সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৩৭ পি.এম
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যার ঘটনায় মূল হোতা সহ এজাহারনামীয় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১০ এর অধিনায়ক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হামলাকারীরা সবাই নেশাগ্রস্ত ছিলেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আপন এবং জিহাদ অত্যন্ত অপরাধপ্রবণ। তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড খুব খারাপ। তারা ওই অঞ্চলের কিশোর গ্যাং লিড করে এবং মাদকের সাথে জড়িত। হামলাকারীরা ‘সবাই নেশাগ্রস্ত’ ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
আজ সোমবার রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাব-১০ এর অধিনায়ক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘চার জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের প্রাথমিক সম্পৃক্ততা আমরা পেয়েছি। একই ঘটনায় র্যাব-৪ আরো চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।
ফলে, আমরা এজাহারনামীয় মোট ১৫ জনের মধ্যে র্যাব ৮ জনকে গ্রেপ্তার করেছে।’
ঘটনার বিবরণে র্যাব জানায়, শনিবার রাতে একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজের মালিককে মারধর করার সময় এসআই আলতাফ হোসেন প্রতিবাদ করেন। প্রাইভেটকারে থাকা ৫ জন গ্যারেজ মালিককে হামলা করলে এ ঘটনার সূত্রপাত ঘটে। ওই সময় গ্যারেজের মালিককে মারধরকারীদের সঙ্গে এসআই আলতাফ হোসেন ও তার ছেলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এসআই আলতাফ হোসেন পরিস্থিতি বেগতিক দেখে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এতে আসামিরা আরো বেপরোয়া হয়ে উঠলে প্রাণ বাঁচাতে আলতাফ হোসেন দৌঁড়ে তার ছেলের পোশাক কারখানার ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা সেখানেও চড়াও হয়।
র্যাব জানায়, এরপর তারা ১৫ থেকে ২০ জন সহযোগীকে ডেকে এনে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলকে বেধড়ক মারধর করে এবং কারখানার ভেতরে থাকা মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করে।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, আসলে পুলিশ কর্মকর্তা সেখানে কোনো টার্গেট ছিলেন না। কারণ আলতাফ হোসেন উনি এসবিতে চাকরি করেন বা করতেন এবং সিভিল পোশাকে ছিলেন। তিনি পুলিশ এবং একজন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করে মানবিকভাবে একজন বৃদ্ধ মানুষকে আঘাত করা থেকে প্রতিহত করার চেষ্টা করেন। এটি নিতান্তই বিচ্ছিন্ন একটি ঘটনা।
র্যাব কর্মকর্তা আরও বলেন, হামলাকারীদের বেশিরভাগই কিশোর গ্যাং সংশ্লিষ্ট এবং মাদক সংক্রান্ত বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। আলাউদ্দিন নিজে আলতাফের উপরে আঘাত করেছে। জিহাদ নিজে চাকু দিয়ে আঘাত করে জখম করেছে। আপন ওই গ্যাংয়ের মূল হোতা, তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। সে এসএস পাইপ দিয়ে আলতাফের মাথায় আঘাত করে। ইমরান গণপিটুনিতে অংশ নেয়।
এ সময় র্যাব কর্মকর্তা আসাদুজ্জামান ফৌজদারী কার্যবিধির ৫৯ ধারার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমলযোগ্য অপরাধ হলে শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও অপরাধীকে আটক করে পুলিশে সোপর্দ করতে পারে।’
এছাড়া, কোনো সমস্যা হলে নাগরিকদের এগিয়ে না এসে ছবি তোলা ও ভিডিও করার প্রবণতায় হতাশা ব্যক্ত করেন তিনি। তার মতে, এ ধরনের মানসিকতা মানুষের 'নৈতিক স্খলনের বহিঃপ্রকাশ'।
এদিকে এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যার ঘটনায় মূল হোতা সহ এজাহারনামীয় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানা থেকে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। সাভারের আমিনবাজার ও মুন্সীগঞ্জ সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মূলহোতা জহিরুল ইসলামকে ১০ দিনের এবং বাকি ৮ জনকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো- সাভারের আমিন বাজার এলাকার মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (২৬), সামসুলের ছেলে আপন (৩০), সামসুলের ছেলে জিহাদ (২০), মৃত নজরুলের ছেলে ইমরান (২৬), মৃত আব্দুল জলিলের ছেলে নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. বজলু শেখের ছেলে মো. রাকিব মিয়া (২৮), মৃত হালিম মিয়ার ছেলে ছাব্বির আহম্মেদ (২৪) এবং মো. জিন্নত আলীর ছেলে মো. ওয়াসিম (৪০)।
এদের মধ্যে একজনের বিরুদ্ধে সাভার থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : দক্ষিণ লেবাননের দেইর জাহরানি এলাকার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, যা ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর পূর্বে জারি করা হয়েছে।
এই নির্দেশটি সোমবার ভোরে প্রদান করা হয়।
সেনাবাহিনী জানায়, তাদের সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল।
তারা আরও জানায়, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
আরবি ভাষায় সেনাবাহিনী একটি বার্তায় সতর্ক করে বলেছে, তারা একটি ‘হিজবুল্লাহ সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালাবে। ওই এলাকায় যারা অবস্থান করবে, তারা ঝুঁকির মধ্যে পড়বে বলেও সতর্কতা প্রদান করা হয়েছে।
পরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেল জানায়, দেইর জাহরানিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
রোববার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলি হামলা বন্ধে সহায়তা করার জন্য ওয়াশিংটন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এটি প্রায় এক মাস পর লেবাননে প্রথমবারের মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
আরব সালিম এলাকায় হিজবুল্লাহর স্থাপনা হিসেবে চিহ্নিত একটি ভবনের আশপাশের বাসিন্দাদের হামলার পূর্বে সরে যেতে বলা হয়েছে।
হিজবুল্লাহ তার সমর্থক ইরানের পক্ষে ইসরাইলে হামলা চালানোর পর মার্চে লেবানন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।
এর প্রতিক্রিয়ায় ইসরাইল লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে।
বৈরুতের দাবি, ইসরাইলের হামলায় দেশটির ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, জার্মানি ‘আবার যুদ্ধ চায়’ বলে অভিযোগ করা হচ্ছে।
তিনি জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, জার্মান সরকার এই ঘটনার জন্য মস্কোকে দায়ী করে বলেছে, রাশিয়া ‘নিম্নপর্যায়ের এজেন্টদের’ মাধ্যমে পূর্ব জার্মানির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন ব্যবহার করে ‘হাইব্রিড হামলার’ চেষ্টা চালিয়েছে।
এই ঘটনার ফলস্বরূপ, চলতি সপ্তাহে মস্কো ও বার্লিন একে অপরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। একই সময়ে, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের তলব করেছে।
ল্যাভরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটি একটি সত্যিকারের যুদ্ধের শুরুর মতো। তারা বন শহর থেকে কনস্যুলেট জেনারেল বহিষ্কার করেছে। বার্লিনে রুশ হাউস (সাংস্কৃতিক কেন্দ্র) বন্ধ করে দিচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে কী হয়েছিল, তা আমার মনে আছে... তারা আবার যুদ্ধ চায়।’
ল্যাভরভ জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগও তুলেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্টি টিভি সাক্ষাৎকারটির একটি অংশ সম্প্রচার করেছে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জার্মানি ইউক্রেনের অন্যতম প্রধান মিত্র হিসেবে রয়েছে।
ল্যাভরভ, যিনি রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী, এমন সময়ে এসব মন্তব্য করেছেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, একই এলাকার বাসিন্দা কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে আব্দুল করিমের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়দের অভিযোগ, মুছাপুর ইউনিয়নের নির্জন এলাকা হিসেবে পরিচিত ‘ধাম’কে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ, আটকে রাখা, মারধর ও জিম্মি করে অর্থ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এলাকাটিতে কনস্টেবল জামালের মতো আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়ে জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট হাতে ধরিয়ে দেওয়া এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল করা হতো।
আব্দুল করিমের বিরুদ্ধে গত বছর পিডিবির সাবেক ঠিকাদার মিলাদুদ্দিন মুন্নাকে ‘ধাম’ এলাকা থেকে তুলে নিয়ে মারধর, টাকা দাবি এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তখন তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল বলে জানা গেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানিয়েছেন, কনস্টেবল জামালকে অপহরণের ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়জন শিক্ষক কর্মরত থাকলেও বিদ্যালয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র দুইজন শিক্ষক। একই সময়ে বিদ্যালয়ে উপস্থিত ছিল মাত্র আটজন শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ফলে অভিভাবকরা এসব শিক্ষা প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নিচ্ছে। স্কুলগুলি হয়ে পড়ছে শিক্ষাথীহীন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে অভিভাবকরা। ছয়জন শিক্ষক কর্মরত থাকলেও বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক উপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। উপস্থিত আটজন শিক্ষার্থীর পাঠদানে দুইজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে।
স্থানীয় অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান পরিচালনা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ