মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৫৩ পি.এম
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে আজ রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আদালতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন এবং বিক্রি-বিতরণ, পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মনোগ্রাম ব্যবহার এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকার কারণে কাটাখালী সমসাদীপুরে অবস্থিত আলিফ ট্রেডার্স বেকারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য আমির খান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বর্তমানে শোনা যাচ্ছে, তিনি একেবারে নতুন লুকে পর্দায় হাজির হতে যাচ্ছেন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং নির্মাতা আর বাল্কির নতুন সুপারহিরো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে আলোচনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমাটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে এর গল্প এবং চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমির প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তবে, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি।
জানা গেছে, নির্মাতারা আগামী কয়েক মাস গল্প, চিত্রনাট্য এবং মূল চরিত্রের নকশা তৈরিতে মনোযোগ দেবেন। বড় বাজেটের এই সিনেমার জন্য শুটিং শুরুর আগেই প্রাক্-প্রযোজনা এবং চরিত্রের লুক নির্ধারণে দীর্ঘ সময় নেওয়ার পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমির।
প্রকল্পটি চূড়ান্ত হলে সাজিদ নাদিয়াদওয়ালা এবং আর বাল্কির সঙ্গে এটি হবে আমির খানের প্রথম কাজ। যদিও সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, তবে এর আগে তারা কখনো একসঙ্গে কাজ করেননি।
অন্যদিকে, ‘চীনি কম’, ‘পা’, ‘কী অ্যান্ড কা’, ‘প্যাড ম্যান’ এবং ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর মতো ভিন্নধর্মী সিনেমা নির্মাণ করে আলাদা পরিচিতি তৈরি করেছেন আর বাল্কি।
তিন খান—শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে নিয়ে সিনেমা বানানোর প্রসঙ্গে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেছিলেন, "আমি যদি এখন তাদের নিয়ে সিনেমা বানানোর কথা ভাবি, তবে কাজ শুরু করতে করতে বুড়ো হয়ে যাব... তার চেয়ে বরং ব্যবহারিক হওয়া ভালো।"
এদিকে, আমির খানকে ঘিরে ‘রেস ৪’ নিয়েও আলোচনা চলছে। তবে সুপারহিরো সিনেমা এবং ‘রেস ৪’ দুটিই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। অভিনেতার পরবর্তী নিশ্চিত সিনেমা হিসেবে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক স্পোর্টস ড্রামা ‘ললকারা’। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির শুটিং ২০২৬ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল নিয়েও পরবর্তী সময়ে কাজ করার কথা রয়েছে আমিরের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের লক্ষ্যে এবং মাংস বিক্রিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানের ফলস্বরূপ দুই মাংস ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দুয়া পৌর প্রশাসক সানজিদা চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অনুযায়ী দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় সাউদপাড়া মোড়ের মাংস ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, কেন্দুয়া কাঁচাবাজারের আবুল হাশেমের মাংসের দোকানে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫ ও ৮ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্ধারিত অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, মৃত গরুর মাংস ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত আরাধন বেপারীকে অভিযানের সময় পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানায়, তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, "মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, স্থানীয় বাসিন্দা ও মাংস ক্রেতারা অভিযানে সন্তোষ প্রকাশ করে খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসন ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি শপথ গ্রহণ করার পর সংসদ সচিবালয় ওই আসনটি শূন্য ঘোষণা করে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) গত ১০ সেপ্টেম্বর এই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেও এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।
চাঁদপুরের কচুয়ায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনারে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হোসেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার।
এছাড়া কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, প্রতিবন্ধী শিশুরাও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ শিক্ষা, পরিচর্যা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাই তাদের প্রতি সহানুভূতির পাশাপাশি অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর সহযোগিতার প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখার সুযোগ তৈরি হচ্ছে। পরিবারের আর্থিক সংকট যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সেমিনারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, সামাজিক নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সহায়তা ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচির সুযোগ সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ