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর। কেবল ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মেধাবীদের এমন স্বীকৃতি ও আর্থিক সহায়তা তাদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে।”

মন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও মেধাবীদের বিকাশে সবসময় পাশে রয়েছে।

সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম কামারুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আরাফাত গিলমান মাহিদী, নাজিহা সুলতানা নাজা, শাহরিয়ার আলম ও তানিয়া আক্তার। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সার্টিফিকেট তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়েনের বদলে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


কয়েনের বদলে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক

দোকানে পণ্য কেনার পর দাম মেটানোর পর ক্রেতার কাছে বাকি টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু খুচরা কয়েনের অভাবের অজুহাতে ক্রেতাদের হাতে চকলেট তুলে দেওয়া হচ্ছে। ফার্মেসিতে ওষুধ কেনার সময় ভাংতি না পাওয়ার কারণে বাধ্য হয়ে ভিটামিন-সি ট্যাবলেট ‘সিভিট’ নিতে হচ্ছে।

এছাড়া, সব জায়গায় চকলেট বা সিভিটও পাওয়া যায় না, ফলে সাধারণ ক্রেতাদের পাওনা টাকা না পেয়ে খালি হাতে দোকান ছাড়তে হচ্ছে। এই ছোট অংকের লেনদেনে ক্রমাগত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এর ফলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক দাবি করছে, দেশে এক ও পাঁচ টাকার কয়েনের কোনো ঘাটতি নেই; বাণিজ্যিক ব্যাংকগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে। মূল সমস্যা হলো সুষম বণ্টনের অভাব, ব্যাংকের শাখাগুলোর সরবরাহে অনীহা এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে কয়েন নেওয়ার অনীহা। তবে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার মতে, দুই টাকার কয়েনের কিছুটা সংকট রয়েছে।

রাজধানীর একাধিক ব্যাংকে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ভল্টে পর্যাপ্ত কয়েন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তা দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরাসরি জানানো হচ্ছে কয়েন নেই।

সম্প্রতি গ্রাহক সেজে ডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় গেলে ব্যাংক কর্মকর্তারা জানান, তাদের কাছে কোনো কয়েন নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওই শাখায় এক টাকার ৮০০টি, দুই টাকার ১৩ হাজার এবং পাঁচ টাকার ৪ হাজার ৮০০ কয়েন মজুত রয়েছে। কিন্তু কয়েন গোনার ঝামেলার কারণে সংশ্লিষ্টরা তা এড়িয়ে যাচ্ছেন।

ডাচ-বাংলা ব্যাংকের মুখপাত্র নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পরে প্রধান কার্যালয়ে তার দপ্তরে গেলে তিনি এ বিষয়ে কোনো কথা না বলে অন্য কোনো শাখায় যোগাযোগের পরামর্শ দেন।

মতিঝিলের সোনালী ও রূপালী ব্যাংকের করপোরেট শাখায় একই চিত্র দেখা যায়। সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইয়েদা মনোয়ারা খাতুন বলেন, "আমাদের কাছে এখন কোনো কয়েন নেই, কোথা থেকে দেব? বাংলাদেশ ব্যাংক যখন আমাদের দেয়, তখন আমরা গ্রাহকদের দিই।"

এদিকে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দেশে এক ও পাঁচ টাকার পর্যাপ্ত কয়েন ও নোট রয়েছে, কেবল দুই টাকার কিছু ঘাটতি আছে। তিনি বলেন, "গ্রাহক বা দোকানদারদের মধ্যেও কয়েন নেওয়ার প্রবণতা কমে গেছে। ফলে কয়েনগুলো বাজারে স্বাভাবিকভাবে ঘুরছে না।"

রাজধানীর মুদি দোকান, ফার্মেসি ও চায়ের দোকানে এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি। মতিঝিলের চা বিক্রেতা নুরু মিয়া বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত ভাংতি থাকে না। ক্রেতারা বড় নোট দিলে বাকি টাকা ফেরত দেওয়ার মতো কয়েন পাওয়া যায় না। ব্যাংক থেকেও প্রয়োজনমতো খুচরা টাকা সংগ্রহ করা কঠিন।"

তার দাবি, অনেক সময় পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে খুচরা ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে, আর ভাংতি না থাকায় বাধ্য হয়ে চকলেট ধরিয়ে দিতে হয়।

মানিকনগরের এক ফার্মেসির দোকানি তারেক বলেন, "কাস্টমারকে দুই বা পাঁচ টাকা ফেরত দেওয়ার মতো কয়েন বা খুচরা নোট থাকে না। বাধ্য হয়ে সিভিট দিতে হয়। ব্যাংকেও গেলে খুচরা টাকা দিতে চায় না।"

মতিঝিলে রিকশাচালক হাবিব বলেন, "দোকানদারকে ১০ টাকা দিলে দুই টাকা ফেরত না দিয়ে চকলেট দেয়। এ বয়সে কি আমি চকলেট খাব? এ নিয়ে প্রায়ই দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়।"

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহক ব্যাংকে এসে কয়েন চাইলে ব্যাংক তা সরবরাহ করতে বাধ্য। একইভাবে কোনো গ্রাহক কয়েন জমা দিতে চাইলে তাও গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন, "গ্রাহক রিকশাচালক হোন কিংবা সাধারণ মানুষ—ব্যাংকে কয়েন চাওয়া বা জমা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের কোনো সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে তা দিতে অস্বীকার করা যাবে না।"

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক, দুই ও পাঁচ টাকার কয়েন নির্বিঘ্নে বিনিময়ের নির্দেশ দেয়। স্থানীয় ও ফিডিং শাখায় নির্দিষ্ট পরিমাণে কয়েন সংরক্ষণের কড়া নির্দেশও দেওয়া হয়েছিল।

বাংলাদেশে নিজস্ব কারখানায় কয়েন উৎপাদন হয় না বিধায় এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এক টাকার একটি কয়েন আমদানিতে তিন থেকে চার টাকা পর্যন্ত খরচ পড়ে। ২০১০ সালের পর থেকে দেশে নতুন কোনো কয়েন আমদানি হয়নি। দীর্ঘদিন নতুন সরবরাহ না থাকায় বাজারে থাকা কয়েনের একটি অংশ মানুষের ঘরে আটকে গেছে, আবার কিছু অংশ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "একসময় ব্যাংকগুলো কয়েন জমা রাখতে চাইত না বলে উল্টো অভিযোগ ছিল। মানুষ বস্তায় বস্তায় কয়েন নিয়ে ব্যাংকে আসত। কিন্তু এখন কেন মানুষ কয়েন নিতে চাইছে না, তা বোধগম্য নয়।"

তিনি আরও বলেন, "কোনো কয়েন সরকারিভাবে নিষিদ্ধ না হলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে না দিলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীরা আগের চেয়ে অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন: ব্যারিস্টার খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ব্যবসায়ীরা আগের চেয়ে অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন: ব্যারিস্টার খোকন

ব্যবসায়ীরা বর্তমানে আগের তুলনায় অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করছেন এবং লাভবান হচ্ছেন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি উল্লেখ করেন, "বিএনপি সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।" দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

শনিবার (১৪ নভেম্বর) বেলা দুইটায় গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ‘প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এ জি মাহফুজুর রহমান মানু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র হিসেবে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বি রেডি’ ক্যাম্পেইনে ব্রিটেনে টিনজাত খাবার ও রেডিও কিনতে উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


‘বি রেডি’ ক্যাম্পেইনে ব্রিটেনে টিনজাত খাবার ও রেডিও কিনতে উপচে পড়া ভিড়

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’ (Be Ready)। এই ক্যাম্পেইনের আওতায় ইংল্যান্ড ও ওয়েলসের সাধারণ জনগণ সুপারমার্কেটগুলোতে টিনজাত খাবার, হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও (হাতে ঘোরানো রেডিও), টর্চলাইট এবং পাওয়ার ব্যাংক কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। তবে প্রশ্ন উঠেছে—এই প্রস্তুতি কি শুধুমাত্র আতঙ্কের ফল, নাকি এটি সময়ের বাস্তব প্রয়োজন?

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও এই ক্যাম্পেইনের অন্যতম মুখপাত্র ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে আতঙ্কিত না করে বরং সতর্ক ও প্রস্তুত রাখা। ইউরোপীয় কমিশনের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’-এর আদলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর সংকটকালীন প্রস্তুতির অনুকরণে যুক্তরাজ্যে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা একা নিজেদের চালিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।

এই ক্যাম্পেইনের প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সুপারমার্কেট চেইন ‘আইসল্যান্ড’ জানায়, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহান্তেই তাদের টিনজাত পণ্যের বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। এছাড়া টুনা মাছ, মাংস এবং সবজির টিনের চাহিদা এক লাফে অনেকখানি বৃদ্ধি পেয়েছে।

তবে এই উদ্যোগের সমালোচনাও কম নয়। প্রায় ১৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং কমিউনিটি ফুড লিডার একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন যে, ব্রিটিশ জনগণের প্রায় ২৯ শতাংশের পক্ষেই তিন দিনের খাবার মজুত করার সামর্থ্য নেই। তারা সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরং জাতীয়, আঞ্চলিক ও কমিউনিটি পর্যায়ে খাদ্য মজুত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%