০৩:১২ পি.এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত অবস্থায় মাদক উদ্ধার ও চাঞ্চল্যকর মামলার সফল তদন্তের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক, সাহসিকতা’ (পিপিএম) অর্জনকারী এসআই মহিউদ্দিনের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ উঠেছে। আদালতের দ্বারা একটি মামলায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ার পরও একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে মহিউদ্দিনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে একটি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, গত ২৯/১২/২০২০ তারিখে একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি মো. রেজাউল করিম রেজাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করেন মহিউদ্দিন ও তাঁর আভিযানিক দল। গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা আসামিকে জেলহাজতে প্রেরণ করেন।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
কারাগারে থাকাকালীন কিছুদিন পর আসামি রেজাউল করিম রেজা ‘কার্ডিয়াক অ্যানিমিক ফেইলিউর’ হয়ে মৃত্যু বরণ করেন। এই মৃত্যুকে কেন্দ্র করে নিহতের বাবা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাসহ পুরো আভিযানিক দলের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে। এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশে বিষয়টির ওপর একটি বিচার বিভাগীয় তদন্ত পরিচালিত হয়। দীর্ঘ ও সূক্ষ্ম বিচার বিভাগীয় তদন্তে আভিযানিক দলের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি এবং তাঁরা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন। এর ধারাবাহিকতায়, গত ৩০/০১/২০২২ তারিখে মহামান্য আদালত মামলাটি সম্পূর্ণ খারিজ করে দেন।
আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ার পরও স্বার্থান্বেষী একটি মহল ও মাদক ব্যবসায়ীরা ওই পুলিশ কর্মকর্তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে আসামির মৃত্যুকে কেন্দ্র করে আইনি রায়কে উপেক্ষা করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট আপলোড করা হয়।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা তাঁর বিবৃতিতে জানান, মহামান্য আদালত কর্তৃক বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমরা যেখানে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি, সেখানে এতদিন পর পুনরায় মাদক ব্যবসায়ীদের প্রলোভনে প্ররোচিত হয়ে একটি চক্র ফেসবুকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আদালত অবমাননাকর এই পোস্টে বিভিন্ন অপরাধী ও মাদক ব্যবসায়ীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করছে।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তিনি আরও জানান, যারা মহামান্য আদালতের আদেশ অমান্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছে, তাদের ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে। এই অপপ্রচারের পেছনে জড়িত প্রধান হোতা এবং মন্তব্যকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন