আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০২:৪৬ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে ক্রয় করা সাড়ে তিন শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন শিরিনা জেসমিন নামে এক নারী। জমিতে ছাপড়া ঘর নির্মাণ, পরিবারের সদস্যদের হুমকি এবং চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।
লিখিত বক্তব্যে শিরিনা জেসমিন জানান, তিনি মধুপুর উপজেলার টেংরী গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে। ২০১৩ সালে একই গ্রামের আজাহার আলীর কাছ থেকে তিনি সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। জমিটি টেংরী মৌজার আরএস খতিয়ান নম্বর ৪২ ও ৪৬৮, ডিপি নম্বর ১০৭, নামজারি খতিয়ান নম্বর ৪৩৩ এবং আরএস দাগ নম্বর ১৭৫-এর অন্তর্ভুক্ত ১৮ শতাংশ জমির অংশ বলে দাবি করেন তিনি। জমি কেনার পর যথাযথভাবে নামজারি সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন বলেও জানান।
তার অভিযোগ, বর্তমানে আলী আকবর, আজাহার আলীর মেয়ে কল্পনা, তার ছেলের স্ত্রী ফাতেমা বেগমসহ কয়েকজন ওই জমিতে জোরপূর্বক ছাপড়া ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছেন। নির্মিত ঘর সরিয়ে নিতে বললে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আলী আকবরের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শিরিনা জেসমিন আরও দাবি করেন, আলী আকবরের বক্তব্য অনুযায়ী, তার স্ত্রী সেলিনা আক্তার ২০২৬ সালে আজাহার আলীর ছেলে আনোয়ার হোসেনের কাছ থেকে প্রায় পৌনে তিন শতাংশ জমি কিনেছেন। অথচ তিনি ২০১৩ সালে জমির মূল মালিক আজাহার আলীর কাছ থেকেই জমিটি ক্রয় করেছেন। আজাহার আলী জীবিত থাকতেই তাকে জমি দলিল করে দিয়েছেন। এ অবস্থায় একই জমি পরবর্তী সময়ে অন্যের কাছে বিক্রির দাবি কীভাবে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, আলী আকবর ও তার লোকজন তাদের ক্রয়কৃত এবং দীর্ঘদিনের ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি এলাকায় সামাজিক বিরোধ ও অশান্তির সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিরিনা জেসমিন বলেন, তারা শান্তিপ্রিয় মানুষ। কোনো ধরনের সংঘাত চান না। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট দলিলপত্র, নামজারি ও ভূমি রেকর্ড যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করা, হুমকি ও হয়রানি বন্ধ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে এলাকার জুলহাস উদ্দিন, মোশাররফ হোসেন মুছা, রমজান আলী, মনোয়ার হোসেন, ডা. মজিবর রহমান, জাহাঙ্গীর হোসেন তাং, তাজেল, জোয়াদ আলী, কাজল ড্রাইভার ও জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত ব্যক্তিরা মধুপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা জমির বিরোধ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং লঙ্কাপতি রাবণের ভূমিকায় দক্ষিণি তারকা যশকে দেখা যাচ্ছে। তবে অভিনয়ের পাশাপাশি যশের রাবণ-রূপ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তাঁর পোশাক ও অলংকার তৈরিতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, তা সত্যিই বিস্ময়কর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পোশাক পরিকল্পক ও ডিজাইনার সানিয়া জানিয়েছেন, যশকে রাবণের চরিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এই ওজনের মধ্যে পোশাক, অলংকার এবং বিভিন্ন নকশার উপকরণ অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্যভাবে, রাবণের মুকুটের ওজন ছিল প্রায় ২ কেজি।
সানিয়ার মতে, যশের অধিকাংশ পোশাক ও অলংকারের সম্মিলিত ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে রাবণের বিশেষ সাজ, বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। এত ভারী পোশাক পরে দীর্ঘ সময় শুটিং করা যশের জন্য মোটেও সহজ ছিল না।
ডিজাইনারদের কাছে রাবণের মুকুট তৈরি করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাথায় সামান্য ওজনও দীর্ঘ সময় ধরে বহন করা কঠিন। তাই মুকুটের নকশা তৈরিতে থ্রিডি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত নকশা ঠিক করা হয়। ওজন কমানোর চেষ্টা করেও মুকুটটি ১ কেজি ৮০০ গ্রামের নিচে নামানো সম্ভব হয়নি।
ভারী পোশাকের কারণে শুটিংয়ের বিরতিতে যশকে পোশাকের কিছু অংশ খুলে রাখতে হতো। শুধু ওজন সামলানোই নয়, মুকুট পরে মাথা ঘোরানো কিংবা বুকের বর্ম ও কাঁধের ভারী কাঠামো নিয়ে স্বাভাবিকভাবে হাত নাড়াচাড়াও ছিল কঠিন। এত প্রতিকূলতার মধ্যেও সেটে হাসিখুশি থাকতেন অভিনেতা। একই দৃশ্যের জন্য একাধিকবার শট দেওয়ার সময়ও স্বাভাবিক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি ধরে রাখার চেষ্টা করেছেন তিনি।
এদিকে মুক্তির পর বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ‘রামায়ণ’। মুক্তির পাঁচ দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬৬৪ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪১৩ কোটি ৯০ লাখ রুপি। রণবীর ও যশ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাই পল্লবী, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়সহ অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইন সম্পর্কিত মামলার কারণে পৌর যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদার (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের ভিআইপি এলাকার ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সোহাগ তালুকদার মালিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. রুস্তম আলী তালুকদারের পুত্র।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নলছিটি থানা-পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। তিনি নলছিটি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া সোহাগ তালুকদারকে দুপুরের সময় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধের জন্য চিকিৎসা বা ওষুধের উপর নির্ভর না করে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মশার বংশবিস্তার রোধে শহরের সড়কে সাইকেল র্যালি এবং জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’- এই মূলমন্ত্রকে সামনে রেখে বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে সাইকেল র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে পৌর এলাকার নাথপট্টি লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, শুধুমাত্র সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সঠিক শিক্ষা, সুন্দর মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলির মাধ্যমে একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘আলোকিত শৈশব, সম্ভাবনাময় ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনাসভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (১০ নভেম্বর) চরফ্যাশনের ২ নং তেলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আয়েশা রিপা, মোহাম্মদ শামীম, রাকিবুল হাসান, ইকরাম, তুহিন, মোহাম্মদ আবির, মোহাম্মদ নিহাদ, মোহাম্মদ জিহাদ, ফারহানা, আতিক, রিয়াদ সহ অন্যান্য সদস্যরা।
আলোচনাসভায় প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস বলেন, একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শৈশব। এ সময়ে অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা, আচরণ এবং মূল্যবোধ তার ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখা উচিত নয়; তাদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম, সহমর্মিতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায়, কেউ গান, কবিতা, চিত্রাঙ্কন কিংবা সৃজনশীল কাজে পারদর্শী। শিশুদের এসব সুপ্ত প্রতিভা বিকাশের জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ, মেধা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে হবে।
আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক থেকে দূরে থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আয়েশা রিপা বলেন, ‘একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি তৈরি হয় আজকের শিশুর মধ্য দিয়ে। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আনন্দময় এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের স্বপ্ন দেখতে শেখাতে হবে, নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ দিতে হবে এবং তাদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করে শিক্ষকরা বলেন, সামাজিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষামূলক এবং সচেতনতামূলক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, শিশুদের পাশে থেকে তাদের শিক্ষা, সৃজনশীলতা এবং মানবিক বিকাশে ধারাবাহিকভাবে কাজ করা প্রয়োজন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। একই সঙ্গে নিজেদের জীবনের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, বসুন্ধরা শুভসংঘ সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক, শিক্ষামূলক এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের মেধা এবং মননের বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
আলোচনা সভাটি শিশুদের মধ্যে শিক্ষা, সচেতনতা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা সৃষ্টির মধ্য দিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ