ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদির তায়েফে ড্রোন ভূপাতিতের ঘটনায় একজন বিদেশি নাগরিক নিহত


সৌদির তায়েফে ড্রোন ভূপাতিতের ঘটনায় একজন বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার সময় একজন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক, যিনি সৌদি আরবে বসবাস করতেন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফের দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। ওই ড্রোনটি প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে। আহত দুজনের পরিচয় এবং তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

এ মাসে সৌদি আরবে হুথিদের হামলা বৃদ্ধি পাওয়ার পর এটি দেশটিতে প্রথম প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের হুথিরা পূর্বে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবও নিয়মিতভাবে এসব হামলা প্রতিহত করার দাবি করে আসছে।

এদিকে, ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সৌদির ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টর সংখ্যা কমে আসছে। এই পরিস্থিতিতে রিয়াদ মহা বিপাকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে তারা।

আরও পড়ুন: পুতিনের ‘গোপন তহবিল’ থেকে নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প, রুশ-মার্কিন সম্পর্কে নতুন মোড়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য যেসব কাজের জন্য ঋণ পাওয়া যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য যেসব কাজের জন্য ঋণ পাওয়া যাবে

সরকার সৌরবিদ্যুতের বিস্তার ঘটাতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি গ্রহণ করেছে, যা আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবে। গৃহস্থালি, প্রতিষ্ঠান ও শিল্প পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা সরকারি ঋণ প্রদান করা হবে। সুবিধাভোগী পর্যায়ে সব ধরনের ফি-চার্জসহ কার্যকর বার্ষিক সুদের হার সর্বোচ্চ ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ বুধবার একটি পরিপত্র জারি করে এই সিদ্ধান্তের কথা জানায়। পরিপত্র অনুযায়ী, সরকারের দেওয়া ঋণের সুদহার হবে বার্ষিক ৩ দশমিক ৫ শতাংশ। ঋণের মেয়াদ ১০ বছর হবে, যার মধ্যে এক বছর গ্রেস পিরিয়ড থাকবে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমএসএমই খাতের জন্য সংরক্ষিত ২ হাজার কোটি টাকা থেকে পুনর্বিন্যাস করে নেওয়া হবে। বাকি ৫০০ কোটি টাকা পরিচালন ঋণ থেকে সংগ্রহ করা হবে। তিনটি প্রতিষ্ঠান অর্থায়ন পাবে- ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০০ কোটি টাকা করে দেওয়া হবে। এই প্রতিষ্ঠানগুলো সরাসরি অথবা অংশীদার/সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে। তবে সুবিধাভোগীর ঋণখেলাপির ঝুঁকি সংশ্লিষ্ট অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

যেসব কাজে মিলবে ঋণ। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও নেট মিটারিং সংযোগ, সোলার হোম সিস্টেম, শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ, সৌরচালিত সেচপাম্প, ইনভার্টার, মিটার ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়নে এ অর্থ ব্যবহার করা যাবে। তবে পুরোনো ঋণ পরিশোধ, ঋণ পুনঃঅর্থায়ন, জমি বা শেয়ার কেনা, ব্যক্তিগত ভোগ কিংবা প্রতিষ্ঠানের সাধারণ প্রশাসনিক ব্যয়ে এ অর্থ ব্যবহার করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা মন্তব্য করেছেন যে, একটি দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে শুধুমাত্র প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, "একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে।" তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, "প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।"

‎

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহেদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা ইলিয়াস আলী সাহেবের একান্ত সহকারী মো. ময়নুল হক, প্রভাষক মোনায়েম খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, মুক্তাদীর, কয়েছ প্রমুখ।

‎

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. মোস্তাক আহমদ রুহেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তারেক আহমদ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মুক্তারা জান্নাত ফাহমিদা। নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী মারুফা বেগম।

‎

কলেজ শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট : স্পিকার

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উল্লেখ করেছেন যে, বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য বর্তমান সরকার সচেষ্ট রয়েছে।

স্পিকারের বক্তব্যটি আজ তাঁর কার্যালয়ে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রকাশ পায়।

তিনি বলেন, বাংলাদেশ এবং জার্মানির মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দেশটির স্বাধীনতার সূচনালগ্ন থেকে জার্মান সরকার বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা প্রদান করে আসছে। স্পিকার উল্লেখ করেন, ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হিসেবে জার্মানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পিকার আরও বলেন, ‘১৯৩৭ সাল থেকে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও গণতান্ত্রিকভাবে আমরা পিছিয়ে ছিলাম। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হলেও কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই রয়ে গিয়েছিল।’

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করে এ দেশের গণতন্ত্রকে বিপর্যস্ত করেছিল।

স্পিকার বলেন, স্বৈরাচারী আমলের গুম, খুন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এবং প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই প্রেক্ষিতে দেশে পুনরায় গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বেগম খালেদা জিয়ার উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ছিলেন। দেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তাঁর অবদান অনুসরণীয়।

স্পিকার বলেন, গণতন্ত্রপ্রিয় এ দেশের জনগণ গণতন্ত্রের জন্য নিজেদের বারবার উৎসর্গ করেছে। তাদের দৃঢ় মনোবল এবং সংগ্রামের কারণে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

এ সময় স্পিকার জাতীয় সংসদে নারী এমপিদের প্রতিনিধিত্বের বিষয়েও অবহিত করেন, বর্তমান সংসদে জনগণের ভোটে ৬ জন নির্বাচিত নারী সংসদ সদস্য এবং ৫০ জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রয়েছেন। তারা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

প্রতিনিধিদল সাক্ষাৎকালে জার্মানি-বাংলাদেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার এবং বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করে।

প্রতিনিধিদলটি জার্মানির ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ-বুন্দেস্ট্যাগ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে গেরোল্ড ওটেন, জোহান সাথফ, উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বৈঠকে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জার্মান দূতাবাসের প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানালেন প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানালেন প্রেস সচিব

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন যে, ফ্যাক্টচেকিংয়ের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি উল্লেখ করেন, গুজব, গুঞ্জন ও অপপ্রচার রুখতে তথ্য যাচাইয়ের বিকল্প নেই। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর ভুল তথ্য থেকে জনগণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’-এ অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, বর্তমানে অনলাইন পোর্টাল, পত্রপত্রিকা ও গণমাধ্যমের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিপুলসংখ্যক তথ্য ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, ‘এসব তথ্য শুধু সরকারকে বিব্রত করছে বা সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে—বিষয়টি এমন নয়। বরং অনিবন্ধিত অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য, গুজব, গুঞ্জন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়িয়ে পড়ায় সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য গণমাধ্যমকে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।’

তিনি আরো বলেন, ‘আমার ধারণা, তিন মাস যদি এমন সচেতনতামূলক একটি অনুষ্ঠান কোনো একটি টেলিভিশনে চলে, কিংবা অন্তত সবগুলো টেলিভিশনে চলে, দেখবেন জনগণ এমনিতেই সচেতন হয়ে যাবে।

আর যারা মিসইনফরমেশন-ডিসইনফরমেশনের এই ব্যবসা খুলে বসেছেন, তারাও নিজেদের গুটিয়ে নেবেন।’

সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ের বিষয়ে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে।

তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের নীতিমালা থাকা প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তা লেখা নয়। স্বাধীনতা মানে হচ্ছে এটা নয় যে, যা ইচ্ছে আপনি তা লিখবেন।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সীমা সরকার, কোনো ব্যক্তি বা সাংবাদিক নির্ধারণ করবেন না; আইন ও বিধি অনুযায়ী আদালত সেই সীমারেখা নির্ধারণ করবে।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, বিগত দিনের প্রশাসনিক কাঠামোর দুর্বলতা এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ঝুঁকি মোকাবিলা করে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

সালেহ শিবলী বলেন, সরকার সব নাগরিকের জন্য কাজ করার চেষ্টা করছে। সরকার সকলের হওয়ার প্রাণান্তকর চেষ্টা করছে।

সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরে সালেহ শিবলী বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি শুরু করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তাদের সুদসহ সম্পূর্ণ ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। এতে সারা দেশের প্রায় ১২ লাখের বেশি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে হাম পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি নির্দিষ্ট টিকা দেওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারিতে হাম ছড়িয়ে পড়ার সময় টিকার সংকট দেখা যায়। ফেব্রুয়ারিতে যখন হাম ছড়ানো শুরু করলো, তখন দেখা গেলো টিকা নেই। এর অর্থ হলো এর আগে পাঁচ বছর ঠিকমতো টিকা দেওয়া হয়নি।

হাম-রুবেলা টিকা নিয়ে সালেহ শিবলী বলেন, সাধারণত শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দুই মেয়াদে হাম-রুবেলার টিকা দেওয়ার কথা। কিন্তু বিগত সরকারগুলোর আমলে গত পাঁচ বছরে বহু শিশু টিকার আওতার বাইরে ছিল। ফলে মার্চ থেকে রোগটির প্রাদুর্ভাব দেখা দিলে টিকার সংকট তৈরি হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে শোকসন্তপ্ত মায়েদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরকার অতীতের ওপর দায় চাপিয়ে বসে থাকেনি।’

‘এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে দেশের ৩৫টি জেলায় এবং পরবর্তীতে মে-জুন মাসে এক কোটির বেশি শিশুকে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সহায়তায় টিকাদানের আওতায় আনা হয়েছে।’

প্রধানমন্ত্রীর নামের আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহারের বিষয়ে প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে সম্মান জানানো আমাদের সংস্কৃতির অংশ। তবে সরকারি অফিসে প্রতিদিন শত শত ফাইলে স্বাক্ষর করার সময় নামের পাশে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ লিখে উপস্থাপন করা যৌক্তিক নয়। এ কারণে সরকারি নথিতে এ ধরনের স্ব-সম্বোধনের প্রথা বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুধু রাজনীতি বা সরকারের দোষারোপের মধ্যে সীমাবদ্ধ না থেকে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের সামাজিক সুরক্ষা ও যোগ্য সম্মান নিশ্চিত করার আহ্বান জানান প্রেস সচিব।

তিনি বলেন, প্রতিটি নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা দেওয়া কল্যাণ রাষ্ট্রের মূল লক্ষ্য এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহসভাপতি মেহেদী আজাদ মাসুম ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%