০৪:৫২ পি.এম
বরিশালে আদালত থেকে বাসায় ফেরার পথে সহকারী জজ নিখোঁজ।
বরিশালে দাপ্তরিক কাজ শেষে আদালত থেকে বাসায় ফেরার পথে শেখ ফারহান নাদিম নামে এক সহকারী জজ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (গতকাল) বিকেলে আদালত চত্বর থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শেখ ফারহান নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত রয়েছেন। বরিশালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের
আদালত ও পরিবার সূত্রে জানা যায়, বিচারক নাদিম তাঁর পরিবার নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বিচারকদের সরকারি আবাসিক কোয়ার্টারে বসবাস করেন। আদালত প্রাঙ্গণ থেকে তাঁর বাসার দূরত্ব মাত্র এক কিলোমিটারের মতো।
উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, বিচারক নাদিম সাধারণত অন্যান্য বিচারকদের সঙ্গে সরকারি মাইক্রোবাসে যাতায়াত করতেন না। প্রতিদিন তিনি হেঁটে কিংবা রিকশায় চড়ে আদালতে আসা-যাওয়া করতেন। মঙ্গলবার বিকেলে আদালতের কাজ শেষ করে তিনি যথারীতি বাসার উদ্দেশে রওনা হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি আদালত কর্তৃপক্ষকে জানান। পরদিন বুধবার সকালে তিনি কর্মস্থলে উপস্থিত না হলে প্রশাসন ও পুলিশের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিখোঁজ বিচারকের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ট্র্যাক করে মঙ্গলবার রাতে নগরের হেমায়েত উদ্দিন রোডের কসাই মসজিদ এলাকা শনাক্ত করা হয়েছে। এরপর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে কি না বা তিনি কোথায় আছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “একজন বিচারকের নিখোঁজ হওয়ার ঘটনায় আদালতের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ।”
আরও পড়ুন: ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু সালেহ মো. রায়হান জানিয়েছেন, বিচারক শেখ ফারহান নাদিমের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাঁকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন