ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মিরাজকে অন্তর্ভুক্ত করে শেষ ওয়ানডের দল প্রকাশ


মিরাজকে অন্তর্ভুক্ত করে শেষ ওয়ানডের দল প্রকাশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মেরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তবে আজ শুক্রবার মাথায় আঘাত পাওয়া মিরাজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তাকে নিয়েই বিসিবি শেষ ওয়ানডের দলের ঘোষণা দিয়েছে।

জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, এবং পরে সে একটু বমি করেছিল। এটি কিছুটা চিন্তার ছিল। তবে, সে খেলতে থাকে। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার এবং ফিজিওরা সিদ্ধান্ত নেন, তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

দুই ম্যাচ জিতে বাংলাদেশ ইতোমধ্যেই ২-০ তে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছে। তাদের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার লক্ষ্য রয়েছে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল হলো- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াই বছরে ৭৫ দুর্ঘটনায় পদ্মা-মধুমতি সড়কে ঝরেছে ৪৫ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


আড়াই বছরে ৭৫ দুর্ঘটনায় পদ্মা-মধুমতি সড়কে ঝরেছে ৪৫ প্রাণ

স্বপ্নের পদ্মা ও মধুমতি সেতু চালুর পর রাজধানী ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক অবিস্মরণীয় বিপ্লব ঘটেছে। যোগাযোগের ক্ষেত্রে পথের দূরত্ব কমিয়ে এনে মূল্যবান সময়ের সাশ্রয় হয়েছে। তবে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই মেগা প্রকল্পের পূর্ণ সুফল এখন নড়াইলবাসীর জন্য বিষাদে পরিণত হয়েছে।

ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের ভাটিয়াপাড়া-বেনাপোল অংশটি প্রশস্ত না করায় বর্তমানে এই রুটটি এক ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। নড়াইলবাসীর দীর্ঘদিনের আশা ছিল এই মহাসড়কটি আধুনিক ও নিরাপদ হবে, কিন্তু গত আড়াই বছরে এখানেই ৪৫ জন মানুষের অকালে প্রাণহানি ঘটেছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মধুমতি সেতু উদ্বোধনের পর ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত নড়াইল-বেনাপোল মহাসড়কে অন্তত ৭৫টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় দুর্ঘটনাস্থল অথবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন মোট ৪৫ জন। আর গুরুতর আহত হয়ে প্রায় ১৫০ জন মানুষ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন কাটাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার পর মধুমতি সেতু হয়ে নড়াইল-বেনাপোল সড়কের প্রায় ৭০ কিলোমিটার অংশ অত্যন্ত সরু। বর্তমানে সড়কটি মাত্র ২৪ ফুট প্রশস্ত রয়েছে। পদ্মা ও মধুমতি সেতু চালুর পর এই সড়ক দিয়ে ঢাকা, যশোর, বেনাপোল, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, মাগুরা ও কুষ্টিয়াগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস এবং ভারী পণ্যবাহী ট্রাকের চাপ কয়েকগুণ বেড়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা এই সড়কে চলছে তীব্র যানজট এবং গাড়িগুলোর বিপজ্জনক ওভারটেকিংয়ের প্রতিযোগিতা। ক্রসিং বা ওভারটেকিংয়ের সময় পর্যাপ্ত জায়গার অভাবে চাকার নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো খাদে কিংবা বিপরীতমুখী অন্য গাড়ির ওপর আছড়ে পড়ছে। ফলে প্রতিদিনই অকালে ঝরছে প্রাণ, পঙ্গু হচ্ছেন মানুষ।

২০২২ সালের ১০ অক্টোবর কালনা এলাকায় প্রথম ছয় লেনের 'মধুমতি সেতু' উদ্বোধন করা হয়। সেতুর সংযোগ সড়কগুলো আধুনিক এবং প্রশস্ত হলেও মূল সড়কটি আগের মতোই অবহেলিত রয়ে গেছে।

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পদ্মা ও মধুমতি সেতুর কারণে আমাদের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল। কিন্তু রাস্তা প্রশস্ত না করায় সেই সুবর্ণ সুযোগ এখন আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সাধারণ পথচারী, যাত্রী এবং আমাদের পরিবহন শ্রমিকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। নড়াইলবাসীর এই দুর্ভোগের শেষ কোথায়? আমরা অবিলম্বে এই রাস্তা ৪ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম সমস্যার সত্যতা স্বীকার করে জানান, নড়াইল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে ভাটিয়াপাড়া-বেনাপোল সড়কটি। হঠাৎ যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঘটনা বাড়ছে।

তিনি আরও বলেন, আপাতত সাময়িক সুরক্ষার জন্য আমাদের সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে পর্যাপ্ত সাইন-সিগন্যাল এবং সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নড়াইলবাসীর জন্য আশার কথা হলো, মহাসড়কটি স্থায়ীভাবে প্রশস্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং চলতি ২০২৬ সালের শেষদিকে এর বাস্তব কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দরের সাথে রাজধানীর সরাসরি ও দ্রুত যোগাযোগের স্বার্থে এবং নড়াইলের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ৭০ কিলোমিটার সড়ক দ্রুত চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। নড়াইলবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত এই সড়কটি প্রশস্ত করে মেগা প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ সুফল ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসীকে নির্মূলের দাবি নাইজেরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


এক বছরে ১৩ হাজারের বেশি সন্ত্রাসীকে নির্মূলের দাবি নাইজেরিয়ার

নাইজেরিয়ার গত এক বছরে সেনাবাহিনী ১৩ হাজারের বেশি সন্ত্রাসী নির্মূল করেছে, বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট টিনুবু বলেন, ২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা ৮১ শতাংশ কমেছে।

তিনি আরও বলেন, ২০২৩ সাল থেকে ‘অপারেশন সেফ করিডোর’ কর্মসূচির আওতায় এক লাখ ২৪ হাজার সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছেন। এই কর্মসূচির আওতায় দেশটিতে স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ এবং সংশ্লিষ্টদের পুনর্বাসন করা হয়।

নাইজেরিয়ার ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে টিনুবু জাতির উদ্দেশে ভাষণ দেন। দেশটিতে ১৯৯৯ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং কয়েক বছরের সামরিক শাসনের অবসানের স্মরণে এ দিবসটি পালন করা হয়।

আল জাজিরা বলছে, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়া বর্তমানে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটে রয়েছে। দেশটিতে আল কায়েদা এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পাশাপাশি বিভিন্ন অপরাধী চক্র মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে চলেছে। স্কুল, গির্জা ও মসজিদের গুরুত্বপূর্ণ স্থাপনাও এসব ঝুঁকিতে রয়েছে।

দেশটিতে সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম শুরুতে উত্তরাঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে তারা ঘন বনাঞ্চল ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও হামলা করতে শুরু করেছে।

সরকারি কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর অভিযানের ফলে গোষ্ঠীগুলো পুরোনো জায়গা ছেড়ে নতুন করে ঘাঁটি তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেল বেলায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান যে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস উল্লেখ করেন, "খবর নিয়ে জানতে পেরেছি- নিশ্চিন্তপুর এলাকার মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।" রাত ৯টা পর্যন্ত যখন এ রিপোর্ট লেখা হচ্ছিল, তখন তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। তিনি বলেন, "বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'মানুষের যখন মৌলিক অভাব থাকে, তখন জীবনধরণের তাগিদে দুর্নীতির দিকে ঝোঁকার একটি মনস্তাত্ত্বিক ও বাস্তব প্রবণতা তৈরি হয়,' এটি সমাজ বা রাষ্ট্রীয় ব্যবস্থার একটি নির্মম সত্য এবং তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, দেশের সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো বা জাতীয় পে-স্কেল প্রায় ১১ বছর ধরে নতুন করে সমন্বয় করা হয়নি। এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। ফলে সেই কঠিন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত পুনর্নির্ধারণ ও সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-উত্তর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশ কিংবা কোনো ধরনের প্রশাসনিক বা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের ওপর নির্ভর না করে কার্যকর অর্থনৈতিক নীতি, বাজার ব্যবস্থার দক্ষ পরিচালনা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেছেন, 'বাজারে পণ্যের দাম কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে হলে সামগ্রিক বাজার সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, ব্যবসায়িক অদক্ষতা দূর করা, অতিরিক্ত ও মধ্যস্বত্বভোগীদের ব্যয় কমানো এবং সরকারের পক্ষ থেকে গৃহীত কাঠামোগত সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই।' সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সামষ্টিক অর্থনীতির নানাদিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে দেশের সামষ্টিক মূল্যস্ফীতির ওপর বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সামষ্টিক অর্থনৈতিক চাপ রয়েছে, যার সঙ্গে বৈশ্বিক ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব সরাসরি যুক্ত হয়েছে।' এর বাইরে দেশের ব্যাংক খাতে বড় ধরনের মূলধন ঘাটতি এবং বিগত সরকারের আমলে ব্যাপক হারে অর্থ পাচারের কারণে ব্যাংকগুলোর তহবিলের ব্যয় বা কস্ট অব ফান্ড অনেক বেশি রয়েছে, যার সরাসরি ও সুদূরপ্রসারী নেতিবাচক প্রতিফলন পড়ছে সাধারণ মূল্যস্ফীতি ও খুচরা বাজারের ওপর। বিশ্ববাজারে আমদানিকৃত কাঁচামাল ও নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ার কারণেও দেশের বাজারে তার প্রত্যক্ষ প্রভাব দেখা যাচ্ছে। এই জটিল পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার দেশে ব্যবসা পরিচালনার ব্যয় বা কস্ট অব ডুইং বিজনেস কমাতে বিভিন্ন সুনির্দিষ্ট সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'একটি কোম্পানি প্রতিষ্ঠা কিংবা আমদানি-রপ্তানির প্রয়োজনীয় সরকারি অনুমোদন পেতে বাংলাদেশে বর্তমানে অন্তত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়, যেখানে লাল ফিতার দৌরাত্ম্য ও বিভিন্ন দপ্তরে গিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত অদৃশ্য ব্যয়ের মুখোমুখি হতে হয়।' পাশাপাশি ব্যাংক ঋণের চড়া সুদের হার, দেশের বন্দরগুলোতে পণ্য খালাস থেকে শুরু করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নানা ধাপের অতিরিক্ত খরচ এবং বিভিন্ন খাতের প্রাতিষ্ঠানিক অদক্ষতার কারণে ব্যবসার সামগ্রিক ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক কারণে যে মূল্যস্ফীতি তৈরি হয়, সেখানে সরকারের সরাসরি করার খুব বেশি কিছু থাকে না মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, 'দেশের অভ্যন্তরে যেসব কারণে ব্যবসার কৃত্রিম ব্যয় বাড়ে, সেগুলো শক্ত হাতে নিয়ন্ত্রণ করা গেলে মূল্যস্ফীতির ওপর একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।' বিশ্বব্যাপী ব্যবসা সহজীকরণের সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত নিচের দিকে থাকায় এখানে ব্যবসা পরিচালনার ব্যয়ও অনেক বেশি, যা আমূল পরিবর্তনের জন্য সরকার বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক সংস্কার ও প্রাতিষ্ঠানিক ব্যয় কমানোর ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি কার্যকর রাখার ওপর বিশেষ তাগিদ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'পণ্যের মূল উৎস বা উৎপাদনস্থল থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনকে নিয়মিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করতে হবে।' একই সঙ্গে জ্বালানি, খাদ্য ও সারসহ অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা থাকতে হবে। দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে অন্তত তিন মাসের অগ্রিম মজুত এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও পর্যাপ্ত রাষ্ট্রীয় গুদামজাতকরণ ও সংরক্ষণ সক্ষমতা গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, 'অতীতে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে গিয়ে আন্তর্জাতিক খোলা বাজার বা স্পট মার্কেট থেকে তাৎক্ষণিক ক্রয়ের ওপর নির্ভর করতে হয়েছে, যেখানে বিশ্ববাজারের মূল্যের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত গুদাম ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং কৌশলগত রাষ্ট্রীয় মজুত গড়ে তোলা গেলে আমদানি ব্যয় অনেক কমানো সম্ভব।' একই সঙ্গে দেশের বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের দক্ষতা আনা, আমলাতান্ত্রিক স্বচ্ছতা বৃদ্ধি এবং বন্দরকেন্দ্রিক দুর্নীতি ও চাঁদাবাজি কমানো গেলে সামগ্রিক ব্যবসার খরচ এবং পণ্যের পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে। দেশের সামষ্টিক অর্থনীতি পুরোপুরি সচল ও স্থিতিশীল হতে দীর্ঘ সময় লাগবে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি অত্যন্ত কঠিন এবং জটিল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং একে টেকসই ও সমৃদ্ধির পথে ফিরিয়ে নিতে সময় প্রয়োজন।' আগামী অন্তত দুই বছর কঠোর কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যয়কে এগিয়ে নিতে হবে এবং এরপর ধীরে ধীরে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে, যার সুফল হিসেবে চতুর্থ ও পঞ্চম বছরে গিয়ে দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে। বর্তমান সরকার অতীতে নেওয়া তথাকথিত বড় বড় ও অনুৎপাদনশীল মেগা প্রকল্পের মোহের বাইরে গিয়ে মানুষের জীবনমান উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বিনিয়োগের প্রকৃত সুফল নিশ্চিত করার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে ভ্যালু ফর মানি বা অর্থের সঠিক ব্যবহার কঠোরভাবে বিবেচনা করা হচ্ছে। দেশের সংস্কৃতি, বিনোদন ও অভ্যন্তরীণ পর্যটন খাতকে অর্থনীতির একটি নতুন ও শক্তিশালী চালিকাশক্তিতে পরিণত করতে ঢাকার অদূরে পূর্বাচলে ১৬০ একর বিশাল জায়গাজুড়ে একটি বিশ্বমানের সমন্বিত ক্রিয়েটিভ সেন্টার গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, 'থিয়েটার, শিল্পকলা, আধুনিক ডিজাইন স্টুডিও, বিনোদন কেন্দ্র ও নানামুখী সৃজনশীল কার্যক্রমের সমন্বয়ে গড়ে ওঠা এই বিশাল কেন্দ্রটি শুধু মানুষের বিনোদনের ক্ষেত্রই তৈরি করবে না, বরং সংস্কৃতিকে একটি অত্যন্ত লাভজনক ও আয়মুখী শিল্পে রূপান্তর করে লাখো তরুণের কর্মসংস্থান ও পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।' এই ক্রিয়েটিভ ইকোনমির অংশ হিসেবে সরকার তাৎক্ষণিকভাবে প্রায় ৮০০ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ কার্যক্রম শুরু করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%