০৪:৩৮ পি.এম
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬৮ বছর বয়সি এই সংগঠক প্রয়োজনীয় পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর বুধবার তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ইতিহাস গড়েছেন, কারণ তিনি ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি।
ফিফার ৭৭তম কংগ্রেস আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে। সেখানে ভোটের মাধ্যমে বিশ্ব ফুটবলের নতুন সভাপতি নির্বাচিত হবে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের চার মাস আগে বুধবার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৫৯ মিনিটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়।
বর্তমান সভাপতি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাশিমা, যিনি ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করছেন, তার বিপক্ষে লড়াইয়ে নামছেন। তিনি জাপানের সাবেক জাতীয় দলের ফুটবলার এবং যুব দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন হুয়ান মাতা
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ নভেম্বর ফিফার কাছে চিঠি পাঠিয়ে তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো এবং বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাশিমা। তিনি পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন, যারা তার প্রার্থিতার জন্য প্রয়োজনীয় সমর্থন দিয়েছেন।
তাশিমা নিজের নির্বাচনী লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন, তিনি ফিফাকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সংস্থাটির ভূমিকা আরও শক্তিশালী করাও তার অন্যতম উদ্দেশ্য।
তাশিমার মতে, ফিফার নেতৃত্বে সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রয়োজন। এই দুটি বিষয় প্রতিষ্ঠিত হলে পরবর্তী সময়ে অন্যান্য নীতিগত উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।
আরও পড়ুন: জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৭ রানের লিড পেল দক্ষিণ আফ্রিকা
কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন, তা তিনি এখনই প্রকাশ করতে চাননি। বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তাশিমা জানান, পরবর্তী সময়ে সমর্থনকারী দেশগুলোর নাম জানাবেন।
তাশিমা ছাড়াও ফিফা সভাপতি পদের দৌড়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।
সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। যদিও শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি, তবে পরিকল্পনাটি যেভাবে পরিচালিত হয়েছিল, তা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন সুইস এই কর্মকর্তা।
নির্বাচনী লড়াইয়ে নিজের অবস্থান খুব একটা শক্তিশালী নয় বলেও স্বীকার করেছেন তাশিমা। তিনি ভোটারদের সমর্থন পেতে কৌশল নির্ধারণ, নির্বাচনী ইশতেহার তৈরি এবং নিজের পরিকল্পনা তুলে ধরার বিষয়ে সতর্কভাবে এগোতে চান।
আরও পড়ুন: উইকেটের পেছনে লিটনের নতুন রেকর্ড
অন্যদিকে, উয়েফার সমর্থন নিয়ে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ঐক্য গড়ে তুলতে তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি। তবে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ হয়েছে। ভবিষ্যতে দিয়ালোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহও রয়েছে তার।
তাশিমার প্রার্থিতা জাপান ও এশীয় ফুটবলে নতুন আলোচনা তৈরি করলেও আঞ্চলিক সংস্থা এএফসি ইতোমধ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেছে।
গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেন। এর আগে অবশ্য ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেছিলেন তিনি।
বুধবার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শেখ সালমান জানান, এএফসি আগেই তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে। এপ্রিলের ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা এবং অক্টোবরে টোকিও কংগ্রেস—দুই জায়গাতেই ইনফান্তিনোর প্রতি সমর্থনের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: বল বিকৃতির ঘটনা পুরো দলই জানত, দাবি ক্যামেরন ব্যানক্রফটের
নির্বাচনের আগে প্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাই করবে ফিফা। কংগ্রেসের অন্তত এক মাস আগে সদস্য দেশগুলোর কাছে চূড়ান্ত প্রার্থীদের তালিকা পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন