ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার


বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার

                            ২৪ ঘণ্টার অভিযানে ১৮৫ পিস ইয়াবা ও ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদকসহ আটক ৮ জন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আটজনকে আটক করা হয়েছে।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় চারজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জন এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ অভিযানে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে, মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে সংস্থাটি বলেছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত বরিশাল গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার (স্টাফ রিপোর্টার)

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন এসময় শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সরকার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল করা এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

 

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর,২০২৬) সকাল ১১ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব সামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মধ্যনগর থানা মসজিদের ইমাম হাফিজ মোঃ সাইকুল ইসলাম এবং
গীতা পাঠ করেন ঝলক তালুকদার। প্রধান অতিথি সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেবের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির আহবায়ক মোঃ আবে হায়াত বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এর প্রতিনিধি উৎপল সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা পরিচালক জিয়াউর রহমান মঙ্গল দ্বীপ কো-অপারেটিভ এর সভাপতি ইউস দাজেল।
মধ্যনগর গ্রাম উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিদ্যা মিয়া, এবং মধ্যনগর অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি বাবু গোপেশ তালুকদার,এ ছাড়া ও
আলোচনা সভার শেষে
সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়্ । সঞ্চয় ও ঋনদান ক্যাটাগরিতে মধ্যনগর উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক রুবেল রায় এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মংগলদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতি মহোদয় সমাপনী বক্তৃতায় বলেন আর্থ-সামাজিক উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও দারিদ্র নিরসনের জন্য আমাদের সবাইকে সমবায়ী হয়ে আদর্শ সমবায় সমিতি গঠন করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

"করবো সমবায়, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমেদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন এবং স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।

বক্তারা দেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় ভিত্তিক কার্যক্রমের মাধ্যমেই বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে মূল্যবৃদ্ধির চাপ: মূল্যস্ফীতি সত্ত্বেও পণ্যের দাম বাড়াতে হিমশিম খাচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


জাপানে মূল্যবৃদ্ধির চাপ: মূল্যস্ফীতি সত্ত্বেও পণ্যের দাম বাড়াতে হিমশিম খাচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : জাপানের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লো, যা ‘সাশ্রয়ী মূল্যের প্রতীক’ হিসেবে পরিচিত, গত মাসে তাদের সাধারণ মোজার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তবে ক্রেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়ায় প্রতিষ্ঠানটি দ্রুত আগের অবস্থানে ফিরে আসতে বাধ্য হয়।

এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

ইতালীয় ধাঁচের পারিবারিক রেস্তোরাঁ চেইন সাইজেরিয়া তাদের জনপ্রিয় খাবার ‘মিলানিজ ডোরিয়া’র দাম ২০ ইয়েন (প্রায় ১৩ সেন্ট) বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রায় ক্ষমা চাওয়ার সুরে বিবৃতি দেয়। প্রতিষ্ঠানটি একই সঙ্গে মূল্যবৃদ্ধির জন্য নিজেদের যথেষ্ট চেষ্টা না করার বিষয়টিও স্বীকার করে।

বিশ্বের অন্যতম পরিচিত পোশাক ব্র্যান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশ্য অস্বস্তি থেকে বোঝা যায়, মূল্যস্ফীতির কারণে উৎপাদন ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কতটা চাপের মধ্যে রয়েছে। কয়েক দশকের মূল্যহ্রাসের অভিজ্ঞতায় দেশটির ক্রেতাদের মধ্যে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে একধরনের অনীহা তৈরি হয়েছে।

গত মাসে জাপানের কেন্দ্রীয় ব্যাংক (ব্যাংক অব জাপান) ঘোষণা দেয়, দেশটির মূল্যস্ফীতির হার নির্ধারিত ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। এর আগে টানা ১৩ বছর দেশটিতে অত্যন্ত শিথিল মুদ্রানীতি অনুসরণ করা হয়েছে।

তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ২০১৩ সালে ঘোষিত অর্থনৈতিক পদক্ষেপ এবং পরবর্তী সরকারগুলোর অব্যাহত প্রচেষ্টার উদ্দেশ্য ছিল ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে চলতে থাকা দীর্ঘমেয়াদি মূল্যহ্রাসের প্রবণতা কাটিয়ে ওঠা।

তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানিসংকট তৈরি হওয়ার পর জাপানে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। জাপান আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কারণ দেশটির প্রাকৃতিক সম্পদ সীমিত।

পরবর্তী সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি কমে যায়। এর ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পায়।

- ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ-

বিশ্বের অধিকাংশ দেশের ব্যবসাপ্রতিষ্ঠান বাড়তি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম বাড়াতে পারলেও জাপানের প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। দেশটিতে পণ্যের দাম বাড়ানোকে অনেক ক্রেতা এখনো নেতিবাচকভাবে দেখছেন।

ক্রেতাদের অসন্তুষ্টির আশঙ্কায় বড় ও ছোট—সব ধরনের প্রতিষ্ঠানই প্রয়োজন অনুযায়ী পণ্যের দাম বাড়াতে দ্বিধায় রয়েছে।

বিশেষ করে গ্রামীণ এলাকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, এসব প্রতিষ্ঠানের ব্যবসা অনেকাংশে দীর্ঘদিনের নিয়মিত ক্রেতাদের ওপর নির্ভরশীল।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ওকায়ামা এলাকার ৬৮ বছর বয়সী রামেন দোকানের মালিক সাচি উৎপাদন ও পরিচালন ব্যয় ক্রমাগত বাড়লেও এখনো খাবারের দাম বাড়াননি।

সম্প্রতি টোকিও সফরকালে এএফপিকে তিনি বলেন, ‘হঠাৎ করে যদি ২০০ ইয়েন দাম বাড়ানোর ঘোষণা দিই, তাহলে বছরের পর বছর ধরে যাঁরা আমার দোকানকে সমর্থন দিয়ে আসছেন, তাদের কাছে নিজেকে অপরাধী মনে হবে। তাদের কাছে দুঃখিতও মনে হবে।’

তিনি বলেন, ‘তাই আমার চিন্তা হলো, আমি নিজেই কষ্ট করে পরিস্থিতি সামলে নেব। আমার ধারণা, বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক ক্ষুদ্র ব্যবসায়ীই এভাবে চিন্তা করেন।’

স্থানীয় গণমাধ্যমে সাশ্রয়ী মূল্যের ব্র্যান্ড হিসেবে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই ইউনিক্লো মোজার দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে।

অন্যদিকে, সাইজেরিয়া তাদের জনপ্রিয় ডোরিয়াসহ মেন্যুর প্রায় সব খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এমন একটি বিবৃতি দেয়, যাকে অনেকেই নিজেদের প্রতি অতিরিক্ত কঠোর সমালোচনা হিসেবে দেখেছেন।

এমনকি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে ভবিষ্যতে দাম আবার কমানোর সম্ভাব্য সব উপায় খুঁজে দেখার অঙ্গীকার করেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিস্মিত করে।

তবে প্রতিষ্ঠানটি অন্যান্য কিছু পণ্যের দাম অপরিবর্তিত রেখেছে। এর মধ্যে প্রতি গ্লাস মাত্র ১০০ ইয়েনের ওয়াইনও রয়েছে। এ বিষয়ে সাইজেরিয়ার জনসংযোগ বিভাগ এএফপিকে জানায়, ‘আমরা চাই মানুষ যেন সহজেই এটি উপভোগ করতে পারেন।’

‘অস্বাভাবিকভাবে বেড়েছে’

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জাপানের পরিবারগুলোর হাতে অন্যান্য পণ্য কেনা কিংবা রেস্তোরাঁয় খাওয়ার জন্য আগের তুলনায় কম অর্থ থাকছে। অন্যদিকে, এসব খাতের ব্যবসাপ্রতিষ্ঠানও শ্রমিকের মজুরি ও কাঁচামালের বাড়তি ব্যয়ের চাপে রয়েছে।

যদিও দেশটির শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানে প্রকৃত মজুরি টানা আট মাস ধরে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

টোকিওর এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী কাজুহিকো সাতো বলেন, ‘খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তাই এখন আমাকে বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আগের চেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে। কারণ, দেশে উৎপাদিত পণ্যের দাম আরও বেশি।’

তিনি বলেন, ‘এ কারণে বাইরে খাওয়াদাওয়াও কমিয়ে দিয়েছি।’

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত। দেশটিতে ঋণের সুদের হার ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সুতোমু ওয়াতানাবে বলেন, ‘মজুরি বৃদ্ধি এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। তাছাড়া এ সুবিধা সবাই পাচ্ছেন না।’

তিনি এএফপিকে বলেন, জি-৭-এর অন্যান্য দেশেও মূল্যস্ফীতির হার জাপানের সমান কিংবা তার চেয়ে বেশি। তবে সেসব দেশে মজুরি তুলনামূলকভাবে যথেষ্ট বেড়েছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা ও ব্যয় করার প্রবণতা তেমন দুর্বল হয়নি।

অর্থনীতিবিদের মতে, জাপানের সঙ্গে অন্য দেশগুলোর মূল পার্থক্য এখানেই। কয়েক দশকের মূল্যহ্রাসের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির অর্থনীতি।

তিনি বলেন, জাপানে পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে এখনো ক্রেতাদের মনোভাবই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় বিবেচ্য বিষয়।

ওয়াতানাবে মনে করেন, মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ার ফলে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতিকে স্বাভাবিক অর্থনৈতিক বাস্তবতা হিসেবে মেনে নিতে জাপানের ক্রেতাদের মানসিকতা পরিবর্তনে আরও তিন থেকে চার বছর সময় লাগতে পারে।

তিনি বলেন, ‘টানা ৩০ বছর মূল্যহ্রাসের পরিস্থিতিতে থাকার পর সম্পূর্ণ ভিন্ন একটি অর্থনৈতিক বাস্তবতায় অভ্যস্ত হতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%