১০:৩৩ এম
গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী নারী গত ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন জানিয়েছেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, পাঁচ বছর আগে শ্রীপুরে একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে আবু তাহেরের সঙ্গে ওই নারীর পরিচয় ঘটে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তাহের। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন তিনি। এ সময় বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বাইরে পাহারায় ছিলেন। বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
আরও পড়ুন: শফিকুল ইসলাম: সাবেক মন্ত্রীদের পরামর্শে দেশে অস্থিতিশীলতা
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ৩০ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে আবারও তাহের তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে গাড়িতে করে নেওয়ার সময় বাঘের বাজার এলাকায় নামিয়ে রেখে পালিয়ে যান। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি।
অভিযুক্ত আবু তাহের প্রধান এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "মামলার বিষয়ে কিছু জানি না। সাংবাদিকদের মাধ্যমে প্রথম জানতে পেরেছি।"
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার রকিবুল আক্তার জানিয়েছেন, "আদালতের কোনো আদেশ এখনো পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে আগুন, ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন