০৫:০৮ পি.এম
চলতি বছরের মে মাসে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ০৭ শতাংশ কমে গেছে।
বুধবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মে মাসে দেশের রফতানি আয় কমেছে। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৭ শতাংশ। ২০২৫ সালের মে মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলার। আর চলতি বছরের মে মাসে রফতানি হয়েছে ৪৪০ কোটি ২৭ লাখ ডলারের পণ্য।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তৈরি পোশাক খাতের বিষয়ে বলা হয়েছে, মে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩৫৯ কোটি ৪১ লাখ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৯১ কোটি ৯০ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৯৬ কোটি ৯৩ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছরের তুলনায় ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। এছাড়া ১৬২ কোটি ৪৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
ইপিবির তথ্যানুযায়ী, মে মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় কমলেও হোম টেক্সটাইলের বেড়েছে। মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৮ কোটি ৭১ লাখ ডলারে দাঁড়িয়েছে।
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ১২ দশমিক ৭৩ শতাংশ। মে মাসে রফতানি হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২ দশমিক ১৯ শতাংশ কমে ৬ কোটি ৭১ লাখ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৮৬ লাখ ডলার।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়া সহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ৩৭৯ কোটি ৯২ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন