ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কর্মস্থল ছেড়ে মধুপুরে পূর্বধলার ২৩ শিক্ষক, ছুটি ও হাজিরা নিয়ে উঠেছে নানা প্রশ্ন


কর্মস্থল ছেড়ে মধুপুরে পূর্বধলার ২৩ শিক্ষক, ছুটি ও হাজিরা নিয়ে উঠেছে নানা প্রশ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছুটির বিধি লঙ্ঘন করে টাঙ্গাইলের মধুপুরে গিয়ে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন—এমন অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে ১৪ জন প্রধান শিক্ষক ও ৯ জন সহকারী শিক্ষক।
গত ১৬ আগস্ট মধুপুর উপজেলা শিক্ষা কার্যালয়ে একসঙ্গে ওই শিক্ষকদের উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে তাঁদের সবাই যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিক্ষা অফিস ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বধলার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিদুল হক বদলি হয়ে টাঙ্গাইলের মধুপুরে যাওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে ওই শিক্ষকেরা সেখানে যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩ শিক্ষকের মধ্যে ১০ জন নৈমিত্তিক ছুটি (সিএল) নিয়েছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ১৩ জনের ছুটির বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে প্রশ্ন
ঘটনাটি খতিয়ে দেখতে গিয়ে কয়েকটি বিদ্যালয়ের হাজিরা খাতায় অসংগতির তথ্য পাওয়া গেছে। ১৪ জন প্রধান শিক্ষকের মধ্যে অন্তত ৭ জনের হাজিরা খাতায় সংশ্লিষ্ট দিনের নিয়মিত উপস্থিতির স্বাক্ষর রয়েছে।
খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিনের হাজিরা খাতায় একটি স্বাক্ষরের ঘর হোয়াইট ফ্লুইড দিয়ে মুছে সেখানে লাল কালিতে ‘সিএল’ লেখা দেখা গেছে।
এ বিষয়ে তাঁর কাছে টাঙ্গাইল যাওয়ার কারণ ও ছুটির নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনুমতি নেওয়া হয়েছে কি না, তা কর্তৃপক্ষ জানে। আপনাকে কেন বলব?”
এ ছাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারী বেগম, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সরকার, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, হ্যাপি বেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব খান, গোপীনাথকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্তর্ষি চন্দ্র এবং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন সরকারের হাজিরা খাতায়ও উপস্থিতির স্বাক্ষর থাকার তথ্য পাওয়া গেছে।
তাঁদের ভাষ্য, তাঁরা সিএল না নিলেও যথাযথ কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন।
‘অন্য জেলায় যেতে হলে আবেদনে উল্লেখ করতে হবে’
তবে শিক্ষকদের এ বক্তব্যের সঙ্গে একমত নন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। তিনি বলেন, কতজন শিক্ষক নৈমিত্তিক ছুটি নিয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে নৈমিত্তিক ছুটি নিয়ে অন্য জেলায় যাওয়ার কোনো বিধান নেই।
ফজলুর রহমানের ভাষ্য, বিশেষ কোনো প্রয়োজনে অন্য জেলায় যেতে হলে ছুটির আবেদনের সময়ই বিষয়টি উল্লেখ করতে হয়।
আগে জানতেন না মফিদুল হক
শিক্ষকেরা যে কর্মকর্তাকে অভিনন্দন জানাতে মধুপুরে গিয়েছিলেন, সেই সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিদুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিক্ষকেরা হঠাৎ তাঁর কার্যালয়ে এসেছিলেন। তাঁদের আসার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তাঁরা কার্যালয়ে পৌঁছানোর পর তিনি বিষয়টি জানতে পারেন।
তদন্তের কথা বলছে প্রশাসন
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ করেন। পরে তিনি বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মস্থল ত্যাগ, ছুটি নেওয়া এবং হাজিরা খাতায় উপস্থিতি দেখানোর ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না—এ প্রশ্নের নিরপেক্ষ উত্তর পেতে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রশাসনিক তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত রংপুর দখল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়।

‎

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‎

তিনি উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ জামায়াতীকরণ করা হয়েছে এমনভাবে, যাতে বিএনপি ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে। তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় যে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামায়াতের আমির সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন, বুকে পাথর চাপা দিয়ে।

‎

রাশেদ খান আরও জানান, বিএনপি’র সাংগঠনিক অবস্থান রংপুরে অত্যন্ত ভালো। তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির সাংগঠনিক অবস্থা ও প্রার্থী এবং দলের জনপ্রিয়তা রংপুরের ছয়টি আসনে বিএনপির প্রার্থী পরাজিত হবে, এটা কি অবিশ্বাস্য নয়! এমন মন্তব্য করেন তিনি।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : সফরকারী শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড, এক ম্যাচ হাতে রেখেই। গতরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা ৬ উইকেটে শ্রীলংকাকে পরাজিত করে। প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানে জয়লাভ করেছিল হ্যারি ব্রুকের দল।

কার্ডিফে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলংকা ৩৩ বলে ৫৬ রানের সূচনা করে। ষষ্ঠ ওভারে ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসন শ্রীলংকার উদ্বোধনী জুটি ভেঙে জোড়া উইকেট তুলে নেন। ওপেনার লাহিরু উদারাকে ২১ রানে এবং কামিল মিশারাকে শূন্য রানে আউট করেন ডসন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনে শ্রীলংকা ৯৫ রানে পঞ্চম ব্যাটারকে হারায়। এসময় আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ২১ বলে ৩৭, কামিন্দু মেন্ডিস ১২ এবং দাসুন শানাকা ৪ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক চারিথ আসালঙ্কা ও হাসারাঙ্গা ডি সিলভার ৩৪ বলে ৪৪ রানের জুটিতে ২০ ওভারে শ্রীলংকা ৯ উইকেটে ১৪৫ রানের পুঁজি গড়ে। আসালঙ্কা ৩১ ও হাসারাঙ্গা ২৭ রান করেন।

ইংল্যান্ডের ডসন ৩টি উইকেট নেন, এছাড়া জোফরা আর্চার ও জেমি ওভারটন ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ইংল্যান্ড ২৮ বলে ৫১ রানের সূচনা পায়। তবে দলীয় ৭৯ রানের মধ্যে তারা দুই ওপেনারসহ ৩ উইকেট হারায়। জশ বাটলার ১৬ বলে ৩০, আনাইরিন ডোনাল্ড ১৩ বলে ২১ এবং তিন নম্বরে নামা অধিনায়ক হ্যারি ব্রুক ৮ বলে ২৩ রানে আউট হন।

চতুর্থ উইকেটে ২৪ বলে ৫৭ রানের জুটিতে ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যান টম ব্যান্টন ও জর্ডান কক্স। ব্যক্তিগত ১২ রানে কক্স আউট হলে উইল জ্যাকসকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্যান্টন। ২ চার ও ৪ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন ব্যান্টন। জ্যাকস ৩ রান করেন। শ্রীলংকার চার বোলার ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ডসন।

আগামীকাল ম্যানচেস্টারে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ঢাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ এলাকায় দুর্বৃত্তদের দ্বারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এই বিস্ফোরণের ফলে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এছাড়া, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা একটি বড় ধাক্কা খেয়েছে। দলের অভিজ্ঞ ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি এই সিরিজে খেলতে পারবেন না, কারণ তিনি চোটে আক্রান্ত হয়েছেন। তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে।

এনগিডি ঘরোয়া প্রথম শ্রেণির একটি ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন। পরবর্তীতে স্ক্যান করানোর পর জানা যায়, তাকে চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর আগে ইনজুরির কারণে কাগিসো রাবাদা ও ওটনেইল বার্টমানও অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন।

দক্ষিণ আফ্রিকার সামনে আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ রয়েছে। সেই ম্যাচের আগে এনগিডিকে ফেরানোর জন্য তার পুনর্বাসন ও ফিটনেসের ওপর নজর রাখবে দলীয় ম্যানেজমেন্ট।

এনগিডির পরিবর্তে তরুণ পেসার এনকোবানি মোকোয়েনাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নামিবিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তার ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি দুটি ওয়ানডে খেলেছেন এবং একটি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ২৪ সেপ্টেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে। এরপর ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ এবং সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%