ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা গাদি আইজেনকোট


ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা গাদি আইজেনকোট

ইসরাইলের আসন্ন নির্বাচন সংক্রান্ত আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। ৬৬ বছর বয়সী এই সাবেক জেনারেল বর্তমানে ‘ইয়াশার’ নামক একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গঠিত ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় তিনি ছিলেন। তবে গাজায় যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধ শেষ করার কৌশল নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের কারণে পরে মন্ত্রিসভা ত্যাগ করেন আইজেনকোট। বর্তমানে তিনি পেশাদার সরকার গঠন, সামরিক সেবা বাধ্যতামূলক করা এবং ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে কমিশন গঠনের পক্ষে কথা বলছেন।

সেনাবাহিনী থেকে রাজনীতিতে

গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৮ সালে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক কৌশল নিয়ে তার বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তিনি ‘দাহিয়েহ ডকট্রিন’ নামে পরিচিত একটি সামরিক নীতির কথা প্রকাশ্যে তুলে ধরেন। এই নীতিতে হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে ‘অনুপাতহীন শক্তি’ প্রয়োগ এবং বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করার ধারণা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

২০২২ সালে বেনি গান্টজের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি জোটের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন আইজেনকোট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন তিনি। কিন্তু যুদ্ধের লক্ষ্য ও তা শেষ করার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়।

২০২৪ সালের জুনে বেনি গান্টজের সঙ্গে তিনিও যুদ্ধকালীন মন্ত্রিসভা ছাড়েন। আইজেনকোটের অভিযোগ ছিল যে, যুদ্ধ শেষ করার বিষয়ে নেতানিয়াহু সরকারের কোনো সুস্পষ্ট কৌশল নেই।

ব্যক্তিগত ক্ষতি ও জনসমর্থনের প্রশ্ন

গাজায় যুদ্ধ চলাকালীন আইজেনকোটের পরিবারেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় যুদ্ধে তার ২৫ বছর বয়সী ছেলে গাল নিহত হন। একই মাসে তার এক ভাতিজাও নিহত হন। ২০২৪ সালের নভেম্বরে গাজায় অংশ নেওয়ার সময় আরেক ভাতিজার মৃত্যু ঘটে। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে ভোটারদের একাংশের কাছে আরো পরিচিত করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

নতুন দলের লক্ষ্য

যুদ্ধকালীন মন্ত্রিসভা ছাড়ার প্রায় এক বছর পর আইজেনকোট ‘ইয়াশার’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। তার ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে পেশাদার সরকার প্রতিষ্ঠা, অতি-ধর্মীয় ইহুদিদেরসহ সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করা এবং ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন।

পররাষ্ট্রনীতির অনেক বিষয়ে তার অবস্থান এখনো স্পষ্ট নয়। তবে যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরাইল সরকারের যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে, যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন না তুলে যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করার বিষয়টিও তার সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

নির্বাচনের পর সরকার গঠনের ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলোকে জোটে নেওয়ার সম্ভাবনাও নাকচ করেছেন আইজেনকোট। ফলে তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ জোটের প্রশ্ন ইসরাইলের নির্বাচনি আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, উত্তাল রেলস্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, উত্তাল রেলস্টেশন

কক্সবাজার-ঢাকা রেলপথ চালুর পর থেকে রেলে ভ্রমণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলেও, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কক্সবাজারের চকরিয়া ও আশপাশের অন্তত ৭টি উপজেলার কয়েক লাখ মানুষ। চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং স্থানীয় যাত্রীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার সকালে চকরিয়া রেলস্টেশন চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে উপস্থিত হাজারো মানুষ 'মহানগর এক্সপ্রেস' সহ সকল আন্তঃনগর ট্রেনের অবিলম্বে যাত্রাবিরতির জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মাতামুহুরী, মহেশখালী, পার্বত্য অঞ্চলের লামা ও আলীকদম উপজেলাসহ আশপাশের ৭টি উপজেলার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন শিক্ষা, জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজের জন্য ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। অথচ চকরিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে আন্তঃনগর ট্রেন না থামায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রেলে চড়তে মানুষকে এখন বাধ্য হয়ে ৬০ কিলোমিটার ঘুরে বিকল্প পথে কয়েক গুণ বেশি ভাড়া ও সময় ব্যয় করে দূরবর্তী কক্সবাজার রেলস্টেশনে যেতে হচ্ছে, যা রেলসেবার মূল উদ্দেশ্যকেই ব্যাহত করছে।

আন্দোলনকারীদের স্পষ্ট দাবি—অবিলম্বে চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে এবং সাত উপজেলার বিপুল জনসংখ্যার কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় আসন বরাদ্দ রাখতে হবে। এতে করে এই বিশাল জনগোষ্ঠীর যাতায়াত সাশ্রয়ী, সহজ ও নিরাপদ হবে।

মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউসুফ বদরী বলেন, "চকরিয়ায় 'মহানগর এক্সপ্রেস'-এর মতো গুরুত্বপূর্ণ ট্রেন না থামা মানেই পুরো অঞ্চলের লাখ লাখ মানুষকে আধুনিক রেলসেবা থেকে বঞ্চিত রাখা। আমরা জনস্বার্থে অনতিবিলম্বে এখানে যাত্রাবিরতি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।"

মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা মাতামুহুরী উপজেলা যুবদল নেতা মামুনুর রশীদ বলেন, "এটি কোনো রাজনৈতিক দাবি নয়, এটি পুরো চকরিয়াবাসীর অস্তিত্ব ও অধিকারের দাবি। চকরিয়ায় ট্রেন থামলে এ অঞ্চলের মানুষের যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত ইতিবাচক পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।"

এদিকে, মানববন্ধনের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার সকাল থেকেই চকরিয়া রেলস্টেশনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কক্সবাজার রেলওয়ে পুলিশের জিআরপি ক্যাম্পের ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ, চকরিয়া থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, "সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। তবে রেলওয়ের কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে।"

রেলস্টেশনের সার্বিক অবস্থা নিয়ে চকরিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ আবদুল মন্নান বলেন, "আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'মহানগর এক্সপ্রেস' ট্রেনটি চকরিয়া স্টেশন অতিক্রম করে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটি সড়কে খেজুরগাছের নতুন রূপ, পানি দিলে বাঁচবে চারাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


রাঙ্গামাটি সড়কে খেজুরগাছের নতুন রূপ, পানি দিলে বাঁচবে চারাগুলো

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান অংশে সড়ক-দ্বীপে রোপিত খেজুরগাছগুলো ডালপালা মেলে অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। স্থানীয়দের মতে, নিয়মিত পানি ছিটালে এসব চারাগাছের প্রাণ রক্ষা সম্ভব হবে। 'মানুষ যে' নামের একটি সংগঠনের তরুণরা নিজেদের উদ্যোগে বারবার পরিষ্কার করে চারাগুলোর পরিচর্যা করে আসছেন। গত ১৯ সেপ্টেম্বর জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় চারা পরিষ্কার করতে দেখা যায় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণকে।

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সিরঘাটা থেকে রাউজান মডেল মসজিদ পর্যন্ত চারাগাছগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করার কারণে সড়কের রূপ অনেকটাই বদলে গেছে। সংগঠনটির উদ্যোগে যুবকরা কিছুদিন পর পর যত্ন নেওয়ায় প্রায় মৃত অবস্থা থেকে চারাগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে।

গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র পরিষদের নবনির্বাচিত সচিব তরুণ আলেম শায়ের মাছুমুর রশিদ কাদেরী জানান, খেজুরগাছ অত্যন্ত উপকারী। এর পাতা দিয়ে টেকসই পাটি, হাতপাখা, ঝুড়ি, চালনি ও বিভিন্ন শৌখিন হস্তশিল্প তৈরি করা যায়। গ্রামীণ এলাকায় গরিব ও প্রান্তিক মানুষ ঘরের চাল বা ছাদ ঢাকতে এবং বেড়া তৈরিতে শুকানো খেজুর পাতা ও ডাল ব্যবহার করে থাকেন। তিনি আরও বলেন, ইসলামের ইতিহাসে প্রথম পবিত্র কোরআন শরিফের কিছু অংশ খেজুরগাছের পাতায় লেখা হয়েছিল। তা ছাড়া মানুষ মারা গেলে কবরের ওপর একটি ডাল দেওয়া রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাত। তাই অতি জরুরি এসব খেজুর চারা যারা রক্ষণাবেক্ষণ করবেন, তাঁরা সওয়াবের অংশীদার হবেন।

জানা গেছে, ২০২২ সালের এপ্রিলে চট্টগ্রাম-রাঙ্গামাটি নতুন চার লেন সড়কের রাউজান অংশে সড়ক-দ্বীপে রোপণ করা হয় বিদেশি জাতের ৬০০টি খেজুরগাছ। প্রথম পর্যায়ে পৌর এলাকার মুন্সিরঘাটা থেকে চারাবটতল এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে এসব চারা রোপণ করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে সড়কের পশ্চিম গহিরা এলাকায় আরও শতাধিক খেজুরগাছ রোপণ করা হয়। প্রথমে রাউজান পৌরসভা এসব গাছের পরিচর্যা, সার ও পানি দেওয়ার মাধ্যমে রক্ষণাবেক্ষণ করত। তবে ৫ আগস্টের পর থেকে পৌর কর্তৃপক্ষের এই কার্যক্রম একদম বন্ধ হয়ে যায়। ২০২৪ সালের অক্টোবর-নভেম্বরে পানির অভাবে অনেক গাছ শুকিয়ে মরেও গিয়েছিল।

বর্তমানে সড়ক-দ্বীপে মাত্র ২০ ইঞ্চি মাটির গভীরতা এবং নিচে ঢালাই থাকায় গাছের শিকড় পানিযুক্ত মাটিতে ঢুকতে পারছে না। চলতি মৌসুমে বৃষ্টি না থাকায় গাছগুলো চরম ঝুঁকিতে পড়েছে। তবে বিকল্প উপায়ে পানি দিলে গাছগুলোতে নতুন করে প্রাণ সঞ্চার হবে।

স্থানীয়রা জানান, আরবের দেশগুলোর মতো সড়ক-দ্বীপে খেজুরগাছ রোপণ করার বিষয়টি নিয়ে এলাকার মানুষ বেশ উচ্ছ্বসিত ছিলেন। ইতিমধ্যে কিছু গাছে অল্প অল্প ফলও এসেছে। তাই দেশের সম্পদ হিসেবে গাছগুলো বাঁচিয়ে রাখা দরকার।

'মানুষ যে' সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের সংগঠনের তরুণরা নিজ উদ্যোগে অনেকবার খেজুরগাছগুলো পরিষ্কার করেছেন। গত দুই বছর ধরে পরম যত্নে আমরা গাছগুলো বাঁচানোর চেষ্টা করছি। গাছগুলো সড়কের শোভা বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের সংগঠন এসব খেজুরগাছ রক্ষণাবেক্ষণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবের মেঘনায় নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, চরাঞ্চলে অভিযানহীন ইলিশের আড়ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


মতলবের মেঘনায় নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, চরাঞ্চলে অভিযানহীন ইলিশের আড়ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা কার্যকর থাকা সত্ত্বেও অসাধু জেলেরা তা মানছেন না। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে অবাধে মাছ ধরার ফলে ইলিশের নিরাপদ প্রজনন মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে।

সরকারি সময়সূচি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সকল ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই সময়ে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত সীমানায় জেলেদের নদীতে নামার উপর কঠোর নজরদারি রয়েছে।

কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, মেঘনা নদীতে অবলীলায় চলছে ইলিশ শিকার ও প্রকাশ্যে বেচাকেনা। মোহনপুরের কুমারখোলা, নয়াকান্দি বটতলা এবং একলাশপুর লঞ্চঘাট এলাকায় নিয়মিতভাবে ইলিশের হাট ও আড়ত বসছে। নদীর পূর্ব পাড়ের কিছু বাজারেও অবাধে ইলিশ বিক্রি হচ্ছে। অন্যদিকে, পশ্চিম পাড়ের চরউমেদ, বোরচর, চরকাশিম, বাহেরচর ও চরওয়েস্টারসহ দুর্গম চরাঞ্চলে ইলিশ শিকার ও আড়ত পরিচালনার একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনিক অভিযান কার্যত সীমিত।

উপজেলা মৎস্য অফিসের সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে মোট ৪০টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২ লাখ ৭০ হাজার মিটার জাল ও ৮টি নৌকা জব্দ করা হয়েছে। মোট ২৪টি মামলা এবং ৭টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৯ জনকে কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, নৌ পুলিশের নিয়মিত ৫৯টি মামলায় ৯১ জনকে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানিয়েছেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে নিয়মিতভাবে মাছ ধরতে নদীতে নামছেন। স্থানীয় নৌ পুলিশের সঙ্গে আর্থিক সমঝোতা বা 'রফাদফা' করেই তাঁরা ইলিশ শিকার করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে সাধারণ ক্রেতারা জানাচ্ছেন, নদীর পাড়ের কিছু গোপন স্থান ও গ্রামাঞ্চলে দেদারসে ইলিশ বিক্রি হচ্ছে। বিগত সময়ের তুলনায় বর্তমানে দাম কিছুটা কম হওয়ায় ক্রেতাদের কেনাকাটায় আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমীন বলেন, "অভিযোগ সত্য নয়। আমরা নদীতে প্রতিনিয়ত নিয়মিত অভিযান পরিচালনা করছি।"

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, "আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে দ্রুতগতির ট্রলার ও স্পিডবোটের সংকট থাকায় দূরবর্তী চরাঞ্চলগুলোতে অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও প্রশাসন নিয়মিত নদীতে টহল ও অভিযান পরিচালনা করছে। মা ইলিশ রক্ষায় এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

গত সোমবার ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "মা ইলিশ রক্ষায় আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করছি, আমি নিজেও সরজমিনে গিয়েছি।" নৌ পুলিশের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আমিও জেনেছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকদের অবহেলায় ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


চিকিৎসকদের অবহেলায় ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। এখানে একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।" তিনি আরও বলেন, "জেনারেল হাসপাতালের সেবার মান কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও কাজ করার চেষ্টা চলছে। তবে সেবার মানের দিক থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি মানুষের আস্থা রয়েছে।" তিনি উল্লেখ করেন, "ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি এখান থেকেও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে মানুষ মনে করে। এটি অবশ্যই ইতিবাচক।"

তিনি বলেন, "হাসপাতালের সেবার মান কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।" তিনি যোগ করেন, "সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব হবে। যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।"

এ সময় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি হাসপাতালের সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশও দেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান, ওয়ার্ডের পরিবেশ, খাবারের মান এবং চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, গেটের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, অবকাঠামোগত সমস্যার সমাধান, টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন। এছাড়া সভায় চিকিৎসক, সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%