ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ : প্রধানমন্ত্রী


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া পুনরায় শুরু করতে সরকার সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।’

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচার বন্ধের জন্য লিগ্যাল নোটিশ

আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ থাকা অবস্থার পর পুনরায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’

তিনি জানান, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন, সহযোগিতার নতুন দিগন্ত খুলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন, সহযোগিতার নতুন দিগন্ত খুলছে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও শ্রীলঙ্কা আজ একটি ‘যৌথ পরামর্শক কমিশন’ (Joint Consultative Commission for Comprehensive Cooperation) গঠনের বিষয়ে একমত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

কলম্বোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রীরা উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। এর ফলে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো।

এই কমিশন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়তা করবে। এটি বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ অনুসন্ধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিজেদের সরকারের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করে।

এছাড়া, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও তারা মতবিনিময় করেন।

মন্ত্রীরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে এর গুরুত্ব স্বীকার করেন।

তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের জন্য উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই বৈঠকটি হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের সময় অনুষ্ঠিত হয়, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে কথা বলার কারণে কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই সময় তিনি সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানকে একাধিকবার দাঁড়াতে দেখে তাকে বসার জন্য অনুরোধ করেন।

বুধবার অনুষ্ঠিত চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন কায়সার কামাল। রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মী পাঠানোর খরচ নিয়ে আগের একটি প্রশ্নের দিকে ফিরে যান। ওই সম্পূরক প্রশ্নটি করেছিলেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মীদের মোট খরচ ২ লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মী পাঠানোর খরচও একই সীমার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে কথা বলার সুযোগ চান। তিনি বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে শোনা যায়। সাধারণত সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করতে চাইলে হাত তুলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য, মে আই জাস্ট হাম্বলি রিকোয়েস্ট ইউ এগেইন প্লিজ টেক ইউর সিট।”

ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে কায়সার কামাল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরেন। সামনের তৃতীয় সারিতে বসা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘তো সেই জায়গায় আমার ফ্রন্টের থার্ড রো-তে যারা আসছেন দুই-তিনজন বসছেন আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে। প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স অ্যান্ড ইউরসেলফ অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ।’

এরপর ডেপুটি স্পিকার তৃতীয় তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচার বন্ধের জন্য লিগ্যাল নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচার বন্ধের জন্য লিগ্যাল নোটিশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারী, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও যাচাইবিহীন পদ্ধতিতে প্রচার ও প্রকাশ বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুর এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমের জন্য জনগণকে এসব ঘটনার বিষয়ে অবহিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কিছু ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ উপস্থাপনা এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক, উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিশেষত শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহণশ্রমিক এবং সাধারণ নাগরিকদের মধ্যে এ ধরনের সংবাদ উপস্থাপনার ফলে অযথা ভীতির সঞ্চার হতে পারে। যা স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

নোটিশে বলা হয়েছে, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির কার্যকলাপের সংবাদ প্রচার করা সমীচীন নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি অথবা যাচাইবিহীন হুমকির অপ্রয়োজনীয় বিস্তার ঘটে।

নোটিশে দাবি করা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান। ফলে প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ কিংবা জননিরাপত্তাসংক্রান্ত সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচার বন্ধ করা এই নোটিশের উদ্দেশ্য নয়। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী এবং সরাসরি সহিংসতায় উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই এই নোটিশের উদ্দেশ্য।

নোটিশে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ গণমাধ্যমে যাচাইবিহীন, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতিতে প্রচার ও প্রকাশ পরিহারের জন্য প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসমূহকে সহিংসতার সংবাদ প্রচারের পূর্বে তথ্যের যথাযথ যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে উপযুক্ত নির্দেশনা প্রদান করতে হবে।

সহিংস কর্মকাণ্ডের ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম এবং অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারের বিষয়ে প্রযোজ্য আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনা করতে হবে।

এই লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে উল্লিখিত বিষয়সমূহ আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে না জানালে, হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদে আরদা গুলেরের নতুন ছয় বছরের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


রিয়াল মাদ্রিদে আরদা গুলেরের নতুন ছয় বছরের চুক্তি

রিয়াল মাদ্রিদ তুরস্কের তরুণ উইঙ্গার আরদা গুলের-এর সঙ্গে একটি নতুন ছয় বছরের চুক্তি সম্পন্ন করেছে।

স্প্যানিশ ক্লাবটি বুধবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

নতুন চুক্তির আওতায়, ২১ বছর বয়সী এই ফুটবলার সান্তিয়াগো বার্নাব্যুতে ২০৩২ সাল পর্যন্ত থাকবেন। পূর্বে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত।

গত কয়েক মৌসুম ধরে ধীরে ধীরে দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন গুলের। চলতি মৌসুমেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ১৬ ম্যাচের মধ্যে ১৪টিতে তিনি অংশগ্রহণ করেছেন।

চলতি মৌসুমে ইতোমধ্যে গুলের চারটি গোল করেছেন এবং সাতটি গোলে সহায়তা করেছেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ক্লাবটি চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে গুলেরকে ধরে রেখে স্কোয়াডের শক্তি আরও সুসংহত করেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%