ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুয়েতে ড্রোন হামলা প্রতিহতের দাবি, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা


কুয়েতে ড্রোন হামলা প্রতিহতের দাবি, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা

ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের পাল্টাপাল্টি তৎপরতায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার খবর পাওয়া গেছে। এছাড়া, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইরান। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব ঘটনা ঘটেছে। আল জাজিরা, রয়টার্স, এএফপি এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেশম দ্বীপে হামলার বিষয়ে ইরানের স্থানীয় কর্মকর্তা আহমদ নাফিসি জানিয়েছেন, সেখানে কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক স্থাপনা বা অবকাঠামোর ক্ষতি হয়নি। তবে হামলার পর উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের আগের হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ, কয়েক দশকের বিরোধ এবার চূড়ান্ত পর্যায়ে

এদিকে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডারব্যবস্থাকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনে একটি বিমানঘাঁটির রাডারব্যবস্থাকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন কোনো সরঞ্জাম বা সামরিক সদস্যের ক্ষতি হয়নি।

বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে। এদিকে, রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে এএফপি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের বিরতির পর গত পাঁচ দিনের মধ্যে এটি বাহরাইনে ইরানের তৃতীয় ড্রোন হামলা।

অন্যদিকে, ইরানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। দণ্ডিত ব্যক্তিদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা। তবে আদালতের এ রায়ের সঙ্গে সাম্প্রতিক ড্রোন হামলার কোনো সরাসরি যোগসূত্রের তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: আশ্রয় আবেদন বাতিল হলে যুক্তরাজ্যে বিনা নোটিশে বহিষ্কার

কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুতামূলক’ ড্রোন মোকাবিলা করছে। ড্রোন প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে ড্রোনগুলোর উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, প্রণালিটি অতিক্রম করার সময় নৌমাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।

একদিকে কেশম দ্বীপে মার্কিন হামলা, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন প্রতিহত করার ঘটনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: চীনে ট্রাম্পকে সামরিক মহড়া ও গার্ড অব অনারসহ উষ্ণ অভ্যর্থনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোলিং কোচিং সংকটে বাংলাদেশের ক্রিকেট, এক্স-ফ্যাক্টর কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


বোলিং কোচিং সংকটে বাংলাদেশের ক্রিকেট, এক্স-ফ্যাক্টর কোথায়?

বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে একজন বিশ্বমানের পেস বোলিং ও ফিল্ডিং কোচের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দলের ফিল্ডিংয়ের মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে একাধিক ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ ম্যাচটি হারিয়েছে। একই চিত্র দেখা গেছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও। জোহানেসবার্গ টেস্টেও এর ব্যতিক্রম হয়নি, যেখানে দুটি ক্যাচ মিস করা হয়েছে। এই ভুলের পরিণতি কতটা ভয়াবহ হবে, সেটি সময়ই বলে দেবে। তবে টেস্ট ক্রিকেটে একটি ক্যাচ ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং জয়-পরাজয়ের ব্যবধান সৃষ্টি করতে পারে। বিষয়টি অত্যন্ত গুরুতর।

একজন দক্ষ ফিল্ডিং কোচ কেবল নিয়মিত অনুশীলন করান না, বরং তিনি দলের দুর্বলতাগুলো চিহ্নিত করেন এবং ঘাটতি পূরণে নতুন পরিকল্পনা তৈরি করেন। মাঠের পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়দের প্রস্তুত করা তার কাজ। কিন্তু বর্তমানে বাংলাদেশের ফিল্ডিং কোচের পদটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া জেমস প্যামেন্টের চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে তিনি চোটের কারণে নিয়মিত দায়িত্ব পালন করতে পারেননি এবং বিসিবি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকে সাবেক ক্রিকেটার আশিকুর রহমান মজুমদার অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন। চলতি বছর পর্যন্ত তার থাকার কথা ছিল, কিন্তু তাকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছে। জাতীয় দলের ফিল্ডিংয়ের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ মালিবোঙ্গে মাকেতা। টেস্ট দলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাময়িক ব্যবস্থা দিয়ে কতদিন চলবে, সেটি প্রশ্নসাপেক্ষ।

পেস বোলিং বিভাগেও একই শূন্যতা দেখা যাচ্ছে। জুন মাসে শন টেইট দায়িত্ব ছাড়ার পর থেকে এই অভাব স্পষ্ট হয়ে উঠেছে। টেইটের অধীনে বাংলাদেশের পেস আক্রমণ নতুন মাত্রা পেয়েছিল এবং পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ছিল তার সময়ের সবচেয়ে বড় সাফল্য। টেইট চলে যাওয়ার পর সাবেক পেসার তলহা জুবায়ের পেসারদের দায়িত্ব সামলাচ্ছেন। কোচ মাঠে নেমে উইকেট নেন না, তবে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা তৈরি করা তাদের দায়িত্ব। বোলারদের সামর্থ্য, ফিটনেস, কাজের চাপ এবং উইকেটের চরিত্র বুঝে সঠিক সমন্বয় বের করা তাদের কাজ।

বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণ চোট ও ফিটনেস সমস্যায় ভুগছে। নাহিদ রানার চোটের তালিকা লক্ষ্য করুন। জুলাইয়ে সাইড স্ট্রেইন, এরপর গ্লুট ইনজুরি এবং সর্বশেষ ল্যাব্রাম টিয়ার। এর ফলে তিনি অস্ট্রেলিয়া সফর, আফগানিস্তান টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশগ্রহণ করতে পারেননি। এখন হাসান মাহমুদের ফিটনেস নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। টেনিস এলবো পুরোপুরি সেরে ওঠেনি, ফলে তৃতীয় দিনের খেলায় ব্যথার কারণে কিছু সময় মাঠের বাইরে ছিলেন। পরে ডান হাতে বাড়তি ব্যান্ডেজ নিয়ে বোলিংয়ে ফেরেন। আবুধাবি টেস্ট থেকেই তিনি এই সমস্যা বহন করছেন এবং সেখানে দুই ইনিংসে মিলিয়ে ৪৭ ওভার বোলিং করেছেন।

সামগ্রিকভাবে পেসারদের ফিটনেস একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাসকিন আহমেদের গতিও আগের তুলনায় কমে গেছে। টেস্টে দীর্ঘ স্পেল করার সময় ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে। এক সময় ইবাদত হোসেন নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বল করতেন, কিন্তু এখন তার গতি নেমে এসেছে ১৩০-এর ঘরে। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদও নিয়মিত সুযোগ পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে দলের সমন্বয়ের কারণে তাদের বাইরে থাকতে হচ্ছে।

এখন মনে হচ্ছে পুরো বোলিং আক্রমণের দায়িত্ব একা হাসান মাহমুদের কাঁধে। এটি আদর্শ পরিস্থিতি নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজ পর্যন্ত ইবাদত মাত্র আট ওভার বোলিং করেছেন। এমন ব্যবহারের পেছনে পরিকল্পনাটি কী, সে প্রশ্ন উঠতেই পারে।

এ টেস্টে বাংলাদেশ খেলছে মাত্র চারজন মূল বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ রয়েছেন। ফলে বোলারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া এবং কাজের চাপ নিয়ন্ত্রণ করা জরুরি। দক্ষিণ আফ্রিকা চার পেসার ও একজন স্পিনার নিয়ে খেলছে। পরিকল্পনা এবং তার বাস্তবায়ন যে কতটা গুরুত্বপূর্ণ, সেটিই এখানে মূল বিষয়। বাংলাদেশের বোলিংয়ে সেই বাড়তি ধার, সেই এক্স-ফ্যাক্টরটি অনুপস্থিত।

টেস্ট ক্রিকেটে জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য থাকতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পর থেকেই বাংলাদেশের বোলিংয়ে ধারাবাহিকতার অভাব দেখা দিয়েছে। সে জয়ে হাসান মাহমুদের ছয় উইকেট বড় ভূমিকা রেখেছিল। এরপর আর বোলাররা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেননি।

আফগানিস্তানের বিপক্ষে যে টেস্টে বাংলাদেশের জেতার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। ১৪২ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়েও ইনিংস টেনে নিয়েছে আফগানরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও স্বীকার করেছেন যে, বাংলাদেশের ১০ উইকেট নেওয়া উচিত ছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হার। আবুধাবি, মিরপুর ও সিলেট টেস্টে বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলেছে, কিন্তু সেই কৌশল কার্যকর হয়নি।

স্থানীয় কোচদের সুযোগ দেওয়ার পক্ষে আমি। তবে সর্বোচ্চ পর্যায়ে তাদের দায়িত্ব দেওয়ার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ভারতের দিকে তাকানো যেতে পারে। স্থানীয় কোচদের ওপর পুরোপুরি আস্থা রাখার আগে তারা গড়ে তুলেছে এমআরএফ পেস ফাউন্ডেশন। ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি পেসার তৈরিতে কাজ করছে। তাদের রয়েছে সেন্টার অব এক্সিলেন্স, শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং দীর্ঘদিনের ক্রিকেট সংস্কৃতি। এই ভিত্তি গড়তে ভারতকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। বাংলাদেশ এখনো সে জায়গা থেকে অনেক দূরে রয়েছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কিছু সাফল্যের দেখা পাচ্ছে। সেই অগ্রযাত্রা ধরে রাখতে হলে দুর্বল জায়গাগুলো দ্রুত ঠিক করতে হবে। শুধুমাত্র প্রতিভা দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় না। প্রয়োজন সঠিক পরিকল্পনা, দক্ষ কোচিং এবং তার কার্যকর বাস্তবায়ন। ক্রিকেটে একটি কথা আছে: ‘সময় থাকতে সতর্ক না হলে পরে মাশুল দিতে হয়’। বাংলাদেশের সামনে এখন সেই সতর্ক হওয়ার সময়।

ইয়াসেফ ইমরোজ ইফাজ

অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেট বিশ্লেষক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিমলায় কর্মকর্তার সইয়ে গ্রাম পুলিশের জাল স্বাক্ষরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


ডিমলায় কর্মকর্তার সইয়ে গ্রাম পুলিশের জাল স্বাক্ষরের অভিযোগ

নীলফামারীর ডিমলা উপজেলার ১ নম্বর পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদে নাগরিক সেবার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের জন্য সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের মধ্যে এবার কর্মকর্তার স্বাক্ষর ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক কর্মকর্তার অনুমতি ছাড়া তাঁর স্বাক্ষর ব্যবহার করে সরকারি কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। শুধু তাই নয়, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিজে স্বাক্ষর করার পর সই-সিল দেওয়ার কাজে গ্রাম পুলিশও যুক্ত রয়েছে। এমন দৃশ্য ভিডিওচিত্রেও ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল হক আরাফাত। ভিডিওচিত্রে তাঁকে প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায়ের স্বাক্ষরের আদলে কাগজপত্রে স্বাক্ষর করতে দেখা যায়। একই ভিডিওতে গ্রাম পুলিশকে সংশ্লিষ্ট কাগজপত্রে সিল দিতে দেখা গেছে বলেও অভিযোগ উঠেছে। সরেজমিনেও একই ধরনের চিত্র দেখা গেছে। ফলে ইউনিয়ন পরিষদের সরকারি নথি প্রস্তুত ও অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায় জানিয়েছেন, তিনি কাউকে তাঁর স্বাক্ষর দেওয়ার অনুমতি দেননি। তিনি বলেন, "আমি সই দেওয়ার পারমিশন দেইনি। আমার সই কারও দেওয়ার পারমিশন নেই। যদি দিয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"

অন্যদিকে অভিযুক্ত হিসাব সহকারী আশরাফুল হক আরাফাত দাবি করেন, প্রশাসনিক কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি জন্মনিবন্ধনে স্বাক্ষর করেছেন। তবে অনুমতির বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা স্বাক্ষর ব্যবহারের বৈধ প্রক্রিয়া সম্পর্কে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ভিডিওচিত্রে স্বাক্ষর ও সিল ব্যবহারের যে চিত্র উঠে এসেছে, তা প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন উঠেছে, কর্মকর্তার অনুমতি না থাকলে তাঁর স্বাক্ষরের আদলে সরকারি নথিতে স্বাক্ষর করার সুযোগ কে বা কারা করে দিচ্ছেন? আর একজন হিসাব সহকারী স্বাক্ষর করার পর গ্রাম পুলিশ কী ক্ষমতাবলে সেই নথিতে সিল দিচ্ছেন?

স্বাক্ষর জালিয়াতির অভিযোগের পাশাপাশি ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয়। টাকা দিলে দ্রুত সেবা পাওয়া গেলেও টাকা দিতে অনীহা প্রকাশ করলে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে গেলেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

জাল স্বাক্ষরের অভিযোগে পরিষদের দফাদার রশিদুল ইসলাম অভিযোগ দিয়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে গেলে প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায় সংবাদে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে সরকারি নথিতে স্বাক্ষর ব্যবহারের মতো গুরুতর অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত ও তথ্যভিত্তিক ব্যাখ্যা প্রয়োজন।

এ বিষয়ে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতিকুল রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, "একজন হিসাব সহকারী জাল স্বাক্ষর করার সুযোগ তিনি কোথায় পেলেন? বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।"

স্থানীয়দের দাবি, মৌখিক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, ইস্যু রেজিস্টার, আবেদনপত্র, স্বাক্ষরের নমুনা, সিল ব্যবহারের রেকর্ড এবং সরকারি ফি আদায়ের রসিদ তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে ভিডিওচিত্রের সত্যতা যাচাই করে কার নির্দেশে, কী প্রক্রিয়ায় এবং কোন ক্ষমতাবলে এসব নথিতে স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়েছে, তা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, ইউনিয়ন পরিষদ কি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান, নাকি কিছু ব্যক্তির ইচ্ছামতো পরিচালিত ব্যক্তিগত দপ্তর?

জনগণের করের টাকায় পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তার স্বাক্ষর ব্যবহারের অভিযোগ এবং নাগরিক সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। এখন দেখার বিষয়, উপজেলা প্রশাসন কত দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের অনিয়মের প্রকৃত চিত্র তুলে ধরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল ফাটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, তদন্ত শুরু

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শহরের মাটিডালী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মাটিডালী এলাকায় অবস্থিত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে উপস্থিত হয়। এক পর্যায়ে তাদের একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ককটেল ছোড়ার পর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত মোটরসাইকেলে স্থান ত্যাগ করে।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইব্রাহীম আলী বলেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরণ ঘটেনি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেলটি ছুড়ে পালিয়ে গেছে। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন, তবে তারা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও শিক্ষকেরা।

একই দিনে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে। রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মহিউদ্দিন আহমেদ।

এ সময় বক্তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ঐক্যকে অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন। তিনি বলেন, একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে একটি ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে চান।

তিনি আরও বলেন, যখন দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থকগোষ্ঠী এবং নিষিদ্ধ সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তবে তিনি সতর্ক করেন যে, সরকারের ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ও বর্তমান সরকার এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না। মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক শাইক ইমতিয়াজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।

এদিকে, গতকাল বেলা ৩টায় চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরের লালখান বাজার, জামালখান, লাভ লেন, ওয়াসা মোড় প্রদক্ষিণ করেন। এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ মিছিলের নেতৃত্ব দেন। পরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে গতকাল রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন বলেন, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, আপনারা কেয়ামতের কথা শুনেছেন; কিন্তু কেয়ামতের আলামত দেখেননি। জীবিত থাকতেই কেয়ামতের আলামত কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।

নুর হাসান বলেন, নিষিদ্ধ সংগঠন আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে। এর আগেও তারা লকডাউন কর্মসূচি দিয়েছিল; কিন্তু দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল ও মহানগর মহিলা দল রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা]

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%