ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী


বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় বিশ্বাসী। তিনি বলেন, "সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।"

আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হান্নান শাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই স্মরণসভায় রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ ভোটারদের দেখাতে হবে যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল এবং তারা ফ্যাসিবাদী আমলের মতো কোনো আচরণ করছে না।

আরও পড়ুন: এনসিপির ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ের নির্দেশনা

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দেশ থেকে টাকা লুট করা হয়েছে, মানুষের জায়গা দখল করা হয়েছে, এমনকি গোয়ালঘরের গরুও দখল করা হয়েছে। তিনি বলেন, "গোটা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটবে না, বরং শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে।"

তৃণমূল পর্যায়ের কর্মীদের সরকারের অংশ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রত্যেক কর্মীকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। তিনি বলেন, "কে কী পেল বা পেল না, তা নিয়ে মেতে না থেকে, পদ-পদবির দিকে না তাকিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।"

তিনি আরও বলেন, সারের ডিলার আর ঠিকাদারি পাওয়ার জন্য যদি এতদিনের সংগ্রামকে বিক্রি করে দিই, তাহলে আমরা কখনো বড় অর্জন করতে পারবো না।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নানাভাবে নাশকতা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তাই আমাদের ঘুমহীন প্রহরীর মতো থাকতে হবে।

আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা

তিনি বলেন, পূজা কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা রাখতে হবে এবং পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখতে হবে। এ সময় দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছাশ্রমে এ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রয়োজনীয় ডিজেল আমদানি করা যাচ্ছে না। তিনি বলেন, সামনে শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল অত্যন্ত জরুরি। সরকার এসব সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, চুলা জ্বলছিল না, মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, "আল্লাহর রহমতে রান্নাঘরের চুলা এখন আবার জ্বলতে শুরু করেছে।"

স্মরণসভায় আ স ম হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, হান্নান শাহ ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনের সময়সহ দেশের বিভিন্ন সংকটে তিনি দলের হাল ধরেছিলেন। কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি তার কর্তব্যনিষ্ঠা অটুট ছিল। বারবার কারাগারে যাওয়ার ফলে তার পরিবার আর্থিক সংকটে পড়লেও তিনি কখনো কর্তব্য থেকে বিচ্যুত হননি।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে নারীর চার টুকরো লাশ, স্বামী দুলাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


যাত্রাবাড়ীতে নারীর চার টুকরো লাশ, স্বামী দুলাল আটক

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে একটি বাসা থেকে পুলিশ শিরিন বেগম নামের এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী দুলালকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল মীরহাজীরবাগের ওই বাসায় গিয়ে শিরিনের শরীরের চারটি খণ্ড উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই তার স্বামী দুলালকে আটক করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এর পেছনে পরকীয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি ‘আমার দেশ’। দুলালকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পারিপার্শ্বিক অবস্থা যাচাইয়ের মাধ্যমে হত্যার কারণ ও ঘটনার সাথে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহত শিরিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তার এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে বসবাস করেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধন হবে জানালেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধন হবে জানালেন মন্ত্রী

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বিমানবন্দরটির উদ্বোধন হতে পারে।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সংক্রান্ত সভার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী উল্লেখ করেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে। বিমানবন্দরটির উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতেই হবে।

মিল্লাত বলেন, কোন কোন এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া, কোন কোন দেশ থেকে প্রথমে ফ্লাইট পরিচালনা করা হবে, তা নিয়েও আলোচনা চলছে। সভায় বিভিন্ন দেশের এয়ারলাইন্সের কান্ট্রি হেডরা উপস্থিত আছেন। তাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে গন্তব্য দেশগুলো নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, কোন কোন এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহী, তা নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক হচ্ছে। আলোচনা শেষে আগ্রহী এয়ারলাইন্স এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের প্রধান বিচারপতি কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ভারতের প্রধান বিচারপতি কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করার জন্য অক্ষমতা প্রকাশ করেছেন। বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ভোটার তালিকায় অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় স্মারকলিপি দেওয়ার পরিবর্তে আবেদন করার মাধ্যমে আদালতের দ্বারস্থ হতে হবে।

আজ সোমবার, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা করেছে বিরোধী দলগুলো। কংগ্রেসের রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন।

গতকাল রোববার বৈঠকের অনুরোধ জানিয়ে পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পেয়েছিলাম। কেন তাদের সঙ্গে দেখা করা সম্ভব হবে না, তা উল্লেখ করে গত রাতেই জবাব দিয়েছি।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা। যেকোনো সাধারণ নাগরিক বা নির্বাচিত প্রতিষ্ঠানের কোনো সদস্য আবেদন করলে তা গ্রহণ করা হবে। প্রত্যেক ভারতীয় নাগরিকের আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার রয়েছে। আমরা তাদের বক্তব্য শুনব এবং আইন অনুযায়ী যা প্রাপ্য, তা নিশ্চিত করব।’

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, বিরোধী নেতাদের ই-মেইলে পাঠানো জবাবে বৈঠকে অপারগতার কারণ ব্যাখ্যা করা হয়েছে। সূত্র অনুযায়ী, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং তার প্রতিনিধিদলের উত্থাপিত অভিযোগ প্রশাসনিক পথে স্মারকলিপি জমা দেওয়ার পরিবর্তে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করাই যথাযথ হবে বলে জবাবে উল্লেখ করা হয়েছে।

রাহুল গান্ধী এবং খাড়গে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাদের স্মারকলিপিতে ‘ভোট চুরি’ বন্ধ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং আবার কাগজের ব্যালটে ভোট চালুর দাবি জানানো হয়েছিল।

কংগ্রেস সোমবারের কর্মসূচির নাম দিয়েছে ‘চলো দিল্লি—গণতন্ত্রের জন্য পদযাত্রা’। দুপুর দেড়টায় দিল্লির কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থলে নেতাদের জড়ো হওয়ার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, দল, লিঙ্গ, জাতপাত, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ পেরিয়ে ভারতীয়রা এক হয়ে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করবেন।

রাহুলের অভিযোগ, গতকাল রোববার দিল্লিতে তরুণেরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন। তাদের মনে ভালোবাসা ছিল, ঘৃণা বা ক্ষোভ নয়। কিন্তু পুলিশ ও বিজেপির কর্মীদের হাতে তারা মারধরের শিকার হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা এমন ভারত চাই না।’ রাহুল আরো বলেন, তরুণ, সব বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন এবং ভারতের গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী ব্যক্তিরা এই পদযাত্রায় অংশ নেবেন।

এর আগে গত শুক্রবার ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলের নেতারা সংসদ ভবন থেকে বিজয় চৌক পর্যন্ত পদযাত্রা করেন। পরে তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি দেন।

রোববার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে খাড়গে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। শনিবারের বিক্ষোভে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ও বিক্ষোভকারীদের আটক করার ঘটনাকে তিনি তরুণদের আন্দোলন নিয়ে সরকারের ভীতির প্রকাশ বলে মন্তব্য করেন।

খাড়গে বলেন, ‘গতকাল প্রায় ৩২ হাজার পুলিশ সদস্য ও সাড়ে সাত হাজার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছিল। এতেই বোঝা যায়, তরুণদের আন্দোলন নিয়ে সরকার কতটা ভীত।’

তার অভিযোগ, এসব ঘটনা প্রমাণ করে, ভারতে গণতন্ত্রকে শান্তিপূর্ণভাবে চলতে দিতে চায় না সরকার। গণতন্ত্র ও জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় তাদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ

এর আগেও গত জুনে ‘ইন্ডিয়া’ জোটের পক্ষে রাহুল গান্ধী ও খাড়গে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে) ও আম আদমি পার্টিও স্বাক্ষর করেছিল।

চিঠিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছিল বিরোধী জোট। তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় কারসাজি করা হচ্ছে এবং একাধিক নির্বাচনের ফলাফল জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটায়নি।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা।

তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়া চলাকালে এবং ফলাফলের ক্ষেত্রে বিজেপিকে প্রকাশ্যে সমর্থন দেওয়া হয়েছে।

বিরোধী নেতাদের আরো অভিযোগ, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা যথেষ্ট ছিল না। যথাযথ নোটিশ ছাড়াই বিপুলসংখ্যক ভোটারের নাম ইচ্ছামতো বাদ দেওয়া হয়েছে। মৃত, স্থানান্তরিত ও একই ব্যক্তির একাধিক নাম বাদ দেওয়ার কথা বলে এই কার্যক্রম শুরু হলেও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল। অতীতে পরিচালিত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সঙ্গেও এর পদ্ধতির মিল ছিল না বলে চিঠিতে দাবি করা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে সম্প্রতি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধের কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি অন্তত ১৪ বার নথিভুক্তভাবে আপত্তি জানিয়েছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়েও তাদের আপত্তি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে গত সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোট যৌথ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে। এর মধ্যে সমাবেশ আয়োজন এবং ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার কর্মসূচিও রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


রাজশাহীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

রাজশাহীতে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলী খাতুন (৭০) ছিলেন ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে অবস্থান করছেন এবং অন্য ছেলে ঢাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বেলী খাতুনের স্বামী মারা যান। এরপর থেকে তিনি ওই বাড়ির দোতলায় একাই বসবাস করতেন। রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়া গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা মনে করেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু রোববার রাতে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এদিকে, ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তার হত্যাকাণ্ড ঘটতে পারে দুই থেকে তিন দিন আগে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। সেই সঙ্গে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%