ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ সফররত দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের সংবর্ধনা দিল পাকিস্তান হাইকমিশন


বাংলাদেশ সফররত দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের সংবর্ধনা দিল পাকিস্তান হাইকমিশন

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ সফররত পাকিস্তানের ১৭ সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বারিধারায় হাইকমিশনার ইমরান হায়দার নিজ বাসভবনে এই সংবর্ধনার ব্যবস্থা করেন।

বর্তমানে দলটি দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড ২০২৬-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফর করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানের ক্রিকেটারদের নিষ্ঠা, খেলাধুলায় নিবেদন এবং দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। তিনি এই সময় টুর্নামেন্টে পাকিস্তান দলের সাফল্য কামনা করেন।

আরও পড়ুন: আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য ও অধ্যবসায়ের প্রশংসা করে তিনি তাঁদের প্রতি শুভকামনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদীরা ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে: বিরোধী নেতা ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


ফ্যাসিবাদীরা ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে: বিরোধী নেতা ডা. শফিকুর রহমান

দেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা ও ফাটল সৃষ্টি হওয়ায় ফ্যাসিবাদীরা সেই সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সকলকে আবারও ঐক্যে ফিরে আসার আহ্বান জানান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উল্লেখ করেন, ‘এই সংসদ প্রত্যাশার একটি সংসদ। দুটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। একটি নির্বাচনের বাস্তবায়ন হয়েছে, আরেকটি হয়নি। আমরা মনে করি যে, সমস্যা এখন ফ্যাসিবাদীদের আস্ফালন, এটি হওয়ার একটি কারণ। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে তারা সুযোগ নিচ্ছে। আমরা তো সকলেই নির্বাচনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম, একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।’

বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, এটি অদল-বদলের বিষয়। আল্লাহ নিজেও বলেছেন যে, আমি মানুষের মধ্যে ক্ষমতাকে আবর্তিত করি। এটি আবর্তিত হয়। এই আবর্তনের বিষয়টি যদি আমরা মেনে নিই, তাহলে কোনো সংস্কার, কোনো সংশোধন— সেটা হোক জাতির জন্য, আমাদের কারো ব্যক্তিগত অথবা দলগত কোনো সুবিধার জন্য না হোক। আমরা প্রত্যাশা করব শহীদদের আমানত, যোদ্ধাদের আমানত, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা— এই সব কিছুর আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদটা মানুষের প্রত্যাশার আলোকে যেন বাস্তবায়ন হয়। যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী আমাদের ঐক্য ইনশাআল্লাহ ইস্পাত কঠিন হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘আমাদের ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এই ঐক্যের জায়গা যদি আমরা সঠিক করতে পারি— ফুসফাস, কাপুরুষতা, নাশকতা, অগ্নিসংযোগ এই সবকিছুকে মোকাবিলা করে ইনশাআল্লাহ জাতি তার প্রত্যাশার বন্দরে গিয়ে ভিড়বে। আমরা সেই জায়গাটা দেখতে চাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বারবারই বলে আসছি যে, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, এটি সন্ত্রাসবিরোধী সংসদ, এটি আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১৪০০ শহীদের তাজা রক্তের উপরে এবং সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি। সাড়ে ১৫ বছরের আগে হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে, কাস্টোডিয়াল টর্চারের শিকার হতে হয়েছে, আয়নাঘরের সঙ্গী হতে হয়েছে। অজানা লোকগুলো ওই অবস্থা থেকে এখনো ফিরে আসেননি। তার ক্ষতচিহ্ন নিয়ে আমরা এই সংসদে বসেছি।’

তিনি বলেন, ‘এমন একটি প্রেক্ষাপটে আজকের এই সংসদ। এই সংসদ অধিবেশন যখন চলছে, তখন বিগত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে আমরা ব্যাপক নাশকতা অতীত ও পলাতক ফ্যাসিস্টের দোসরদের পক্ষ থেকে প্রত্যক্ষ করছি। এই সংসদে আমরা আশা করেছিলাম, এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংসদের মাধ্যমে দেশ এবং জাতিকে অবহিত করা হবে যে, এই ব্যাপারে সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তার দৃশ্যমান অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী করবেন। কিন্তু সেই ব্যাপারে, যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, এটি জাতির সামনে— অন্তত আমার সামনে স্পষ্ট হয়নি। আমরা বুঝতে পারছি না যে আসলে আমাদের নীতি-কৌশল কী।’

প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান সফর করেছেন। এই সফরে এটি অন্তর্ভুক্ত ছিল কি না আলোচনায় এবং এরকম কোনো চুক্তি কোনো পর্যায়ে হয়েছে কি না, এটি আজকে আমি এখানে চাচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি, যদি হয়ে থাকে কিছু, তাহলে আগামী সংসদে সেটা যেন স্পষ্টভাবে আসে। এটা নিয়ে অনেক অস্পষ্টতা, মিডিয়ায় অনেক লেখালেখি। মিডিয়াকে আমরা পুরোপুরি ধারণ করতে পারি না। মিডিয়া কোনো অফিসিয়াল বক্তব্য দেয় না। মিডিয়া কেবল কিছু রেফারেন্স আর তার সঙ্গে তাদের কিছু স্টাডি, আন্দাজ-অনুমান— এই সবকিছু মিলিয়েই তারা রিপোর্ট করে। মাতারবাড়ী সংক্রান্ত কোনো চুক্তি যদি অতীতেও হয়ে থাকে, সেটাও জাতি জানে না।’

তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা প্রত্যাশা করব যে আগামী সংসদে এই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো তুলে আনা হোক। এখানে অর্থনৈতিক বিষয় রয়েছে, ফিজিবিলিটির প্রশ্ন আছে এবং আমাদের অভ্যন্তরীণ আঞ্চলিক নিরাপত্তার বিষয় আছে। এই সবগুলো বিবেচনা করে জাতির জন্য যা উপকারী, সেটা যেন এই সংসদ পারস্পরিক আলোচনার মাধ্যমে, খোলামেলা আলোচনার মাধ্যমে এই সংসদে একটা দিকনির্দেশনা বের হয়ে আসে, যা নিয়ে জাতি আশ্বস্ত হবে এবং আমরা ভবিষ্যতে আশা করব যে এই ধরনের যত চুক্তি হবে, সবগুলো সংসদে যেন পেশ করা হয়। এটা দ্বিপাক্ষিক হোক, বহুপাক্ষিক হোক। আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদের দেশ নিরাপত্তাও আমাদের। আমাদের নিরাপত্তা অন্য কেউ দেবে না, আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। আমাদের অর্থনীতিকে আমাদেরই এগিয়ে নিতে হবে। এজন্য এই সংসদের একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগামীতে যেন এই সংসদ এই সুযোগ পায়, এটিই হচ্ছে এই সংক্রান্ত আমার কথা।’

দ্রব্যমূল্যের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে দেশের দ্রব্যমূল্যের যে বিষয়টি আমরা যখন সবাই বিরোধী দলে ছিলাম, তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে আমরা দায়ী করতাম সিন্ডিকেশনের কারণে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় ক্রেতা পর্যায়ে এসে। কিন্তু যারা উৎপাদক, তারা তাদের দ্রব্যের ন্যায্য মূল্যটা পান না। দুই দিকেই সমস্যা। একদিকে যারা উৎপাদন করছেন, তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না; আরেক দিকে ভোক্তা পর্যায়ে যারা আছেন, তারা অসহনীয় দামে কিনতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক তুলনামূলকভাবে হয়তো দেখা যাবে যে অতীতের চাইতে দ্রব্যের মূল্য কিছু কমবেশি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু ওই পর্যায়ে এসেছিল কেন? ওটা তো সিন্ডিকেশনের কারণেই এসেছিল, ম্যানিপুলেশন করে এসেছিল। সেটা আমরা তাহলে ভাঙতে পারছি না কেন? এখনো সেই কালো ছায়া যদি থেকেই যায়, তাহলে গণতান্ত্রিক সরকার এবং সংসদের সেখানে অগ্রগতিটা কী, ভূমিকাটা কী? আমরা এই বিষয়ে সরকারকে আহ্বান জানাব যে যেখানে যেখানে সিন্ডিকেশন আছে, সবগুলোকে ভেঙে দেওয়া উচিত।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা শুধুমাত্র আমাদের আমদানি ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ সরবরাহ ক্ষেত্রে নয়, এমনকি রপ্তানি ক্ষেত্রেও এই ধরনের সিন্ডিকেশনের বহু কথা শোনা যায়। তো এমনিই আমাদের দেশ রপ্তানিতে খুবই লিমিটেড। অল্প কিছু আইটেম আমরা বিদেশে রপ্তানি করতে পারি। বাকি যেগুলো করি, সেগুলো উল্লেখযোগ্য কিছু নয়। এর মূল রপ্তানি খাত আবার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে— অভ্যন্তরীণ, আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে এখন ঝুঁকির মুখে।’

গার্মেন্টস শিল্পের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা দেখছি যে বর্তমান আন্দোলনে— যদি গার্মেন্টস সেক্টরে যারা আছেন, তাদের মজুরি এবং সুবিধার ব্যাপারটাই যদি আন্দোলনের বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? তাহলে সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে? তাহলে বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে? কেন আগুন দেওয়া হচ্ছে? এর পিছনে একেবারেই পরিষ্কার একটা তৃতীয় অপশক্তি পিছন থেকে আমাদের সমস্ত কিছুকে তছনছ করে দিতে চাচ্ছে। আমরা সরকারি দল থেকেও বলতেছি, বিরোধী দল থেকেও বলতেছি— আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে, এদেরকে চিহ্নিত করে পাকড়াও করা উচিত। আমরা এটা বিশ্বাস করি, কোনো শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না, আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার রিজিকের ঠিকানা। নিঃসন্দেহে এরা হচ্ছে দুষ্কৃতিকারী, যারা এগুলোতে উস্কানি দেয়। আমরা লক্ষ্য করেছি, এই আন্দোলনে ব্যাকপ্যাক নিয়ে চলে আসে মিছিলে। এরা কারা? এরা কি স্কুলে গেছে না কলেজে গেছে? না অফিসে গেছে? ব্যাকপ্যাক কেন? এটা থেকেই বোঝা যায় এরা কারা।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। এখানে সরকারি দল, বিরোধী দল কিছু নেই। এখানে দেশ আমাদের কাছে সাবজেক্ট। আমাদের ইন্ডাস্ট্রি আমাদের কাছে সাবজেক্ট। ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ। এই ল্যান্ড টেনে আমরা বড় করতে পারব না। আমরা ল্যান্ডে বহু সংখ্যক মানুষকে কর্মে নিয়োগ করতে পারব না, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু যদি ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে এবং এগিয়ে যায়, তাহলে বিপুল সম্ভাবনার এই দেশের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, সেটার বেনিফিট আমরা নিতে পারব। না হলে বেকারের মিছিল বাড়বে।’

তিনি বলেন, ‘আমাদের এই শিল্পগুলাকে টিকিয়ে রাখার জন্য বিগত সেশনে আহ্বান জানিয়েছিলাম যে অন্য ক্ষেত্র থেকে কাট করে হলেও শিল্পে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়। এটাকে বাঁচাতেই হবে। যেখানে বৈদেশিক মুদ্রার রপ্তানির আশীর্বাদ এই খাত থেকে আসে, এটার বড় ধরনের কোনো ক্ষতি হলে গোটা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এজন্য আমাদের কর্মচারীদের, শ্রমিকদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে, আবার আমাদের শিল্পকেও আমাদের বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘এই শিল্পে ৪০ লক্ষের মতো কাজ করেন এবং পরোক্ষভাবে আরো ৪০ লাখ লোক এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। ধরে নেব আমরা যে ৮০ লাখ ফ্যামিলি এই শিল্পের উপর নির্ভরশীল। যদি প্রতি পরিবারে আমরা চারজন করেও জনসংখ্যা ধরি, তাহলে ৩ কোটি ২০ লক্ষ মানুষ এর উপর নির্ভরশীল। এই যে শ্রমিক যারা আছে, তারা তাদের জীবন চালাবে কীভাবে? তাদের স্টার্টিং স্যালারি যেটা ধরা হয়েছে ১২,০০০ টাকা। একটা ঘরভাড়া নিতেও তো এই পয়সা চলে যাবে। তারপরে খাবার, তার বাচ্চাকাচ্চার লেখাপড়া, অসুস্থ হলে চিকিৎসা, অন্যান্য প্রয়োজন পূরণ কীভাবে করবে সে? কিন্তু শিল্প যদি না বাঁচে, মালিকরা যদি পর্যাপ্ত উৎপাদন করে লাভ না করতে পারেন, তাহলে তারা কোথা থেকে এটার যোগান দেবেন? এজন্য দুই দিকেই আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে।’

তিনি বলেন, ‘কী করা যায়? এর জন্য কিছু শর্ট-টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে, কিছু মিড-টার্ম নিতে হবে, কিছু লং-টার্ম নিতে হবে। কালকে আমাদের মাননীয় কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার বলেছেন যে মিনিমাম আরও তিন দশক এটার বেনিফিট আমরা নিতে পারি, এই সুযোগ আমাদের রয়েছে। এই সুযোগকে সামনে রেখেই আমাদের প্ল্যানে যাওয়া দরকার। প্ল্যানে গিয়ে সেটাকে ওইভাবে সাজানো উচিত। শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এতটুকু অন্তত হোক যে সাদামাটাভাবে তারা বেঁচে থাকতে পারবে। তাদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা আশ্বস্ত হতে চাই। কিন্তু এখানেই ঘোষণা দেওয়া অনেক জিনিস আবার বাস্তবায়িত হচ্ছে না। প্রথম সংসদে অনেক বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে, আজকে চতুর্থ সংসদ পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, অগ্রাধিকারের ভিত্তিতে এর বাস্তবায়নটা যেন নিশ্চিত হয়। যদি শ্রমিকরা দেখতে পায় দৃশ্যমানভাবে যে এই সমাজ তাদেরকে ধারণ করে, সম্মান করে, উপলব্ধি করে, তাদের সমস্যা সমাধানে অ্যাটেনশন দিতে রাজি— তাহলে শ্রমিকদের আস্থা বেড়ে যাবে, কাজের স্পৃহা বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, মালিকরা উপকৃত হবেন, দেশ উপকৃত হবে। তো এই ধরনের যে সমস্ত উদ্যোগ নেওয়া হবে, যেগুলো ঘোষণা দেওয়া হবে, সেটা যেন বাস্তবের মুখ দেখে এবং যথাসময়ে দেখে, সেটা আমরা আশা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদা না বাদামি চিনি: কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সাদা না বাদামি চিনি: কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?

সকালের চায়ে কিংবা বাসা-বাড়ির বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে মিষ্টিজাতীয় উপাদান ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম উপাদান হলো চিনি। চিনি ছাড়া কিছু কিছু কাজ যেন চলেই না। তবে স্বাস্থ্য সচেতন মানুষরা সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার বা লালচে কিংবা বাদামি চিনিকে অধিক স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু জানেন কি, রঙের পার্থক্য থাকলেও এর পুষ্টির পার্থক্য আশ্চর্যজনকভাবে কম।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিউট্রিশন কোচ নুপুর গুলাটি বাদামি ও সাদা চিনির মধ্যকার পার্থক্য তুলে ধরেছেন। তাহলে চিনি খাওয়ার আগে এই পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ জেনে নেয়া যাক।

বাদামি ও সাদা চিনি

এ নিউট্রিশন কোচের মতে, বাদামি ও সাদা উভয় চিনিই সুক্রোজ দ্বারা গঠিত, যা মূলত টেবিল চিনির বৈজ্ঞানিক নাম। হজমের সময় এটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে যায়। মূল পার্থক্য হলো বাদামি চিনিতে গুড় বা মোলাসেস থাকে, যা একটি গাঢ় শরবত এবং এটিকে তার বৈশিষ্ট্যপূর্ণ রং ও ক্যারামেল স্বাদ বাড়ায়।

নুপুর বলেন, যদিও গুড় অল্প পরিমাণে ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ যোগ করে, তবে সাধারণ পরিবেশনে এর পরিমাণ খুবই কম থাকে, যা থেকে উল্লেখযোগ্য কোনো স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় না।

বাদামি চিনি সাদা চিনির প্রায় একই পরিমাণ ক্যালোরি সরবরাহ করে। তবে পুষ্টির উল্লেখযোগ্য পার্থক্য করার জন্য এতে বেশ কম খনিজ থাকে। এরপরও এর স্বাস্থ্যকর ভাবমূর্তি অনেক সময় আমাদের বেশি পরিমাণে ব্যবহার করার মানসিকতা বাড়ায়। ফলে ধীরে ধীরে সামগ্রিক চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়াও একটি বিশ্বাস হলো, বাদামি চিনি সাদা চিনির তুলনায় রক্তে শর্করা বা ব্লাড সুগার কম বাড়ায়।

এ ব্যাপারে নুপুর বলেন, গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) হচ্ছে একটি খাবার কত দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। সাদা চিনির মাঝারি জিআই প্রায় ৬৫ এবং বাদামি চিনির সুগারেরও একই পরিমাণ জিআই। কারণ, তাদের গঠন প্রায় একই। বাদামি চিনির গাঢ় রঙ এটিকে সেরা পছন্দ করতে পারে না। তবে আপনি যে চিনিই গ্রহণ করেন না কেন, রঙের চেয়ে এর পরিমাণ বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ।

চিনির বিকল্প

চিনির রঙ নিয়ে কথা বলার সময় এর বিকল্পও দেখা প্রয়োজন। যেমন- গুড়, খাঁটি মধু, নারকেলের চিনি ও অ্যাগেভ। নিউট্রিশন কোচ নুপুরের মতে, এসব উপাদানকে প্রায়ই সাধারণ চিনির তুলনায় ভালো বিকল্প হিসেবে বলা হয়। এগুলোতেও অল্প পরিমাণে খনিজ বা উপকারী উদ্ভিদ যৌগ থাকতে পারে। তারপরও এসব সামগ্রিক চিনির গ্রহণে অবদান রেখে থাকে।

মধু ও নারকেলের চিনির জিআই মান সাধারণত ৫৪-৫৮ এর মধ্যে থাকে। বিপরীতে টেবিল চিনির আনুমানিক জিআই ৬৫। অন্যদিকে অ্যাগেভে বেশি ফ্রুক্টোজ থাকে, ফলে রক্তে শর্করার তাৎক্ষণিক বৃদ্ধি কম হতে পারে। কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাগেভ বা অন্যান্য বিকল্পগুলোকে স্বাস্থ্যকর করে তোলে না। মনে রাখতে হবে, কোনো কিছু প্রাকৃতিক হলেই তা বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার কী হবে?’ নাহিদার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


‘আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার কী হবে?’ নাহিদার আহ্বান

‘আমাদের বিয়ের বয়স মাত্র আট মাস। আমার স্বামী আমাকে রেখে চলে গেল। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। এখন আমার কী হবে? আমার অনাগত সন্তানকে নিয়ে আমি কীভাবে বাঁচব?’—এই কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন ফতুল্লায় নিহত গার্মেন্টসকর্মী আবির ইউসুফ মোল্লার (২৫) স্ত্রী নাহিদা ইয়াসমিন। তার চোখে এখন শুধুই অনাগত সন্তান এবং অনিশ্চিত ভবিষ্যতের ভয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে স্বামীর মৃত্যুর কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে প্রাণ হারান এই যুবক। কৌতূহলবশত করা একটি ভিডিওই কাল হয়ে দাঁড়াল তার জীবনে। নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।

নিহতের পরিবার ও মামা ওমর ফারুকের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে ইউসুফ কারখানা থেকে বেতন নিয়ে অন্য দিনের তুলনায় একটু আগেই বাসায় ফিরেছিলেন। শরীর ভালো লাগছে না জানিয়ে মানিব্যাগ বাসায় রেখে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে তিনি বাইরে বের হন। পথে দেলুর বাড়ির সামনে কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি। ঘটনাটি নিজের মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়।

একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মেরুদণ্ডের নিচের দিকে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে হামলার শিকার বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। পিবিআইয়ের তদন্তাধীন ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিনে বের হন জুয়েল আরমান। এরপর চা-দোকানে বসে থাকা মামলার বাদী দেলুর ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালান তিনি। এ নিয়ে দিনের বেলা দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ দেলুর বাড়িতে তাণ্ডব চালাতে আসেন। আর সেই তাণ্ডবের দৃশ্য ভিডিও করতে গিয়েই নৃশংস হামলার শিকার হন পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ।

সার্বিক বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার দুপুরে আদালতের সামনে মারামারির ঘটনাকে কেন্দ্র করে কৃষক দল নেতা জুয়েল আরমানের লোকজন দিলুর বাড়িঘর ভাঙচুর করতে যায়। এ সময় আবির ইউসুফ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল আরমানের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশের জন্য জোহানেসবার্গ টেস্টে বড় বিপদের মধ্যে রয়েছে, কারণ তারা প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাব দিতে গিয়ে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ১০০ রানে ৫ উইকেট হারিয়েছে। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ এখনও ৫৭ রানে পিছিয়ে রয়েছে এবং তাদের হাতে রয়েছে মাত্র পাঁচ উইকেট।

বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামার পর শুরুতেই ধাক্কা খায়। দলীয় ১১ রানের মধ্যে তানজিদ হাসান তামিম (৪) ও মুমিনুল হক (১) সাজঘরে ফিরে যান। তাদেরকে আউট করেন মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা।

এরপর নাজমুল হোসেন শান্ত (১১) ও মাহফিজুল ইসলাম রবিন (৩২) আউট হন। শান্ত রবিনের সঙ্গে ৩১ রানের জুটি গড়েছিলেন। পরে রাবাদা তাওহীদ হৃদয়কে (২৩) আউট করে বাংলাদেশের বিপদ আরও বাড়ান। দিন শেষে লিটন দাস ১২ রানে এবং মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৫৫৭ রানে থামে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%