১১:৩৬ এম
কুমিল্লার লাকসামে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। এর ফলে ভুক্তভোগী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠা দিন কাটছে।
সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর গ্রামের কৃষক মো. ফজলুর রহমানের গোয়ালঘরের তালা ভেঙে দুর্বৃত্তরা চারটি গরু চুরি করে নিয়ে যায়। এই চারটি গরু ছিল তাঁর একমাত্র সম্বল। সব গরু হারিয়ে কৃষক পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। চুরি যাওয়া গরুর মধ্যে দুটি ষাঁড়, একটি গাভি ও একটি বাছুর রয়েছে। ফজলুর রহমান দাবি করেছেন, গরুগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এর আগে, গত শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং এলাকা থেকে চারটি গরু চুরি হয়। সেগুলোর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এছাড়া সোমবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের মো. জামাল হোসেনের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের দুটি গরু নিয়ে যায় চোরের দল।
আরও পড়ুন: পদত্যাগের গুজব ও এআই ছবি: বিভ্রান্তির নতুন কৌশল
এক সপ্তাহ আগে গভীর রাতে উপজেলার কান্দিরপাড়ে বাদলদের দুটি এবং পাশের বাড়ির ওয়াসিমদের একটি গরু চুরি হয়।
পেয়ারাপুর গ্রামের ভুক্তভোগী কৃষক মো. ফজলুর রহমান জানান, তিনি লাকসাম রেলওয়ে জংশন বাজারে নৈশপ্রহরীর চাকরি করেন। ঘটনার রাতে বাজার পাহারা শেষে ভোরে বাড়ি ফিরে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন, তাঁর চারটি গরুর একটিও নেই। রাতের কোনো একসময় চোরের দল গরুগুলো নিয়ে গেছে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, গরুগুলো ছিল পরিবারের একমাত্র সম্বল ও মূল্যবান সম্পদ। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে ছিল এসব গরুর সঙ্গে। একসঙ্গে চারটি গরু হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফজলুর রহমান। তিনি চুরি যাওয়া গরুগুলো দ্রুত উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শ্রীয়াং ও পৌরসভার পেয়ারাপুরে গরু চুরির ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া অনেক ভুক্তভোগী এসব ঘটনায় থানায় অভিযোগ না করে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন।
তিনি জানান, পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তবে সম্প্রতি প্রত্যন্ত অঞ্চলে গরু চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় পুলিশের তদন্ত ও অভিযান চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন