০২:২৮ পি.এম
বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নিজের দক্ষতা প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালনায় অভিষেকের পরিকল্পনা তাঁর রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে রণবীর বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’
‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন রণবীর। সেখানে তিনি পরিচালনায় আগ্রহের কারণ এবং নিজের প্রথম সিনেমা নিয়ে ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
রণবীর জানান, তিনি কয়েক মাস আগে থেকেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে তিনি স্বীকার করেন যে, কাজটি সহজ নয়। তাঁর ভাষায়, ‘কয়েক মাস আগে আমি চিত্রনাট্য লেখা শুরু করেছি। সৃজনশীল কাজ তৈরি করা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি। লেখক ও নির্মাতাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়েছে।’
আরও পড়ুন: ডিজনি কিনল ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব, নতুন চিত্রনাট্যকার খুঁজছে
পরিচালনার প্রতি আগ্রহ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলেন, একজন পরিচালক একটি গল্পকে পর্দায় তুলে ধরতে অনেক মানুষের সঙ্গে কাজ করেন। পুরো গল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত যুক্ত থাকার মধ্যে আলাদা এক ধরনের সৃজনশীল আনন্দ রয়েছে। তিনি এই অভিজ্ঞতা অর্জন করতে চান।
প্রথম সিনেমার ধরন নিয়েও আলোচনা করেছেন তিনি। নির্দিষ্ট কোনো ঘরানার কথা এখনো ঠিক করেননি। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং নির্মাতা রাজকুমার হিরানির সিনেমার প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। তিনি এমন আবহের একটি আবেগঘন, ইতিবাচক পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেন রণবীর। তিনি জানান, বছরে সাধারণত ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন। ফলে চিত্রনাট্য লেখা ও পরিচালনার প্রস্তুতির জন্য সময় বের করতে পারেন। তবে আপাতত তিনি অভিনয়ের চলমান কাজগুলো শেষ করতে চান। ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’ সিনেমার কাজ শেষ করার পর পরিচালনায় মনোযোগ দিতে চান তিনি। নিজের প্রথম সিনেমার শুটিং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শুরু করার আশা করছেন।
রণবীরের পরিচালনায় আসার ইচ্ছার পেছনে রয়েছে পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যও। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চালে’ সিনেমা পরিচালনা করেছিলেন। তখন কিশোর বয়সী রণবীর বাবার সঙ্গে কাজেও যুক্ত ছিলেন। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।
আরও পড়ুন: মক্কা থেকে বিয়ের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা
এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সিনেমাটিতে সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’সহ আরো কয়েকটি সিনেমায় দেখা যাবে তাঁকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন