ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে মাদক মামলার মুখোমুখি মেক্সিকোর রাজনীতিক, আত্মগোপনের অভিযোগ প্রত্যাখ্যান


যুক্তরাষ্ট্রে মাদক মামলার মুখোমুখি মেক্সিকোর রাজনীতিক, আত্মগোপনের অভিযোগ প্রত্যাখ্যান

সহিংসতাকবলিত মেক্সিকোর সিনালোয়া রাজ্যের সাবেক গভর্নর রুবেন রোচা মোয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাদকসংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হওয়ার পর আত্মগোপনে রয়েছেন- এমন অভিযোগ বৃহস্পতিবার তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি মে মাস পর্যন্ত ওই রাজ্যের গভর্নরের দায়িত্বে ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত এপ্রিলের শেষ বিভাগে রোচা মোয়া এবং আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মাদক সরবরাহের জন্য তারা কুখ্যাত ‘সিনালোয়া কার্টেলের’ সঙ্গে যোগসাজশ করেছেন। এর আগে কোনো দায়িত্বপালনরত মেক্সিকান রাজনীতিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অভিযোগ আনার ঘটনা এটিই প্রথম।

এই সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে লুলার বিজয়ে বিশ্বনেতাদের অভিনন্দন ও সহযোগিতার প্রতিশ্রুতি

রোচা মোয়া বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকান শহরে নিজের বাড়িতেই আছি, কোথাও যাইনি। ফেডারেল এজেন্টরা আমাকে সুরক্ষা দিচ্ছেন না বা নজরদারিও করছেন না।’

সম্প্রতি কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানে গ্রেফতার এড়াতে ফেডারেল নিরাপত্তা বাহিনী তাকে অন্য একটি স্থানে সরিয়ে নিয়েছে। তবে এ ধরনের কোনো অভিযানের পরিকল্পনার খবর জানা যায়নি।

রোচা মোয়া অভিযোগ করেছেন, তিনি ‘গণমাধ্যমের আক্রমণ’ এবং ‘চরম ডানপন্থীদের প্রচারিত ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন। ৭৭ বছর বয়সী এই রাজনীতিক মে মাসে গভর্নরের দায়িত্ব থেকে সাময়িক ছুটি নেন, তবে পদত্যাগ করেননি।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং তার রাজনৈতিক পরামর্শদাতা ও সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের বামপন্থী দল মোরেনার সদস্য। শেইনবাউম এর আগে জানিয়ে ছিলেন, রোচা মোয়া ফেডারেল নিরাপত্তা সুরক্ষা ছাড়াই নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও বলেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ‘প্রমাণ’ দিতে হবে।

আরও পড়ুন: রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিমান

সিনালোয়া কার্টেল মেক্সিকোর ছয়টি মাদক চক্রের একটি, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছেন। সিনালোয়া নামের এই রাজ্যটি দীর্ঘদিন ধরে দুই উত্তর আমেরিকান দেশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ বিষয় হয়ে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে মেক্সিকো ঘোষণা করেছে, ২০০৪ সালে সিনালোয়া কার্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদাকে যুক্তরাষ্ট্রের গ্রেফতার বিষয়ে এবং এতে মেক্সিকোর সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন বাভি’র আশঙ্কায় তাইওয়ানে হাজারো মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


টাইফুন বাভি’র আশঙ্কায় তাইওয়ানে হাজারো মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্র ও শনিবার টাইফুন বাভি তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল, পাশাপাশি জাপানের দক্ষিণ-পশ্চিমের দূরবর্তী দ্বীপগুলোতে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পর এটি চীনে আছড়ে পড়তে পারে। চলতি সপ্তাহে প্রাণঘাতী ঝড়ে চীন ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

তাইওয়ানের কিলুং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

বন্দর নগরী কিলুং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত করেছেন। তারা জানালায় টেপ লাগিয়েছেন এবং সড়কের সমতলে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের প্রবেশমুখে বালুর বস্তা সাজিয়ে রেখেছেন। কর্তৃপক্ষের সতর্কবার্তা মেনে তারা আগাম প্রস্তুতি নিয়েছেন।

তাইপের কাছে উপকূলীয় বালি জেলার একটি নুডলসের দোকানে কাজ করা স্যামুয়েল ফু বলেন, ‘আমরা উদ্বিগ্ন।’ ২০ বছর বয়সী ফু এএফপিকে বলেন, ‘দোকান খোলার পর এবারই প্রথম এত বড় টাইফুনের মুখোমুখি হচ্ছি।’

সোমবার সুপার টাইফুন হিসেবে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় বাভির শক্তি কিছুটা কমে টাইফুনে পরিণত হয়।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, শুক্রবার বাভির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার। বৃহস্পতিবারের তুলনায় এর গতি কিছুটা কমেছে।

সিডব্লিউএর আবহাওয়াবিদ ওয়াং পিং-শিয়াং বলেন, ‘পরিবেশগত পরিস্থিতি অনুকূলে না থাকায় টাইফুনটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘তাইপে, নিউ তাইপে, কিলুং ও ইলান সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মধ্য ও উত্তর তাইওয়ানের পার্বত্য এলাকায়।’

বাভির প্রবল বাতাসের বিস্তৃতি ৩৮০ কিলোমিটার। ফলে এটি ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হতে যাচ্ছে।

শুক্রবার উত্তর ও পূর্ব তাইওয়ানের অনেক এলাকায়, রাজধানী তাইপেসহ, স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে।

কিলুংয়ে বাসিন্দারা তাজা ফল ও সবজি কিনতে বাজারে ভিড় করেছেন। ভ্রাম্যমাণ খাবার বিক্রেতারা তাদের স্টল সুরক্ষিত করছেন। একটি মন্দির কর্তৃপক্ষও ঝড়ের আগে বাইরে থাকা একটি মূর্তি ঢেকে বেঁধে রেখেছেন।

বাভি’র প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

তাইওয়ানের পূর্বাঞ্চলের পার্বত্য হুয়ালিয়েন কাউন্টিতে দুইটি প্রাকৃতিক বাঁধ পর্যবেক্ষণে রাখা হয়েছে কর্তৃপক্ষের দ্বারা। সেখানে বেশি ঝুঁকি থাকায় সহস্রাধিক মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বাভিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকার মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে বলেন, ‘টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে এখন মাঝারি মাত্রার টাইফুনে পরিণত হলেও এর বিস্তৃত বায়ুপ্রবাহ দেশের বিভিন্ন এলাকায় এখনও প্রবল বাতাস ও ভারী বৃষ্টি বয়ে আনতে পারে।’

তাইওয়ান অতিক্রম করার পর সপ্তাহের শেষে পূর্ব চীনে বাভির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহে বৈরী আবহাওয়া ইতোমধ্যে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঝড়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। অনেক নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে ও একটি জলাধারের বাঁধ ভেঙে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

 রাশিয়া জানিয়েছে যে, দেশজুড়ে রাতে ইউক্রেনের ছোড়া ৩৭৬টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি, মস্কো জানিয়েছে, দেশটির কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন সাম্প্রতিক সময়ে মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলাকে রাশিয়ার পাল্টা জবাব হিসেবে ইউক্রেন দেখছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ম্যাক্স’ প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে, এমনকি রাজধানী মস্কো অঞ্চলের আকাশেও, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার ফলে রাশিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি তেল স্থাপনায় আগুন লেগেছে। ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়েছে। একই অঞ্চলের আজভ জেলায় দুটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

ক্রাসনোদার অঞ্চলের সেভেরস্কায়া জেলার প্রশাসন টেলিগ্রামে জানায়, ওই এলাকার বিভিন্ন স্থানে ড্রোনের অংশবিশেষ পড়েছে। এর মধ্যে একটি বাড়িতে ড্রোনের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। ওই এলাকায় ইলস্কি তেল শোধনাগার অবস্থিত।

আজভ এলাকায় জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত মাসে স্বীকার করেছেন যে, ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে। এর জবাব হিসেবেই রাশিয়ার জ্বালানি স্থাপনায় এসব হামলা চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪২৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪২৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মোট ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬১ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে ৮৮ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে এক কেজি ৭৭ গ্রাম গাঁজা, ছয় হাজার ২৫টি ইয়াবা ট্যাবলেট, তিন গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুটি ছুরি, একটি কুড়াল, একটি শাবল এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

ডিসি নিয়াজ মেহেদী আরও জানান, ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ডোনাল্ড ট্রাম্প

পারস্য উপসাগরে চলমান আমেরিকা এবং ইরানের তীব্র সংঘাতের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন মন্তব্য করেছেন।

নাটকীয় এই মন্তব্যটি তিনি তুরস্কের ন্যাটো সম্মেলনের পরে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে, ইরান যদি ওই বিমানে হামলা চালায়, তবে এতে থাকা সাংবাদিকরাও রেহাই পাবেন না। তার এই মন্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আবারো বিশ্বমঞ্চে স্পষ্টভাবে তুলে ধরেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা পরিচালনা করেছে, যেখানে বিমানে থাকা সাংবাদিকরা ট্রাম্পকে তাদের নিরাপত্তা বিষয়ক প্রশ্ন করেছেন এবং সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকির সম্পর্কে জানতে চান। ট্রাম্প তাদেরকে বলেছেন যে, তিনি সবসময়ই একধরনের বড় ঝুঁকির মধ্যে আছেন এবং ইরানের তালিকায় তার নাম এক নম্বরে রয়েছে। এরপর তিনি সাংবাদিকদের দিকে ইঙ্গিত করে স্বভাবসুলভ কড়া ও হাস্যরসাত্মক সুরে বললেন, “যদি আমি মারা যাই, তবে তোমরাও মরবে। তাই হয়তো তোমাদের মধ্যে কয়েকজনের এখনই পেশা পরিবর্তন করা উচিত।”

জানা গেছে, নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে ট্রাম্প তার নতুন বিলাসবহুল বিমানের পরিবর্তে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানে তুরস্ক ত্যাগ করেছেন।

আমেরিকা এবং ইরানের মধ্যে ‘ইটের বদলে পাটকেল’ নীতি এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা বৃহস্পতিবার রাতে আরও তীব্র হয়ে ওঠে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে গত মাসে স্বাক্ষরিত ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এসেছে। হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার পর, ট্রাম্প পূর্বেই ইঙ্গিত দিয়ে ছিলেন যে, তারা ইরানকে বড় ধরনের শিক্ষা দিতে যাচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাব দিতে এই মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের কঠোর অবস্থানের বিপরীতে সুর চড়িয়েছে তেহরানও। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের সামনে কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা নেই। তিনি ট্রাম্পের পক্ষ নেওয়া উপসাগরীয় দেশগুলোকে তাদের তেল ও গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার হুমকি দিয়েছেন। ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে ‘স্মারকটি শেষ’ বলে ঘোষণা দেওয়ার পর, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন একটি সংকটের আভাস নির্দেশ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%