ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাঁটুর চোটে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আইপিএল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল


হাঁটুর চোটে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আইপিএল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল

হাঁটুর চোটের কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের এই তারকা আগামী বছরের আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রধান লক্ষ্য এখন ২০২৭ সালের অ্যাশেজ ও ৫০ ওভারের বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফেরা।

বেথেল গত জুলাইয়ের পর থেকে হাঁটুর চোটের কারণে আর মাঠে নামতে পারেননি। প্রথমে ধারণা করা হয়েছিল, তাকে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে হাঁটুর কার্টিলেজে (তরুণাস্থি) সমস্যা শনাক্ত করেন। এই কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। চলতি মাসে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের সাদা বলের সফর দিয়ে মাঠে ফেরার পরিকল্পনা থাকলেও হাঁটুতে ব্যথা ও ফোলাভাব দেখা দেওয়ায় সেই প্রত্যাবর্তন পিছিয়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বেথেলকে আবারও অস্ত্রোপচার করাতে হবে। ফলে বড়দিনের সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না।

আরও পড়ুন: শিরোপা নেই, তবে ঐতিহাসিক জয়: জাপানের কোচ হিসেবে মরিয়াসুর মিশ্র অর্জন

বেথেলের অনুপস্থিতিতে সিরিজের শুরুতে এমিলিও গে ও বেন ডাকেটকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তিন নম্বরে নিজের জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে জর্ডান কক্সের।

এদিকে ক্রিকইনফো জানিয়েছে, আগামী বছরের আইপিএলেও খেলবেন না বেথেল। মঙ্গলবার ডেডলাইন ডে'তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাকে ছেড়ে দেওয়ার পর ডিসেম্বরের নিলামে নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সামনে অ্যাশেজ ও বিশ্বকাপসহ ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় পুরোপুরি সুস্থ হয়ে ফেরার দিকে মনোযোগ দিতে চান তিনি।

আইপিএলের গত দুই মৌসুম নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও বেথেলের পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া ইংল্যান্ডের ক্রিকেটে নিয়মিত আলোচনার বিষয় ছিল। ২০২৫ সালে প্রথম মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এর প্রভাব পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের টেস্টে তার অংশগ্রহণের ক্ষেত্রেও। চলতি বছর ভারতে আইপিএল খেলতে গিয়ে রানখরায় ভুগে দেশে ফিরেছিলেন তিনি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেতে সিরিজ জিতল ইংল্যান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেররিজম (এএমএল অ্যান্ড সিএফটি) বিভাগের উদ্যোগে শ্রীমঙ্গলে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক একটি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালাটি শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো (CAMLCO) মো. সিদ্দিকুর রহমান।

নিয়াজ মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, গ্রাহকের আস্থা অর্জন এবং দেশের আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে একটি পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠা করা আবশ্যক। তিনি বলেন, "এ জন্য সব কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।"

অনুষ্ঠানে ব্যাংকের উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ডিসিএএমএলসিও) ও এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান মো. লিমন সিকদারও উপস্থিত ছিলেন। তিনি কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন।

সিলেট অঞ্চলের ১২টি শাখার বিএএমএলসিও, শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিফুল রাজের জন্মদিনে নতুন সিনেমা ‘লিম্বো’র পোস্টার প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


শরিফুল রাজের জন্মদিনে নতুন সিনেমা ‘লিম্বো’র পোস্টার প্রকাশ

জন্মদিন উপলক্ষে নতুন সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছেন অভিনেতা শরিফুল রাজ। তিনি তানিম রহমান অংশুর পরিচালনায় ‘লিম্বো’ নামের একটি কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতের ‘লাপাতা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি রাজ এর বিষয়বস্তু নিয়েও কিছু আভাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘লিম্বো’ মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রার কাহিনী। এটি দর্শকদের জন্য এবং তাঁর নিজের জন্যও একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে যাচ্ছে।

অভিনেতা পোস্টে লেখেন, মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। এটি দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা, এবং আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।

রাজের জন্মদিন উপলক্ষে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নির্মাতা তানিম রহমান অংশুও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’

২০২৭ সালে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রেক্ষাগৃহে। নির্মাতা, অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারের সমন্বয়ে ‘লিম্বো’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে কল্পবিজ্ঞানধর্মী গল্পে শরিফুল রাজের উপস্থিতি তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করতে পারে।

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার ‘লিম্বো’তে মহাকাশভিত্তিক গল্পের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে দুই সপ্তাহে ১৩টি গরু চুরি, কৃষকেরা দিশেহারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


লাকসামে দুই সপ্তাহে ১৩টি গরু চুরি, কৃষকেরা দিশেহারা

কুমিল্লার লাকসামে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। এর ফলে ভুক্তভোগী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠা দিন কাটছে।

সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর গ্রামের কৃষক মো. ফজলুর রহমানের গোয়ালঘরের তালা ভেঙে দুর্বৃত্তরা চারটি গরু চুরি করে নিয়ে যায়। এই চারটি গরু ছিল তাঁর একমাত্র সম্বল। সব গরু হারিয়ে কৃষক পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। চুরি যাওয়া গরুর মধ্যে দুটি ষাঁড়, একটি গাভি ও একটি বাছুর রয়েছে। ফজলুর রহমান দাবি করেছেন, গরুগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

এর আগে, গত শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং এলাকা থেকে চারটি গরু চুরি হয়। সেগুলোর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এছাড়া সোমবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের মো. জামাল হোসেনের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের দুটি গরু নিয়ে যায় চোরের দল।

এক সপ্তাহ আগে গভীর রাতে উপজেলার কান্দিরপাড়ে বাদলদের দুটি এবং পাশের বাড়ির ওয়াসিমদের একটি গরু চুরি হয়।

পেয়ারাপুর গ্রামের ভুক্তভোগী কৃষক মো. ফজলুর রহমান জানান, তিনি লাকসাম রেলওয়ে জংশন বাজারে নৈশপ্রহরীর চাকরি করেন। ঘটনার রাতে বাজার পাহারা শেষে ভোরে বাড়ি ফিরে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন, তাঁর চারটি গরুর একটিও নেই। রাতের কোনো একসময় চোরের দল গরুগুলো নিয়ে গেছে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, গরুগুলো ছিল পরিবারের একমাত্র সম্বল ও মূল্যবান সম্পদ। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে ছিল এসব গরুর সঙ্গে। একসঙ্গে চারটি গরু হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফজলুর রহমান। তিনি চুরি যাওয়া গরুগুলো দ্রুত উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শ্রীয়াং ও পৌরসভার পেয়ারাপুরে গরু চুরির ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া অনেক ভুক্তভোগী এসব ঘটনায় থানায় অভিযোগ না করে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন।

তিনি জানান, পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তবে সম্প্রতি প্রত্যন্ত অঞ্চলে গরু চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় পুলিশের তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাপি ঋণ কমলেও ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


খেলাপি ঋণ কমলেও ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ

সেপ্টেম্বর মাসের শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরুদ্ধারে নীতি সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি, ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় করতে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, খেলাপি ঋণের পরিমাণ সেপ্টেম্বর শেষে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা হয়েছে, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত জুন মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। এই হিসাবে দেখা যাচ্ছে, তিন মাসের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে।

পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংক টাস্কফোর্স গঠন করেছে, ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওয়ান-টাইম এক্সিট সুবিধা চালু করেছে এবং ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে মামলা করার জন্যও নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতে তারল্য সংকটের একটি প্রধান কারণ। অনেক ব্যাংক শুধুমাত্র আমানতকারীদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা গ্রহণ করেছে।

অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, ইচ্ছাকৃত খেলাপি ও অর্থনৈতিক মন্দার শিকার ব্যবসায়ীদের এক পাল্লায় মাপা সম্ভব নয়। তাদের মতে, ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%