ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের কারাদণ্ড, ৩৯টি নৌকা জব্দ


কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের কারাদণ্ড, ৩৯টি নৌকা জব্দ

নেত্রকোনা, ২৮ আগস্ট, ২০২৬ : জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করায় এক যুবককে কারাদণ্ড এবং ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. নাজমুল মিয়াকে (২৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য রাখা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়। 

এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে নৌকাগুলো জনসম্মুখে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

স্থানীয়রা মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সাহিত্য উৎসবে ৩০০ কবির মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বগুড়ায় সাহিত্য উৎসবে ৩০০ কবির মিলনমেলা

বগুড়া, ২৮ আগস্ট, ২০২৬ : সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্বুদ্ধ করতে বগুড়ায় দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩০০ জন কবির অংশগ্রহণে বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।

বগুড়া সাহিত্য উৎসব এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। 

তিনি আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক সোহাগ সাদেক অনুষ্ঠানে যথাক্রমে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, কবি আড্ডা এবং 'তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা। 

এছাড়া অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।

উৎসবের সদস্য সচিব এইচ আলিম বাসসকে জানান, আমাদের এই সাহিত্য উৎসবের লক্ষ্য হচ্ছে যারা তরুণ রয়েছে, যারা নবাগত হিসেবে নতুন কবিতা লিখছে, তারা লেখার মধ্য দিয়ে সবখানে আলো ছড়িয়ে দেবে। এই মানবিক চেতনা ছড়িয়ে গেলে আমাদের বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের।

এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনজু খন্দকার, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন খান ও সমন্বয়ক কবি লিপি আক্তার।

প্রাচীন সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন নগরী বগুড়ায় আয়োজিত এই উৎসব তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মোহাম্মদপুরে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হামলার নেপথ্যে ছিল পরকীয়ার সম্পর্ক।

শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।

এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় ভুক্তভোগীর পরিবার মোহাম্মদপুর থানায় মামলা করে। পরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে হৃদয় এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী কিশোর গ্যাংয়ের কথিত নেতা ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁকে বিয়ে করেন। এর প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। পরে হৃদয় ও তাঁর সাবেক স্ত্রীর মধ্যে আবার গোপনে যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয় বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হুমকি দেন এবং তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করতে বলেন। তবে হৃদয় সেই সম্পর্ক চালিয়ে যান বলে পুলিশের দাবি। সম্প্রতি ছুটিতে দেশে ফিরলে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় কিশোর গ্যাংয়ের কথিত হোতা মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও ঘাড়কাটা সাইফুল। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আব্বাস-আলি নৈপুণ্যে প্রথম দিন পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


আব্বাস-আলি নৈপুণ্যে প্রথম দিন পাকিস্তানের

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : দুই পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলির বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে রেখেছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে প্রথম দিন ৫৬ ওভার খেলা হয়েছে। বল হাতে পাকিস্তানের আব্বাস ৪টি ও আলি ৩ উইকেট নেন।

লর্ডসে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আব্বাসের বোলিং তোপে ৩৬ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ১৭ ও এমিলো গে ৮ এবং অধিনায়ক জো রুট ৪ রান করে আব্বাসের শিকার হন।

চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকের সাথে ৪১ এবং পঞ্চম উইকেটে ড্যান লরেন্সকে নিয়ে ৪৩ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন তিন নম্বরে নামা জর্ডান কক্স। ব্রুক ১৫ রানে আলির শিকার হন। ব্যক্তিগত ১৭ রানে রান আউটের ফাঁদে পড়েন লরেন্স। এতে ১২০ রানে পঞ্চম উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ইংল্যান্ড।

ষষ্ঠ উইকেটে জেমি স্মিথকে নিয়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন কক্স। ৬৭ রান যোগ হওয়ার পর এই জুটি বিচ্ছিন্ন করেন পাকিস্তানের আরেক পেসার খুররাম শাহজাদ। ৭টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে থামেন কক্স।

দলীয় ১৮৭ রানে কক্স ফেরার পর গ্যাস অ্যাটকিনসনের সাথে ৩৫ রান যোগ করে ইংল্যান্ডের রান ২শ পার করেন স্মিথ। টেস্টে নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আলির বলে বোল্ড হন ১০ চারে ৬১ রান করা স্মিথ।

সপ্তম ব্যাটার হিসেবে দলীয় ২২২ রানে স্মিথ ফেরার পর আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ওলি রবিনসনকে শূন্যতে আলি এবং জোফরা আর্চারকে ১৪ রানে শিকার করেন আব্বাস।

দিন শেষে অ্যাটকিনসন ৩৪ ও জশ টাং ১ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের আব্বাস ৫৬ রানে ৪টি এবং আলি ৬৭ রানে ৩টি উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছবি ভার্শনে ও তার মা সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে মধ্যপ্রদেশের উজ্জয়ন-গারোথ চার লেন সড়কের রামখেড়ি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছবি ভার্শনের বয়স ছিল ২৩ বছর। দুর্ঘটনায় আহত অন্য তিন যাত্রী হলেন সুরজপাল, শচীন ও শ্যাম। তারা সবাই ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি এসইউভি গাড়ি সড়কে চলন্ত একটি ট্রাকের পেছনে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে এসইউভিটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা এক নারী ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়লে তাকে উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

আহতদের প্রথমে বারোদ এলাকার সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, এনএইচএআইয়ের একটি অ্যাম্বুলেন্সে করে ছবি ও তার মা সারিকার মরদেহ বারোদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনরা পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

দুর্ঘটনার খবর পেয়ে বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ছবি ভার্শনে একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল দুই লাখের বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%