০৬:৩৭ পি.এম
অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে কিছু সাংবাদিক বিশেষ করে কিছু মোবাইল সাংবাদিক নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরণের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, আতিকুর রহমান রুমন সূচনা বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন শনিবার বেলা সাড়ে তিনটার দিকে করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৭/১৮ বছরের দুঃশাসনে আমাদের সংবাদপত্রের ওপর নানা হস্তক্ষেপ, বিভিন্ন কালো আইন আমরা দেখেছি। কিন্তু আমাদের বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকতে প্রয়োজন, আপনারা সাংবাদিকরা গত পাঁচ মাসে সেই স্বাধীনতা পেয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলছে। তথাপি কিছু দুঃখজনক সত্য, কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করছে। স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে।
আরও পড়ুন: ২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি, জানা গেল
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, যারা এসব অপসাংবাদিকতা করছেন, আমি আশা করি তারা এ ধরণের তৎপরতা থেকে বিরত থাকবেন।
সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে রুমন বলেন, এই আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে আমি সব সময় খোঁজ রাখছি। এ সময় আমি এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম উত্তরায় কয়জন ছাত্র অবস্থান নিয়েছে। সেই ছোট ভাই বললো, ১৫ জনের মতো। পরে ভিডিওতে দেখলাম ২৫ থেকে ৩০ জন। তখন ওই ছোট ভাই আইডি কার্ড দেখে জানিয়েছে প্রকৃত ছাত্র ১৫ জন, অন্যরা মোবাইল সাংবাদিক। এর মানে আপনারা বুঝতে পারেন, আন্দোলনকারীদের কিভাবে উস্কানো হয়েছে অপসাংবাদিকতার মাধ্যমে। আমি এ ঘটনার নিন্দা প্রকাশ করছি।
আতিকুর রহমান রুমন বলেন, আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশে যে পরিস্থিতি তৈরি করেছে, দেশকে ঋণে জর্জরিত করে রেখেছে, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে যে অকার্যকর করেছে, সেগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। সেখানে বর্তমান সরকারকে যদি পাঁচ মাস সময়ও না দেন, তাহলে কিভাবে হবে?
তিনি বলেন, আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই লোক। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব দিবস নানা আয়োজনে পালিত
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের নানা অর্জন ও কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন