ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে


বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ ব্যবস্থায় সৌরবিদ্যুতের মাধ্যমে সেচের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জনবল সংকট নিরসন, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেন জানান, বিএমডিএর জনবল সংকট নিরসনে ৬৫০ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এর ফলে মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বিএমডিএর সেচযন্ত্রগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা এবং নেট মিটারিং চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগের বিষয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
বিএমডিএর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানের ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে। এর মধ্যে ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের প্রয়োজন মেটানো হবে। এরপর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে একদিকে সেচের জন্য প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় জ্বালানি ব্যবস্থায় যুক্ত হবে।
এ ব্যবস্থায় কৃষকেরা দিনের আলোতেই প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দিতে পারবেন। ফলে রাতের বেলায় সেচ দেওয়ার ভোগান্তি, শ্রমিক সংকট ও বিদ্যুৎনির্ভরতা কমার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।
বিএমডিএর সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান বন্ধ হয়ে যাওয়া প্রায় ১ হাজার ১০০টি সেচযন্ত্র পুনরায় সচল করেছিলেন। তাঁর দক্ষ তদারকি ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের ফলে সে সময় সেচযন্ত্র পরিচালনায় উল্লেখযোগ্য অগ্রগতি আসে এবং কৃষকেরা উপকৃত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, বিএমডিএর কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানের অতীতের রাজনৈতিক প্রভাববলয় পুনঃপ্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা থেকে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের তৎপরতা প্রতিষ্ঠানের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।
সংশ্লিষ্টদের মতে, জনবল সংকট নিরসন, সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে বিএমডিএর কার্যক্রমে নতুন গতি আসবে। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের নেতৃত্বে পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রতিষ্ঠানটি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মগধরায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


মগধরায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ

দুর্নীতি, জন্মনিবন্ধনে টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ, ‘দফা এক, দাবি এক—আজম উদ্দিনের পদত্যাগ’

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আজম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, জন্মনিবন্ধন সেবায় অর্থ দাবি এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাঁর অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের নারী-পুরুষ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় শতাধিক মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে গেলে প্রশাসনিক কর্মকর্তা আজম উদ্দিনের কাছে হয়রানির শিকার হতে হয়। তাঁদের দাবি, জন্মনিবন্ধনের জন্য টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা কম দিতে চাইলে সেবাপ্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। নারী ও বয়স্ক ব্যক্তিদের সঙ্গেও তিনি অসম্মানজনক আচরণ করেন বলে অভিযোগ করেন তাঁরা।
প্রতিবাদকারীরা আরও অভিযোগ করেন, বাবার বয়সী একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদের ভাষ্য, সাধারণ মানুষ সরকারি সেবা নিতে ইউনিয়ন পরিষদে গিয়ে সম্মানজনক আচরণ পাওয়ার পরিবর্তে অপমান ও দুর্ব্যবহারের মুখোমুখি হচ্ছেন।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তাঁর দোসররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও আজম উদ্দিন আওয়ামী লীগ-ঘনিষ্ঠ সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে ওঠাবসা করেন বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় তাঁরা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মগধরার সাধারণ মানুষ আর তাঁকে ইউনিয়ন পরিষদে দেখতে চান না। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি ও বরখাস্ত করতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
প্রতিবাদ সভা থেকে অংশগ্রহণকারীরা এক দফা এক দাবি—‘আজম উদ্দিনের পদত্যাগ’ স্লোগান তুলে ধরেন। তাঁরা জানান, এ দাবিতে সংবাদ সম্মেলন করেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। আজম উদ্দিনের পদত্যাগের খবর পেলে মগধরার সাধারণ মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করবেন বলেও ঘোষণা দেন প্রতিবাদকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন হাসিনা?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


রিজভী: দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন হাসিনা?

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দেশের মাটিতে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের তাণ্ডবলীলা অব্যাহত রয়েছে। চারদিকে স্বজন হারানোর কান্না ও হাহাকার চলছে, যা আল্লাহ পাকের আরশকে কেঁপে তুলছে। তবুও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধনে আগুন সন্ত্রাসীদের কার্যক্রম থেমে নেই। কৃষক দল নেতা রাজু মোল্লার পরিবারের মতো আর কত পরিবারকে সান্ত্বনা দিতে হবে, তা কেউ বলতে পারে না।

বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশটি ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করুন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনগণ রুখে দাঁড়াবে। সরকারবিরোধী চেতনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক দোসররা? বাংলার মাটিতে নৈরাজ্যকারীদের ঠাঁই হবে না।’

রাজু মোল্লা হত্যার বিচার দাবি করে তিনি ফরিয়াদ জানান, হতভাগ্য পিতা যেন তাঁর ছেলের হত্যাকারীদের বিচার নিজের চোখে দেখে যেতে পারেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

উল্লেখ্য, লকডাউনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুর্বৃত্তায়নমূলক রাজনীতির শিকার হয়ে মঙ্গলবার রাতে হামলার পর গাড়িচাপা দিয়ে উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

কৃষক দলের এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই দিন ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পুলিশ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আটক করেছে।

এদিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি দৈনিক আমার দেশকে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি আরও জানান, থানায় অভিযোগ বা মামলা না হলেও কৃষক দল নেতার ময়নাতদন্তের পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সরেজমিনে নিহত রাজু মোল্লার গ্রামের বাড়ি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরায় গিয়ে দেখা যায়, রাজুকে হারানোর শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে তাঁর পরিবার।

রাজুর দুই অবুঝ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন স্বজনেরা। আত্মীয়স্বজন ও পরিজনদের মধ্যে চলছে শোকের মাতম।

সন্তান হারানোর বেদনায় রাজুর বাবা মুক্তার মোল্লা বারবার ঘরের মধ্যে মূর্ছা যাচ্ছেন। বৃদ্ধ মা ঘরের কোণে চুপচাপ বসে শুধু ‘রাজু, রাজু, রাজু’ বলে চিৎকার করছেন। তাঁর সন্তানকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি দাবি করে আহাজারি করছেন তিনি। গ্রামপ্রতিবেশীরা রাজুর বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সন্তান হারানোর বেদনায় তাঁদের কান্না থামছে না।

বাবাকে হারিয়ে রাজুর দুই সন্তান রোহান ও রাজিয়া মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে। সন্তানদের বুকে জড়িয়ে মা তাদের মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ চিন্তায় সবার সামনে বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকেন।

নিহত রাজুর বাবা আকতার মোল্লা বলেন, ‘আমার ছেলে রাজু বিএনপির রাজনীতি করে বলে শেখ হাসিনা ও নিক্সন চৌধুরীর লোকজন তাকে হত্যা করেছে।’ ভাঙ্গার সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিচার দাবি করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁর মতো আর কোনো বিএনপির সন্তান যেন আওয়ামী লীগের হাতে এভাবে খুন না হয়, সেই দাবিও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং রাস্তার পাশের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।

সহিংসতার একপর্যায়ে রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়। জীবনের ঝুঁকি এড়াতে রাজু দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা তাদের ব্যবহৃত সবুজ বাংলা লেগুনা দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৃষক দল নেতা রাজু মোল্লার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ঘটনার রাতের ভিডিও চিত্র রয়েছে। পুলিশ ভিডিও দেখে রাজু মোল্লার হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারবে। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজুর দুই অবুঝ সন্তানকে সহযোগিতা করার বিষয়েও আশ্বস্ত করেন।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, কৃষক দল নেতা রাজু মোল্লার মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার রাতে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%