০৫:০৭ পি.এম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি বিশালাকার মৃত বেলিন তিমি ভেসে এসেছে। এই দৈত্যাকৃতির মৃত প্রাণীটিকে এক নজর দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা সৈকতে ভিড় জমাচ্ছেন।
বুধবার (৩ জুন) সকাল ১১টার সময় ঝাউবন সৈকত সংলগ্ন গভীর সমুদ্র থেকে তিমিটিকে টেনে তীরে নিয়ে আসেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু।
উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, ‘সকালে সৈকতের তীরে একটি স্পিডবোট চালক মৃত তিমিটিকে দেখে আমাদের খবর দেন। পরে আমরা স্পিডবোট নিয়ে তিমিটিকে তীরে নিয়ে আসি এবং পরবর্তীতে বন বিভাগকে বিষয়টি জানাই।’
আরও পড়ুন: মিরপুরে পোশাকশ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পাঁচটি মামলা, আটক ২৯
তিনি আরো জানান, মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট এবং প্রস্থ ৫ ফুট। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে এটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা।
উপকূলীয় ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, তিমিটি দেখতে খুব বিশাল। এর আগে কুয়াকাটার সৈকতে ২০১৮ ও ২০২২ সালেও এমন মৃত তিমি ভেসে এসেছিল। বারবার সৈকতে ভেসে আসা মৃত তিমি, ডলফিন ও কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানান তিনি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা তিমিটির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি বেলিন তিমি প্রজাতির সদস্য; যারা সমুদ্রের ক্ষুদ্র প্ল্যাঙ্কটন ও অন্যান্য অণুজীব ছেঁকে খাদ্য গ্রহণ করে।’
তিনি আরো বলেন, ‘সমুদ্রের পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা, খাদ্যের অভাব, জাহাজের সঙ্গে সংঘর্ষ অথবা সমুদ্রস্রোতের কারণে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মাঝে মধ্যে উপকূলে ভেসে আসতে পারে। তবে তিমিটির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য একটি বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।’
আরও পড়ুন: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের ৩০ হাজার টাকার মজুরির দাবিতে বিক্ষোভ
এ ধরনের ঘটনা বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে। এই অধ্যাপক উল্লেখ করেন, তিমিটির নমুনা সংগ্রহ ও প্রজাতি শনাক্তকরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। মৃত তিমিটির যথাযথ সংরক্ষণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ গবেষণার জন্য কঙ্কাল সংরক্ষণ করা যেতে পারে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, তিনি খবরটি জানেন এবং মৃত তিমিটি কিনারে ভেসে আসার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন