মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
০৫:০১ পি.এম
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের পর এবার টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় পদে ফিরিয়ে আনার দাবি উঠেছে।
টাঙ্গাইলের তৃণমূল নেতা-কর্মীদের একাংশ এ দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও বিবৃতিতে স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, নড়াইলে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে টাঙ্গাইলেও একই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁদের মতে, অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে তাঁর আগের পদে ফিরিয়ে দিলে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
তৃণমূল নেতা-কর্মীদের দাবি, ফরহাদ ইকবাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজপথে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তাঁকে পুনরায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা প্রয়োজন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ২০২৬ সালের ২১ জানুয়ারি অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকেও।
পরবর্তীতে ১৭ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়। এ সিদ্ধান্তের পর টাঙ্গাইলেও ফরহাদ ইকবালকে দলীয় পদে ফিরিয়ে আনার দাবি ও আলোচনা নতুন করে সামনে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন যে, ইউরোপের দেশগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের জন্য প্রশিক্ষণ দেওয়া কুকুর ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, এই কুকুরগুলো বিক্রি করে কিছু ইউরোপীয় নাগরিক মুনাফা লাভ করছে। আলবানিজ বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের ইংরেজি সংস্করণে আলবানিজের বক্তব্যসহ একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ‘ইউরোপীয় দেশগুলোতে প্রশিক্ষিত কুকুর দিয়ে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ করা হচ্ছে। ইউরোপের মানুষ ফিলিস্তিনিদের ধর্ষণের কাজে ব্যবহৃত কুকুর বিক্রি করে মুনাফা করছে। এটি জঘন্য।’
আলবানিজের এই বক্তব্যের পটভূমি পাওয়া যায় গত ৪ নভেম্বর আয়ারল্যান্ডের পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির বৈঠকে। সেখানে তিনি ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার বক্তব্যের লিখিত বিবরণ আয়ারল্যান্ডের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনে কুকুর ব্যবহারের অভিযোগসহ তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
বৈঠকে আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন ও ধর্ষণের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব নির্যাতনের ব্যাপকতা ও ধরন আরো ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
আলবানিজ বন্দীদের সাক্ষ্য উল্লেখ করে বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে এসব কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরে সেগুলো বিক্রি বা ইসরাইলে পাঠানো হয়। ইউরোপের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের প্রয়োগ নেই।
ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গত জুনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা। সেখানে ইসরাইলের বিভিন্ন বন্দিশিবির ও কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনির সাক্ষ্য তুলে ধরা হয়। তাদের মধ্যে কয়েকজন কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন।
প্রতিবেদনে মোহাম্মদ জাকি আল-বাকরি নামের গাজার এক সাবেক বন্দীর বক্তব্য তুলে ধরা হয়। তিনি দাবি করেন, ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়, হাত-পা বেঁধে রাখা হয় এবং একটি বড় কুকুর দিয়ে যৌন নির্যাতন করা হয়। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরো কয়েকজন সাবেক বন্দী।
আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এসব সাক্ষ্যে শুধু কুকুর দিয়ে আক্রমণের অভিযোগই নয়, বন্দীদের নগ্ন করা, মারধর, চোখ বেঁধে রাখা, যৌন নিপীড়ন এবং নির্যাতনের দৃশ্য ধারণের মতো ঘটনার কথাও উঠে এসেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজও ওই অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন।
তবে কুকুরকে পরিকল্পিতভাবে যৌন নিপীড়নের কাজে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ) এ বিষয়ে কুকুরের আচরণ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ জেমস ক্রসবির মতামত প্রকাশ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানাইন ব্রেন প্রকল্পের সঙ্গে যুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, কোনো কুকুরকে সফলভাবে যৌন নিপীড়ন করার জন্য প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত অসম্ভব বলে মনে হয়।
ক্রসবি ব্যাখ্যা করেন, কুকুরকে মানুষের শরীরের ওপর ওঠা বা নির্দিষ্ট কিছু শারীরিক আচরণ শেখানো সম্ভব হলেও যৌন নিপীড়নের অভিযোগে বর্ণিত অনুপ্রবেশমূলক কর্মকাণ্ড প্রশিক্ষণের মাধ্যমে করানো সম্পূর্ণ ভিন্ন বিষয়।
অন্যদিকে, ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আলবানিজের বক্তব্যকে ‘মিথ্যা ও জঘন্য অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির কারা কর্তৃপক্ষও বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
পার্লামেন্টের বৈঠকে আলবানিজ শুধু বন্দীদের নির্যাতনের অভিযোগই তোলেননি; ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন। তার মতে, ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান অবস্থান আন্তর্জাতিক আইন রক্ষার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব কাজে লাগিয়ে সদস্যদেশগুলোকে ইসরাইলের বিষয়ে অবস্থান পরিবর্তনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় আয়ারল্যান্ডের দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন।
ফ্রানচেস্কা আলবানিজ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। তার বক্তব্য ও অভিযোগ তার নিজস্ব ম্যান্ডেটের অধীনে দেওয়া পর্যবেক্ষণ; এগুলো স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের সব সংস্থার আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য হয় না।
সূত্র: দ্য আইরিশ টাইমস, আলজাজিরা , জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ), দ্য টাইমস অব ইসরাইল ও
আইবিটাইমস ইউকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যা করার ঘটনায় ৬ জন আসামির বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে। আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে, এবং অর্থদণ্ডের অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোসাম্মৎ সামশাদ বেগম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন—তাজুল ইসলাম, নূর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া (পলাতক) এবং খুরশেদ মিয়া (পলাতক)। আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ৬ জন আসামি ছিল।
দীর্ঘ সময় ধরে বিচারাধীন এই মামলার রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পেয়েছেন।’
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের জন্য ৩০ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা, যাদের নেতৃত্ব দিচ্ছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ‘মঞ্চ ২৪’ নামের একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে শুরু হওয়া এই কর্মসূচি এখনও চলমান রয়েছে।
কর্মসূচির সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’।
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, "আমরা গতকাল থেকে অবস্থান করছি, এর মাঝে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি তারা আমাদেরকে দুইটা মুলা ঝুলিয়ে দিয়েছে। ভর্তি পরীক্ষা আর অডিটের নামে তারা আমাদেরকে মুলা ঝুলানোর চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।"
মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, "আমরা গতকাল থেকে এখানে অবস্থান করছি। প্রশাসন আমাদেরকে অযৌক্তিক যুক্তি দিয়ে দুইটা মুলা ঝুলিয়ে দিয়েছে। যার ফলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। তারা চাচ্ছেন না যে রাকসু হোক। রাকসু শিক্ষার্থীদের অধিকার এটা দিতেই হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এছাড়া আমাদের যদি মনে হয় এভাবে কাজ হচ্ছে না তাহলে আমরা অন্য কর্মসূচি দিতে বাধ্য হবো।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহিংসতারোধে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার বলেন, "জনগণের জানমাল রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে।" তিনি আরও বলেন, "সহিংসতার বিরুদ্ধে অবশ্যই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জানান তিনি।
দেশব্যাপী ফ্যাসিবাদবিরোধী কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি উল্লেখ করেন, ২১ নভেম্বর রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। তিনি জানান, ডিসেম্বরে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।
বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, "গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টায় দেশে আজ রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে।" তিনি উল্লেখ করেন, সরকারের ওপর ফ্যাসিবাদবিরোধী জনতা আর আস্থা রাখতে পারছে না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, "গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্থ করতেই সরকার নিষিদ্ধ আওয়ামী লীগকে মাঠে সুযোগ দিচ্ছে।"
গোলাম পরওয়ার আরও বলেন, "সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা সারাদেশে ছড়িয়ে পড়ছে।" তিনি প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী আমলাদের বিষয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ