মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:০২ পি.এম
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ওঠার পর মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামে মনিরুল হাওলাদারের বাড়িতে দেখা দিয়েছে নীরবতা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় মনিরুলের মা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুল হাওলাদার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের কনিষ্ঠ ছেলে। এলাকায় থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির ধুরাইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়দের দাবি। তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন বলেও জানান স্থানীয়রা।
প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে ২৮ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান মনিরুল। স্থানীয়দের ভাষ্য, বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের টাকাও এখনো পুরোপুরি পরিশোধ করতে পারেননি তিনি।
গ্রামে মনিরুলের পরিবারের বসবাস একটি জরাজীর্ণ দোচালা ঘরে। সেখানে তাঁর বৃদ্ধা মা আলেয়া বেগম ও বড় ভাইয়ের পরিবার থাকতেন। তাঁর তিন বোনের বিয়ে হয়ে গেছে। ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মা ও ভাইয়ের পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে জানান স্থানীয়রা।
মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, “এখনো বাড়িঘর করতে পারেনি। ঋণের বোঝা মাথার ওপর। টাকা-পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎভাই, আমাকে এক পয়সাও দেয় না। বিদেশে বসে এ দেশের মান-সম্মান নষ্ট করেছে। ওর বিচার হোক। আমরা ওর সঙ্গে নেই। ওর মা, বোন, ভাই—সবাই পালিয়েছে।”
এলাকাবাসীর কয়েকজন বলেন, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে ঘটনার পর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, “ঘটনাটি জানার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়িঘরে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও জানানো হয়েছে। তিনিও প্রয়োজনীয় সহযোগিতা করছেন।”
তবে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় মনিরুল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Green Humanity-এর উদ্যোগে “Plant for the Future” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় নোয়াপাড়ার সাহেববাড়ি রোড থেকে খড়কি বাজার পর্যন্ত সরকারি রাস্তার পাশে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ এবং মাধবপুরের মানবিক ফাউন্ডেশন এর প্রধান সৈয়দ বোরহান উদ্দিন সহ এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং Green Humanity-এর সদস্যরা।
কর্মসূচির আওতায় রাস্তার পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হচ্ছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
Green Humanity-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে তারা কাজ করে যাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
“আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ রোপণ করছি”— এই প্রত্যয় নিয়েই Green Humanity তাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোরে বিজিবি এই অভিযান চালিয়ে ওই অবৈধ কসমেটিক পণ্য জব্দ করে। তবে, এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান শুরু করে। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। অভিযানের ফলস্বরূপ একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়।
তিনি আরও জানান, আটক পণ্য এবং অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মো. বশার খান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৩ টার সময় উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া বশার ওই গ্রামের মৃত কালু খানের পুত্র। পুলিশ মনে করছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে একটি পুলিশ দলের অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিজ ঘরের বারান্দা থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যালন দ’রের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকাটি মঙ্গলবার ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃক ঘোষণা করা হয়। তালিকায় স্থান পেয়েছেন ২০২৬ বিশ্বকাপে কেইপ ভার্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী ভজিনিয়া। প্রত্যাশিতভাবেই রয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী স্পেনের উনাই সিমনও।
ভজিনিয়া কেইপ ভার্ডের ইতিহাস গড়া বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিষেক ম্যাচে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে তার দল গোলশূন্য ড্র করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেইপ ভার্ড গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে প্রবেশ করে।
শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে তারা দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে। যদিও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।
ভজিনিয়া চারটি ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং স্পেনের বিপক্ষে সাতটি সেভ করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৩০ ম্যাচের ১৩টিতে গোল হজম করেননি এই গোলরক্ষক।
বিশ্বকাপজয়ী স্পেনের গোলবার সামলানো উনাই সিমনও এই পুরস্কারের অন্যতম দাবিদার। পুরো বিশ্বকাপে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। ক্লাব পর্যায়ে আথলেতিক বিলবাওয়ের হয়ে গত মৌসুমে ৬২ ম্যাচ খেলে ২২টিতে গোলবার অক্ষত রাখেন সিমন।
তালিকায় স্পেনের আরও দুই গোলরক্ষক রয়েছেন, তারা হলেন বার্সেলোনার জোয়ান গার্সিয়া ও আর্সেনালের দাভিদ রাইয়া। দুজনের কেউই বিশ্বকাপে খেলার সুযোগ পাননি, তবে ক্লাব ফুটবলে তারা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। গার্সিয়া বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে, রাইয়া আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা পালন করেছেন।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও ১০ জনের তালিকায় অন্তর্ভুক্ত আছেন।
বর্ষসেরা গোলরক্ষকের মনোনয়ন পাওয়া ১০ জন:
তিবো কোর্তোয়া,
জোয়ান গার্সিয়া,
গ্রেগর কোবেল,
এমিলিয়ানো মার্তিনেস,
এদুয়াঁ মঁদি,
দাভিদ রাইয়া,
ইয়াসিন বোনু,
মাতভেই সাফানভ,
উনাই সিমন
ও
ভজিনিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ