ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র


স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। অনলাইন ডেস্ক থেকে জানা গেছে যে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধভাবে অবস্থানের নিয়মে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়াদের জন্য নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর চূড়ান্ত বিধিমালা মার্কিন প্রশাসন অনুমোদন করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর বরাতে ইকনোমিক টাইমস এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এই নতুন পদক্ষেপ সম্পর্কে জানায়। বর্তমানে ‘এফ’ ভিসায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু রাখা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে যতদিন ইচ্ছা যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেয়ে আসছেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা দেশটিতে প্রবেশের সময় একটি নির্দিষ্ট মেয়াদে অবস্থানের অনুমতি পাবেন। ওই নির্ধারিত সময়ের পরেও যদি পড়াশোনা শেষ না হয়, তখন তাদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নতুন করে সময় বাড়ানোর আবেদন করতে হবে।

অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতিমধ্যে এই বিধিমালার চূড়ান্ত পর্যালোচনা শেষ করেছে, যা আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের গুরুত্বপূর্ণ একটি ধাপ। নতুন এই নিয়ম ‘এফ’ ভিসাধারী, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রস্তাবিত এই নিয়ম চালু হলে বিদ্যমান ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতিটি পুরোপুরি বিলুপ্ত হবে, যা আগে শিক্ষার্থীদের পুরো শিক্ষাবর্ষজুড়ে নির্ভয়ে থাকার সুযোগ দিত। এর পরিবর্তে অধিকাংশ শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা সাধারণত চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

প্রতিবেদনের তথ্য মতে, এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের পুনরায় সময় বাড়ানোর আবেদনের প্রয়োজন হবে। এর পাশাপাশি, একাডেমিক সেশনের সময় শিক্ষার্থীরা যে ধরনের নমনীয়তা পেয়ে থাকেন, সেটিও আরো কঠোর করার কথা বলা হয়েছে এই প্রস্তাবে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রথম ২০২৫ সালে এই পরিবর্তনের প্রস্তাব করেছিল। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের সময়ও এই নীতিটি বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। তবে সে সময় তা কার্যকর করা সম্ভব হয়নি।

এখন হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় এই খসড়া নিয়মটি আনুষ্ঠানিক নীতি হিসেবে কার্যকর হওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে। এমন এক সময়ে এই বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে, যখন আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইতিমধ্যে মার্কিন ইমিগ্রেশন সিস্টেমে বাড়তি নজরদারি ও কড়াকড়ির মুখোমুখি হচ্ছেন। ওপেন ডোরস-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি হলো ভারতীয় শিক্ষার্থীরা। নতুন এই নিয়ম কার্যকর হলে ডিগ্রি সম্পন্ন করা, দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প চালিয়ে যাওয়া এবং পড়াশোনা-পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীদের বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...

১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত আইয়ুব আলী ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে নানা-নাতনির সম্পর্ক গড়ে তোলেন। বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে ধোলাই দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করেন।

এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রবাসী কল্যাণমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের ফলাফল স্পষ্টভাবে দৃশ্যমান হতে শুরু করবে। জুলাইয়ের মাসের মধ্যেই মালয়েশিয়া শ্রমবাজারের বিষয়ে সুখবর আশা করা যাচ্ছে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। মালয়েশিয়া সফরের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই সফরটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের আন্তরিক সহযোগিতার ফলে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি আরো আশা করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এর ফলে চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিশাল অগ্রগতি জনগণ দেখতে পাবেন।

ওসমানী বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নের জন্য বিমানবন্দ্রে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তার প্রয়োজনীয় যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধার গ্রহণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি যোগ করেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারে বিপুলসংখ্যক প্রবাসীর নিরাপত্তা বিবেচনায় রাখা হয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগগুলো বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়িত হবে।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনও ধরনের অনিয়ম বা অসচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

দুর্ভাগ্যবশত, কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়েও সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে পরীক্ষাগুলি শুরু হবে এবং শেষ হবে ১৬ জুলাই।

আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনি পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

নির্দেশনাটি সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জেইএএস)-এর এডিটরিয়াল বোর্ডের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাটি সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

এই সভায় ১৬টি গবেষণাপত্রের অনুমোদনের বিষয়ে অবহিত করা হয়। আরও বলা হয়, রুয়েটে গবেষকবৃন্দের চলমান গবেষণাপত্রের পরিধি ও বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন, এবং ভারপ্রাপ্ত কম্পট্রোলার শেখ মো. ফয়সাল আরেফিন।

এর আগে একই সভাকক্ষে গবেষণা মূল্যায়ন কমিটির ৩০ তম সভা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%