ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল


বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে এবং স্বজনদের উপস্থিতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি জানান ইসরাত পায়েল। ছবিতে লাল রঙের জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে।

পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনসঙ্গীকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা গেছে, তার স্বামী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।

বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা শুরু হলে কমেন্ট বক্সে বিষয়টি পরিষ্কার করেন পায়েল। তিনি জানান, তাদের বিয়ে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। ফলে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।

এদিকে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি ইসরাত পায়েলের ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।

পরবর্তীতে ছোটপর্দার অনুষ্ঠান উপস্থাপনা, বড় পরিসরের স্টেজ শো, মডেলিং এবং উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন ইসরাত পায়েল।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেই এবার ব্যক্তিজীবনে নতুন পথচলা শুরু করলেন এই তারকা। নতুন জীবনের সুখ, শান্তি ও স্থায়িত্বের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে কুড়িগ্রামেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, আমরা নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি ও নিজের দেশকে সুস্থ রাখতে সহযোগিতা করি। আমরা যদি সপ্তাহে একদিন নিজের থাকার জায়গা ও তার চারপাশ পরিষ্কার করি তাহলে দ্রুততার সঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো। যারা আবর্জনা তৈরি করবে, ময়লা ফেলবে আমরা তাদের নিরুৎসাহিত করি। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কীভাবে পরিবর্তন করতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল সহ একটি সুস্থ জাতি গঠন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান৷

এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি এর উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, সেনাবাহিনীর কুড়িগ্রাম সরকারী কলেজ বিএনসিসি ইউনিটের প্লাটুন কমান্ডার ফিরোজ আহমেদ সহ বিএনসিসি সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেয়া হয়।

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযান চলবে। প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এসময় সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ বাড়িঘর, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়া শনিবার (১২ আগস্ট) শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইনানুগ হেফাজতে থাকা ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।

আজ সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনিশিয়েটিভ’ প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আহমেদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও- ১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

ইসির তথ্যমতে, দেশের ভেতর ও বাইরের ভোটারদের মধ্যে প্রায় ৫ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট বিতরণ করা হবে।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। ৬ অক্টোবর ইসি সেই আপিলগুলোর নিষ্পত্তি করবে। প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।

ইসির তথ্যমতে, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
মোট ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন ভোটার ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনায় ৩ হাজার ১৫২ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন; যার মধ্যে রয়েছেন ১৮৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

"রাখিব চারিপাশ পরিস্কার"" করিব ডেঙ্গু মশক প্রতিকার" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার সকাল ৯ টায় বাকেরগঞ্জ পৌরসভা কক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক প্রতিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত সকলে ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সচেতনা বৃদ্ধিতে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনামুলক বক্তব্য শোনেন।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোটার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গনসচেতনা বাড়ানোর লক্ষে পৌর ভবনের সামনে থেকে একটি র‍্যালী বের হয়।

পরে সকলের অংশগ্রহনে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট, বাজার রোড ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ বছর বয়সি এক তরুণীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। খবর বিবিসির। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুয়াঁ শহরের দক্ষিণে ক্লেওঁ কমিউনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই প্রায় ১৪০ জন দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যকে উদ্ধারকাজে মোতায়েন করা হয়।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত জানান, ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। এটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক হতাহতের পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ জরুরি পরিকল্পনা চালু করে।    

দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, যাত্রীরা দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে বের হয়ে আসছেন। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটির তিনটি বগি উল্টে যায়।

এদিকে ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনা সংস্থা এসএনসিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ওই অঞ্চলের রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%