ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

চলচ্চিত্রের মাধ্যমে চীনের সংস্কৃতি তুলে ধরলেন অধ্যাপক তু ইং


চলচ্চিত্রের মাধ্যমে চীনের সংস্কৃতি তুলে ধরলেন অধ্যাপক তু ইং

চীনা সিনেমা শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম নয়, এটি চীনের সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক পরিবর্তনের প্রতিচ্ছবি। চীনের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির অধ্যাপক তু ইং মন্তব্য করেছেন যে, চলচ্চিত্রের মাধ্যমে চীনের ঐতিহ্য ও জীবনধারা অনেক বেশি গভীরভাবে তুলে ধরা হয়।

তিনি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) ‘রিড চায়না’ শীর্ষক একটি বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন।

অনুষ্ঠানটি বাংলাদেশে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) যৌথভাবে আয়োজন করে। এই অনুষ্ঠানে চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন: বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের নতুন অঙ্গীকার

আলোচনার সময় অধ্যাপক তু ইং বলেছেন, চীনা সিনেমায় চারটি বিষয় বিশেষ গুরুত্ব পায়। এগুলো হলো— খাদ্যসংস্কৃতি, পোশাক, ঐতিহ্যবাহী অপেরা এবং অ্যানিমেশন। এই উপাদানগুলো সিনেমার সৌন্দর্যকে বাড়ানোর পাশাপাশি গল্প ও চরিত্রকেও আরও অর্থবহ করে তোলে।

তিনি বিখ্যাত পরিচালক অ্যাং লির ‘ইট, ড্রিঙ্ক, ম্যান, ওম্যান’ সিনেমার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বলেন, এই সিনেমায় পারিবারিক নৈশভোজ কেবল একটি একসঙ্গে খাওয়ার বিষয় নয়; বরং এটি পরিবারের সদস্যদের সম্পর্ক, দায়িত্ব, ভালোবাসা ও প্রজন্মগত দূরত্বের প্রতীক হিসেবে প্রকাশ করেছে।

পোশাকের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক তু ইং পরিচালক ওং কার-ওয়াইয়ের ‘ইন দ্য মুড ফর লাভ’ চলচ্চিত্রের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, চলচ্চিত্রে ব্যবহৃত ঐতিহ্যবাহী ছিপাও পোশাক কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এটি চরিত্রের আবেগ, সংযম এবং সেসময়ের সামাজিক বাস্তবতাকেও প্রকাশ করেছে।

অধ্যাপক তু ইং আরো বলেন, চীনের ঐতিহ্যবাহী অপেরা মার্শাল আর্টভিত্তিক চলচ্চিত্রের ওপর গভীর প্রভাব ফেলেছে। কিং হু পরিচালিত ‘আ টাচ অব জেন’ চলচ্চিত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, অপেরার অভিনয়ভঙ্গি, শরীরের নড়াচড়া এবং দৃশ্য বিন্যাস চীনা মার্শাল আর্ট চলচ্চিত্রকে সারা বিশ্বে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা, ইমরান খানকে ক্ষমা প্রার্থনার নির্দেশ

তিনি বলেন, চীনা সিনেমা শুধুমাত্র ঐতিহ্যকে সংরক্ষণ করে না, বরং আধুনিক চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে জীবন্ত করে তুলে ধরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চট্টগ্রামে ভারতীয় শাড়িসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং একটি পিকআপসহ পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের নাম মো. আলমগীর হোসেন (৪২) এবং মো. সেলিম (৩৪)। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভারতীয় চোরাই কাপড়ের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় ১ হাজার ২৩৮ পিস শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিস পিকআপ থেকে জব্দ করা হয়। এসব কাপড়ের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা এবং এসময় পিকআপে থাকা দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, অভিযুক্তরা চোরাইপথে এসব ভারতীয় শাড়ি ও থ্রিপিস পাচার করছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় গ্রাহকদের মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, টোকেন আপডেট বিষয়ে যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইনে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে। খবর তথ্যবিবরণীর।

হটলাইনসমূহ হলো: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯; বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০; পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯; ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬; ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০; নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩; এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার-১৬১১৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীসেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে: মসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


যাত্রীসেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে: মসিক প্রশাসক

 নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

তিনি বলেন, নগরবাসী এবং দূরপাল্লার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালের অবৈধ উচ্ছেদ চলমান থাকবে। পাশাপাশি অবৈধ দখলমুক্তকরণের মাধ্যমে টার্মিনালটির প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আজ সোমবার দুপুরে নগরীর মাসকান্দা বাস টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে নগর প্রশাসক এসব কথা বলেন।

এ সময় তিনি টার্মিনাল এলাকার অবৈধ দোকান ও স্থাপনার মালিকদের দ্রুত সময়ের মধ্যে দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।

অন্যথায় যাত্রীসেবার মান নিশ্চিত করতে বাস টার্মিনালে অবৈধ স্থাপনা ও দোকানের বিরুদ্ধে অভিযান চলবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

অভিযানকালে তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে টার্মিনালকে আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নগর প্রশাসক যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালে একটি আধুনিক ওয়েটিং রুম এবং নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, জাকির হোসাইন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

বাংলাদেশে পাপেট শিল্পের পথিকৃৎ, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

তিনি আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স ৯০ বছর ছিল। তিনি স্ত্রী মেরী মনোয়ার, ছেলে সাদাত মনোয়ার, মেয়ে নন্দিনী মনোয়ারসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

শিল্পী মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বাসসকে জানান, হাসপাতালে যাবতীয় প্রস্তুতি শেষে সকাল ১০টার দিকে শিল্পীর মরদেহ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হয়। এরপর মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যানে তাঁকে ধানমন্ডির ১ নম্বর সড়কের নিজ বাড়িতে নেয়া হয়। আজ রাতে শিল্পীর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আগামীকাল ৩০ জুন সকালে ৯টায়, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মুস্তাফা মনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শহীদ মিনারে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ যোহর বনানী কবরস্থানে শিল্পী মুস্তাফা মনোয়ারকে দাফন করা হবে।

উল্লেখ্য, বরেণ্য এই শিল্পী নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শিল্পীর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

কলকাতা আর্ট কলেজে চারুকলা বিষয়ে পড়াশোনা শেষে দেশে ফিরে শিল্পী মুস্তাফা মনোয়ার শিক্ষকতা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হন। বাংলাদেশের পাপেট শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তিনি ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর কবি গোলাম মোস্তফা এবং জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।

মুস্তাফা মনোয়ার ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধকাল পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'-এর পরিকল্পনা ও নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%