সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:৫৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুটি পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মশলা এবং একটি বাইসাইকেল জব্দ করেছে। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ মনোহরপুর বিওপির টহল দল দুটি আলাদা অভিযান পরিচালনা করে এবং এসব মালামাল জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২৬ অক্টোবর সকাল ৭টা ১০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে বিশেষ টহল দল অভিযান চালায়। এই অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর, সকাল ৯টা ৫০ মিনিটে একই ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে মনোহরপুর বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং একটি বাইসাইকেল জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, বিড়ির মসলা ও বাইসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, "দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক চোরাচালান দমন এবং সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে ইজি বাইকের ধাক্কায় এক নারী (বয়স আনুমানিক ৫০) নিহত হয়েছেন। চালক ঘটনার পর পালিয়ে যান। সোমবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি একজন পথচারী ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজি বাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যাওয়ার সময় হঠাৎ এক নারী গাড়ির সামনে চলে আসেন। তখন দ্রুতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর চালক ভয়ে দৌড়ে পালিয়ে যান। ইজিবাইকটি সেখানেই একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের বারামখানা খ্যাত আখড়াবাড়ির দানবাক্স মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের খোলা হলো। এবার দানবাক্স খুলে মোট ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এবং সাংবাদিকদের উপস্থিতিতে মাজারের দুটি দানবাক্স সিলগালা ভেঙে খোলা হয়।
এর আগে, গত ১০ অক্টোবর প্রথমবারের মতো দানবাক্সের টাকা প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা উদ্ধার করা হয়। পরে এই অর্থ লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসবের কারণে বছরে চারবার দানবাক্স খোলা হয়। তারই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাতদিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। এই অর্থ আজই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন পে স্কেলের প্রজ্ঞাপনসহ বিভিন্ন দাবির ভিত্তিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু করবেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ করা, বদলির ফল প্রকাশ এবং আসন্ন ঈদ উপলক্ষে শতভাগ উৎসব ভাতা প্রদান।
আজ সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনও বদলির ফল প্রকাশিত হয়নি। ফলে, নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।
সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। আজিজী বলেন, এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করা প্রয়োজন।
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা না দেওয়া বৈষম্য বলে দাবি করেছেন এই শিক্ষক নেতা। তিনি বলেন, এই বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এই তিন দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের রাজধানী লণ্ডনের বিশ্বখ্যাত কেনাকাটার কেন্দ্র ‘অক্সফোর্ড স্ট্রিট’ এখন সম্পূর্ণরূপে যানবাহনমুক্ত হয়ে গেছে। সড়কটির প্রায় এক কিলোমিটার দীর্ঘ অংশকে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক সড়কে গাড়ি, বাস, ট্যাক্সি এবং সাইকেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
অরচার্ড স্ট্রিট থেকে গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই অংশটিকে এখন একটি সম্পূর্ণ যানজট ও দূষণমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে কিছু নির্দিষ্ট পয়েন্টে উত্তর ও দক্ষিণ অভিমুখে যানবাহন পারাপারের সুযোগ রাখা হয়েছে। এই পথ দিয়ে চলাচলকারী বাসগুলোকে বিকল্প সড়কগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
লণ্ডনের মেয়র লর্ড সাদিক খান এই ঐতিহাসিক সিদ্ধান্তকে অক্সফোর্ড স্ট্রিটের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে সড়কটির দীর্ঘদিনের "অবক্ষয়ের অবসান" ঘটেছে এবং এটি শহরের অর্থনৈতিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে মেয়রের এই পদক্ষেপের প্রতি উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা উদ্বেগও প্রকাশিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একটি অংশের আশঙ্কা, প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় পার্শ্ববর্তী এলাকাগুলোতে যানজট এবং অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি পেতে পারে।
বর্তমানে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এই রূপান্তর প্রকল্পের প্রাথমিক অবকাঠামোগত কাজ সম্পূর্ণ হতে আগামী বছরের বসন্তকাল পর্যন্ত সময় লাগবে। সূত্র: বিবিসি নিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ