ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী


প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্রকে টেকসই করতে হলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না থাকলে গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত হয় এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট: সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

রুহুল কবির রিজভী বলেন, সরকারের নিজস্ব উদ্যোগ ও কার্যক্রমকে পাশ কাটিয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সরকারের প্রতিটি কাজের সমালোচনা করার অধিকার রয়েছে। তবে সেই সমালোচনা দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, ‘লং মার্চ’সহ নানা কর্মসূচির মাধ্যমে রাজপথ দখলে রাখার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিনের সংগ্রাম ও রক্তদানের ধারাবাহিকতায় যে অর্জন এসেছে, তার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরেও দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। ১৭ বছর ধরে চলা বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা তৈরি হয়েছে। সেখানে বিরোধী দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে। সরকারের প্রতিটি কাজের সমালোচনা করা হলে সরকার নিজেদের ভুল-ভ্রান্তি বুঝতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এটিই গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই সংকট তৈরি করেনি। বর্তমান সংকট মূলত বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে। বৈশ্বিক যুদ্ধের কারণে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব পড়ছে জ্বালানি সরবরাহের ওপর।

রুহুল কবির রিজভী বলেন, সরকার অতীতের ব্যর্থতার কথা বলে চুপ করে বসে নেই। বরং এ বিষয়ে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বাজেটের বাইরে বরাদ্দ করা হয়েছে, যাতে দ্রুত গ্যাস আনার ব্যবস্থা করা যায়। পাশাপাশি পার্শ্ববর্তী ও নিকটবর্তী দেশ মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেখানে সমস্যা দেখা দিয়েছে এবং তা মেরামত করতে সময় লাগছে। একদিকে বৈশ্বিক যুদ্ধ, অন্যদিকে দেশের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, গত ১৭ বছরে বিদ্যুৎ খাতে যে কর্মকাণ্ড হয়েছে, তার অনেক কিছুই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ দিতে না পারলেও কেন্দ্রগুলোকে ভাড়া দিতে হয়েছে। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ চলে গেছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সংরক্ষণে সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের যা করার তা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এর বাইরে জনগণকেও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন উপায় অনুসরণ করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

 

চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় মো. সোহাগ (২৪) নামের এক আন্ত জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার শাবল, পাশাপাশি একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সোহাগ ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। বর্তমানে তিনি পটিয়ার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার কবির সওদাগরের বাড়িতে বসবাস করছিলেন, এমন তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের সময় সোহাগকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করা হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন পৃথক একটি সিএনজিতে পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ বিষয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

তাঁর কাছ থেকে ডাকাতিতে ব্যবহারের জন্য রাখা রামদা, ছুরি ও লোহার সাবল উদ্ধার করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ

বাংলাদেশ এখন এমআরপি ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর দিকে এগোচ্ছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাসপোর্ট সেবাগ্রহীতাদের প্রায় ৯৯ শতাংশ বর্তমানে ই-পাসপোর্ট গ্রহণ করছেন।

 

সরকারের নির্দেশ অনুযায়ী, যেসব মিশনে ই-পাসপোর্ট সেবা সম্পূর্ণরূপে চালু হয়েছে, সেখানে এমআরপি ইস্যু বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সব মিশন থেকে এমআরপি সেবা গুটিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মিশনে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হয়েছে, সেখানে অবিলম্বে এমআরপি বন্ধ হবে। পাশাপাশি, প্রবাসীদের ই-পাসপোর্টের তথ্য সংশোধনে এনআইডি বা জন্মনিবন্ধন সনদ ব্যবহারের সুযোগ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসীদের দ্রুত পাসপোর্ট সেবা প্রদানের জন্য জরুরি ভিত্তিতে আরো আটটি মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের দিল্লি ও কলকাতা মিশনেও দ্রুত ই-পাসপোর্ট সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, নতুন করে এমআরপি ইস্যু করা সম্ভব নয়। তবে যাঁদের বৈধ এমআরপি রয়েছে, তাঁরা পরবর্তী সময়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে এনআইডির তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের সঙ্গতি থাকতে হবে।

ওই কর্মকর্তা বলেন, বিদেশে এমআরপি ব্যবহারের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা সহজতর করতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মিশনে কনস্যুলার সার্ভিস সেন্টার ও প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা প্রয়োজন। তাহলেই এমআরপি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।

গত ২৩ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে এমআরপি, ই-পাসপোর্ট ও নাগরিকসেবার মানোন্নয়ন নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের ৭১টি পাসপোর্ট অফিস ও বিদেশের ৭১টি মিশনে ই-পাসপোর্ট চালুর অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভা শেষে এমআরপি সুবিধা পুরোপুরি বন্ধের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ সাত হাজার একটি ই-পাসপোর্টের বিপরীতে মাত্র একটি এমআরপি ইস্যু হয়েছে। সেটিও বিদেশের একটি কনস্যুলেট থেকে। ফলে এমআরপির চাহিদা বর্তমানে প্রায় নেই বললেই চলে।

দেশে ২০২০ সালে ই-পাসপোর্ট চালু হলেও বিদেশে অবস্থানরত প্রবাসীদের একটি বড় অংশ এতদিন এমআরপির ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে অনেক প্রবাসীর এনআইডি না থাকা এবং জন্মনিবন্ধন ও এনআইডির তথ্যে অমিলের কারণে হঠাৎ এমআরপি বন্ধ হলে ভিসা ও আকামার বৈধতা নিয়ে জটিলতার আশঙ্কা ছিল। এ কারণে প্রবাসীদের সুবিধার্থে এতদিন এমআরপি সেবা চালু রাখা হয়েছিল।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা যাবে না : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা যাবে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না। তিনি জানান, করদাতাদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করে কর আরোপ বা রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হবে না।

সরকার করদাতাদের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু, কার্যকর ও ব্যবসাবান্ধব করব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে এনবিআর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে এক মাস পরপর দাখিলের ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, রাজস্বসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া, করদাতাদের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও বিভিন্ন ইস্যুর দ্রুত সমাধানের বিষয়েও আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘করদাতাদের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু ও কার্যকর করব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’ জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা তিন মাসের ভ্যাট রিটার্ন নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়ে জানতে চাইলে আমির খসরু বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, তাদের ব্যবসায়িক কার্যক্রম ও ব্যবসা পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হবে না। ব্যবসায়ীদের ওপর এমন কোনো কর বা রাজস্ব আদায় প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হবে না, যাতে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি অনেকাংশে ব্যবসায়ীদের দেওয়া করের ওপর নির্ভরশীল। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত পরিবেশে রাজস্ব আদায় করাই সরকারের উদ্দেশ্য।

এদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী সরাসরি কোনো উত্তর দেননি।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে অভিযুক্ত মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে অভিযুক্ত মনিরুলের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

 

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ওঠার পর মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামে মনিরুল হাওলাদারের বাড়িতে দেখা দিয়েছে নীরবতা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় মনিরুলের মা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুল হাওলাদার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের কনিষ্ঠ ছেলে। এলাকায় থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির ধুরাইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়দের দাবি। তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন বলেও জানান স্থানীয়রা।

প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে ২৮ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান মনিরুল। স্থানীয়দের ভাষ্য, বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের টাকাও এখনো পুরোপুরি পরিশোধ করতে পারেননি তিনি।

গ্রামে মনিরুলের পরিবারের বসবাস একটি জরাজীর্ণ দোচালা ঘরে। সেখানে তাঁর বৃদ্ধা মা আলেয়া বেগম ও বড় ভাইয়ের পরিবার থাকতেন। তাঁর তিন বোনের বিয়ে হয়ে গেছে। ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মা ও ভাইয়ের পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে জানান স্থানীয়রা।

মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, “এখনো বাড়িঘর করতে পারেনি। ঋণের বোঝা মাথার ওপর। টাকা-পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎভাই, আমাকে এক পয়সাও দেয় না। বিদেশে বসে এ দেশের মান-সম্মান নষ্ট করেছে। ওর বিচার হোক। আমরা ওর সঙ্গে নেই। ওর মা, বোন, ভাই—সবাই পালিয়েছে।”

এলাকাবাসীর কয়েকজন বলেন, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে ঘটনার পর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, “ঘটনাটি জানার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়িঘরে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও জানানো হয়েছে। তিনিও প্রয়োজনীয় সহযোগিতা করছেন।”

তবে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় মনিরুল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%