০৭:৩২ পি.এম
//সৈকত দাশ//
বান্দরবান, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার রুমা উপজেলায় সাঙ্গু নদীর তীরে চিম্বুক পাহাড়ের কোল ঘেঁষে এক স্বর্গীয় জলপ্রপাত রূপের পসরা সাজিয়ে বসে আছে। পাহাড়ের দিকে নজর দিলেই চোখ আটকে যায়।
পাথুরে পাহাড়ের খাড়া দেয়াল বেয়ে ঝিরঝির করে নেমে আসছে স্বচ্ছ জলরাশি। মুহূর্তের মধ্যে সেই জলধারা ঝপ করে আছড়ে পড়ছে প্রায় ৩শ’ ফুট নিচের ভূমিতে। পাহাড়ের বুক থেকে নিচে নামতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। শীতল এই পানির চারপাশে সবুজ গাছগাছালি মিলে এক ছায়াময় পরিবেশ তৈরি করেছে। প্রকৃতির এই অসাধারণ জলকাব্য যেন পাহাড়ের নীরবতাকে ভেঙে তৈরি করেছে এক অপার্থিব সুর। এখানে কথা হচ্ছে রিজুক ঝর্ণার। বান্দরবানের এটি রুমা উপজেলায় অবস্থিত। ঝর্ণায় জলপথের সঙ্গী সাঙ্গু নদ।
আরও পড়ুন: নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, সুবিধা পাবেন ভেটেরানরা!
বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৬৬ কিলোমিটার এবং রুমা বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত এই দৃষ্টিনন্দন ঝর্ণা। নদপথে রুমা বাজার থেকে থানচি যাওয়ার পথে সহজেই চোখে পড়ে পাহাড়ের বুক থেকে নেমে আসা রিজুক জলধারা। মারমা ভাষায় ঝর্ণাটির নাম ‘রী স্বং স্বং’ বলে পরিচিত।
স্থানীয়দের মতে, বর্ষা কিংবা শীত—যে কোনো ঋতুতেই থেমে থাকে না এর জলপ্রবাহ। তবে বর্ষায় ঝর্ণার রূপ হয়ে ওঠে আরও বেশি রোমাঞ্চকর। পাহাড়ি ঢলে পানির স্রোত বেড়ে গেলে জলপ্রপাতের কাছাকাছি পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। প্রবল স্রোতের কারণে বড় ইঞ্জিনচালিত নৌকা নিয়েও ঝর্ণার কাছে যেতে মাঝিদের বেশ বেগ পেতে হয়।
বর্ষায় পাহাড়ি ঢলের পানিতে ঝর্ণার জলধারা আরও শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে শুষ্ক মৌসুমে স্বচ্ছ জলধারা আর সবুজ পাহাড়ের মিতালি তৈরি করে শান্ত, স্নিগ্ধ এক পরিবেশ। পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়া পানির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসেন। নদীপথে নৌভ্রমণের পাশাপাশি পাহাড়ের বুক থেকে নেমে আসা জলপ্রপাতের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।
আরও পড়ুন: রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার ৬ উপায় প্রকাশ
১০ বছর ধরে নৌকা চালানোর পেশায় নিয়োজিত চ থোয়াই মার্মা। তিনি রিজুক ঝর্ণায় পর্যটক এবং যাত্রীদের নিয়ে যান।
তিনি বাসসকে বলেন, "বর্ষকালে নদে স্রোত থাকে বেশি। ঝর্ণায় প্রচুর পানি পড়ে। দেখতে অনেক সুন্দর। প্রচুর পর্যটকরা এ সময় ঝর্ণা দেখতে আসেন। তখন আমরা ভালো আয় করতে পারি। এখন পর্যটন মৌসুম। এখনও প্রতিদিন প্রচুর পর্যটক আসে। সেখানে ঘুড়তে যাই।"
প্রকৃতির অপার সৌন্দর্য আর পাহাড়ি জীবনের বৈচিত্র্যে ভরপুর বান্দরবানের অন্যতম আকর্ষণ রিজুক ঝর্ণা। সারা বছর বয়ে চলা এর জলধারা যেন পাহাড়ের প্রাণস্পন্দন। প্রকৃতির এই চিরতরুণ সৃষ্টি মনে করিয়ে দেয়—পাহাড়ের এই সৌন্দর্য শুধু দেখার বিষয় নয়, অনুভব করারও।
এ ঝর্ণা দেখার জন্য সুদূর রাজধানী ঢাকা থেকে বন্ধুদের সাথে এসেছেন সাইফুল আলম সিদ্দিকী।
আরও পড়ুন: ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা বাড়ে, নিয়ন্ত্রণে যা করবেন
তিনি বাসস প্রতিনিধিকে বলেন, "এখানে এসে স্বচ্ছ জলধারায় গোসল করলাম।" টাঙ্গাইল থেকে আসা আরেক পর্যটক তাসনুভা বলেন, "পাহাড় থেকে বয়ে পড়ছে স্বচ্ছ জলরাশি। অসাধারণ সৌন্দর্য। দেখার মতো। না দেখলেই বোঝা যেতো না।"
রিজুক পাড়ার স্থানীয় বাসিন্দা চিসিঅং। পেশায় জুমচাষী। তিনি জানান, "বর্ষকালে নদে প্রচুর পানি থাকে। তখন নৌকায় একমাত্র ভরসা। তবে এসময়ে নদে তেমন পানি নেই। পর্যটকরা ইচ্ছে করলে আধ ঘণ্টায় নৌকা করে রিজুক ঝর্ণায় আসতে পারেন। আবার পানি কম থাকায় ১ ঘণ্টায় হেঁটে রিজুকে আসা যায়।"
তিনি বলেন, "রিজুক ঝর্ণা থেকে ৫ মিনিট হাঁটলে রিজুক পাড়া। এখাতে ৩৬ মারমা পরিবার বসবাস করে। তবে পর্যটকদের জন্য এখানে হোটেল মোটেল নেই।"
এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বন্ধ থাকা এসব পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন রুমা উপজেলার কেওক্রাডং চূড়া হতে সুংসুংপাড়া পর্যন্ত যাতায়াত উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত করা হয়েছে রিজুক ঝর্ণাও। এরপর থেকে নদীপথে রিজুক ঝর্ণা যেতে আর কোনও বাধা নেই।
আরও পড়ুন: টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির বিস্ফোরক প্রচারণা সামনে এল
এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে রিজুক ঝর্ণাসহ বেশ কয়েকটি পর্যটন স্পট সাময়িক বন্ধ রাখে প্রশাসন।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বাসসকে বলেন, "এখন অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোর মতো আইন-শৃঙ্খলা বাহিনী রুমা বাজারেও মোতায়েন রয়েছে। এখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন